এ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নাও অর্জিত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’ এই আশঙ্কা প্রকাশ করেছে।
অর্থবছরের প্রথমার্ধের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে প্রতিষ্ঠানটি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই আশঙ্কা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছর সরকার প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৩ শতাংশ হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে উন্নয়ন অন্বেষণের মতে, এটি ৬ দশমিক ২৬ শতাংশ হতে পারে।
দেশে ‘করদাতা শনাক্তকরণ সংখ্যা’ (টিআইএন) অনুযায়ী করদাতার মাত্র ১৭ লাখ, যা মোট জনসংখ্যার মাত্র ১ দশমিক শূন্য ৯ শতাংশ। ২০১৪ সালের নভেম্বর মাসের তথ্যানুযায়ী, এই সংখ্যার মাত্র অর্ধেক করদাতা তাদের কর রিটার্ন জমা দিয়েছেন।
গবেষণা প্রতিষ্ঠানটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আশঙ্কাজনক বলে অভিহিত করেছে। বর্তমান অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৮০ হাজার ৩১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে প্রথম চার মাসে মাত্র ১৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
অর্থনীতিতে প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে, দেশের ব্যাংক খাতে বিচিত্র জটিলতা বিদ্যমান। তাই ঋণ ও আমানতের সুদহারে বড় পার্থক্য, তারল্যের আধিক্য, বেসরকারি খাতে ঋণ বিতরণের হ্রাসমান প্রবৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনার অকার্যকারিতা, ফাঁকি ও সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার কার্যকারিতার অভাব উল্লেখযোগ্য।
আবার রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্ট ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিবেশ শিল্পোৎপাদনকে তীব্রভাবে বাধাগ্রস্ত করছে। প্রতিষ্ঠানটির মতে,
২০১৪-১৫ অর্থবছর বর্তমান সরকারের প্রথম অর্থবছর যে সরকারে ১৫৪ জন সংসদ সদস্য ২০১৪-এর সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ফলে একধরনের রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান আছে।