এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬-১৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সাময়িক হিসাব করে অবশ্য সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে।

গত বৃহস্পতিবার (ওয়াশিংটন সময়) বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা করে এই পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আর্টিকেল ফোর মিশনের আওতায় এই পর্যালোচনা করেছে আইএমএফ। আইএমএফ আরও বলেছে, গত অর্থবছরের তুলনায় গড় মূল্যস্ফীতি প্রায় ১ শতাংশ বেড়ে ৬ দশমিক ৮ শতাংশ হবে। এ ছাড়া আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএমএফ।

চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সম্পর্কে আইএমএফ বলেছে, ২০১৭-১৮ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি যাবে। বিশ্ব পণ্যবাজারে মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়ে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ হবে। তবে মুদ্রানীতি, ঋণ ব্যবস্থাপনা, বেসরকারি খাতে মজুরি বৃদ্ধির প্রবণতার পরও মূল্যস্ফীতি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণেই থাকবে। তবে আইএমএফ আরও বলেছে, ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। এ জন্য পুঁজিবাজারের সংস্কার দরকার। এর পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নতি করা প্রয়োজন। আইএমএফের মতে, ভালো প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়বে; তখন বিনিয়োগনির্ভর আমদানি বাড়বে। তা সত্ত্বেও দেশের চলতি হিসাবে সংযত ও নিয়ন্ত্রণযোগ্য ঘাটতি হবে।

আইএমএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ভ্যাট আইনটি কর প্রশাসনে উন্নতি আনবে। এতে রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজস্ব আদায় বাড়লে সরকার সরকারি বিনিয়োগের পাশাপাশি সামাজিক খাতে আগের চেয়ে আরও বেশি ব্যয় করতে পারবে।

নতুন ভ্যাট আইনটি ১ জুলাই থেকে কার্যকর করাকে স্বাগত জানিয়ে আইএমএফ বলেছে, অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব সংগ্রহকে সরকারের নীতিতে অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন ভ্যাট আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার যে অগ্রাধিকার দিয়েছে, আয়কর ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রেও এমন অগ্রাধিকার দেওয়া উচিত।

রাজস্ব প্রবৃদ্ধি এবং ব্যয়ের লক্ষ্যমাত্রার হিসাবে চলতি অর্থবছরের বাজেট অতিমাত্রায় উচ্চাভিলাষী বলে মনে করে আইএমএফ। আইএমএফ মনে করে, লক্ষ্যমাত্রার চেয়ে বাজেটের প্রকৃত বাস্তবায়ন কম হবে। বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় উন্নতি করে একটি বিশ্বাসযোগ্য বাজেট ব্যবস্থাপনা তৈরির সুযোগ আছে।

মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বিনিয়োগ চাঙা করার ওপর জোর দিয়েছে আইএমএফ। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে শক্তিশালী করার কথাও বলেছে আইএমএফ। তবে উচ্চ সুদে সঞ্চয়পত্র বিক্রি করে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার সমালোচনা করে আইএমএফ বলেছে, অপেক্ষাকৃত কম ব্যয়ের বিকল্প উৎস থেকে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে সরকার।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক

আইএমএফ বলছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়েছে। বড় ঋণগ্রহীতাদের খেলাপি হওয়ার ধারাবাহিকতায় এই খাতটি দুর্বল হয়েছে। আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণেই ঋণের অর্থ পুনরুদ্ধারে ব্যাংকের ক্ষমতাকে বিঘ্নিত করা হয়েছে, যা খেলাপি ঋণের পরিমাণ বাড়িয়েছে।

আইএমএফ আরও বলেছে, সরকারের পরোক্ষ গ্যারান্টির কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট হচ্ছে না। এভাবে ব্যাংক পরিচালনা এই খাতের ক্ষতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং আর্থিক খাতের আধুনিকায়ন বাধাগ্রস্ত করছে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে আইএমএফ।

সংস্থাটির তথ্যমতে, গত বছর শেষে সরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার কমে হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। ২০১৫ সালে যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ। গত বছর শেষে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে ২৫ দশমিক ১ শতাংশ। ২০১৫ সাল শেষে যা ছিল ২১ দশমিক ১ শতাংশ।

জানা গেছে, ২০১৬ সালেই রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকে সাড়ে ১১ হাজার কোটি টাকার ঋণখেলাপি হয়েছে। ২০১৬ সাল শেষে ব্যাংক চারটির পুঞ্জীভূত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১০ হাজার ২৪৭ কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ অগ্রণী ব্যাংকের ৬ হাজার ৮০৪ কোটি টাকা, জনতার ৫ হাজার ৯৩৫ কোটি টাকা ও রূপালী ব্যাংকের ৩ হাজার ৪৮৪ কোটি টাকা।