এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে: আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি এ বছরে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগের পূর্বাভাস ছিল ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর বার্ষিক গড় প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ। আর আগামী বছর তা বেড়ে ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হবে। আর ২০১৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ।
আইএমএফ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতির প্রবৃদ্ধির কারণেই মূলত এ বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। বছরের শুরুতে আইএমএফ বলেছিল, এ বছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ। তবে গত জুনে তা কমিয়ে আড়াই শতাংশে নির্ধারণ করা হয়।
গ্রিসের চলমান সংকটকে প্রবৃদ্ধি কম হওয়ার আরেকটি বড় কারণ হিসেবে মনে করছে আইএমএফ। এ ছাড়া উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি চলতি বছর খুব বেশি বাড়বে না বলে মনে করছে এই সংস্থা।
তবে পুঁজিবাজারে ধসের পরেও চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে আইএমএফ। এ বছরের জন্য চীনের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। আইএমএফ বিশ্বের আরও দুই বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্সের প্রবৃদ্ধির পূর্বাভাসও একই রেখেছে। সংস্থাটি এ বছরে জার্মানি ও ফ্রান্সের প্রবৃদ্ধি ধরেছে যথাক্রমে ১ দশমিক ৬ শতাংশ ও ১ দশমিক ২ শতাংশ। সূত্র: বিবিসি ও আইএমএফ