এ ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয়

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি ইজারা নেওয়া বিনিয়োগকারীদের কাছে এখন ইজারা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) চাইছে সরকার। ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভ্যাট আইনে জমির ইজারার ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। তবে বিনিয়োগকারীরা বলছেন, এটা ‘গাছে উঠিয়ে’ মই কেড়ে নেওয়ার মতো। ইজারার চুক্তির সময় ভ্যাটের কথা বলা হয়নি। এ নিয়ে প্রথম আলো মতামত নিয়েছে অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের। অনুলিখন করেছেন রাজীব আহমেদ। অনন্ত অ্যাপারেলস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৫০ একর জমি ইজারা নিয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফ জহির

আমরা জমি ইজারা নিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে যে চুক্তি সই করেছি, সেখানে ভ্যাটের কথা নেই। এখন সেই চুক্তি পরিবর্তন সম্ভব নয়। আমরা ব্যয় পর্যালোচনা করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মাঝপথে এসে জমি ইজারার ব্যয় ১৫ শতাংশ বেড়ে গেলে সেটা দেওয়া অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্য বিনিয়োগকারীরাও একই কথা বলছেন।

বিনিয়োগকারীরা কখনো অনিশ্চয়তা পছন্দ করেন না। এটা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। এখন ভ্যাটের চাপ এল, ভবিষ্যতে নতুন কোনো ক্ষেত্রে ব্যয় বাড়বে কি না, আমরা জানি না। এ ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আকার হবে ৩০ হাজার একর। এখন সেখানে একটি-দুটি করে কারখানা চালু করা জরুরি। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, উৎসাহিত হবে।
আমরা বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫০ একরের মতো জমি নিয়েছি। এ বছর ভূমি উন্নয়নের কাজ ধরতে চাচ্ছিলাম। সেটা সম্ভব হচ্ছে না করোনাভাইরাসের কারণে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছরের মার্চ মাসের দিকে ভূমি উন্নয়নের কাজ শুরু করা। এ কাজ করতে ৪০ থেকে ৫০ কোটি টাকা লাগবে। ২০২২ সালে আমরা বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা চালু করতে চাই।

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সরকারের একটি দারুণ কাজ। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা জমি নিয়ে খুব সমস্যায় ভোগেন। সরকার এখন নির্ধারিত মূল্যে জমি দিচ্ছে। আশ্বাস দিচ্ছে সব সেবা ও অবকাঠামো সুবিধা প্রদানের। এতে বিনিয়োগ উৎসাহিত হবে।
অতীতে জমি না পেয়ে স্যামসাং বাংলাদেশ ছেড়ে ভিয়েতনামে গেছে। সেখানে এক কারখানা থেকে ৬ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করছে। ২০১০ সালে আমরা ইউনিক্লোসহ কয়েকটি কোম্পানিকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলাম। জমির অভাবে পারিনি। তারাও ভিয়েতনামে গেছে।

আরও পড়ুন

দেশের সব কটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মিলে জমির পরিমাণ আড়াই হাজার একরের মতো। আর বছরে রপ্তানির পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার। এখন বঙ্গবন্ধু শিল্পনগরে যদি ৩০ হাজার একর জমি পাওয়া যায়, সেটা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। দরকার বিনিয়োগের পরিবেশ উন্নত করা। এক দরজা বা ওয়ানস্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) সত্যিকারভাবে কার্যকর করা।
যা হোক, ভ্যাটের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। আমরা খুবই আশাবাদী, সরকার এটি বিবেচনা করবে।