এ সময়ের জন্য কিছু কর প্রস্তাব

করোনায় দিশেহারা বিশ্ব অর্থনীতি। কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠী। থেমে গেছে জীবনের গতি। এ রকম এক পরিস্থিতিতে সরকারকে জাতীয় বাজেট ২০২০-২১ দিতে হচ্ছে। অর্থনীতির বর্তমানের এই নাজুক অবস্থা থেকে উত্তরণে কর বিষয়ে কয়েকটি প্রস্তাবনা দেওয়া যেতে পারে।
১. করদাতাদের স্বস্তি দেওয়া: ২০২০-এর জুন থেকে অন্তত তিন বছর ভ্যাট ও কর নিয়ে ব্যবসায়ীদের সব ধরনের হয়রানি থেকে রেহাই দিতে হবে। নির্বিঘ্নে ব্যবসা পরিচালনায় কর আইন আরও সহজ করার কিছু প্রস্তাব:
ক. আপিল থেকে রেহাই। প্রথম কর নির্ধারণী আদেশ ও চূড়ান্ত নিষ্পত্তি—এই দুই হিসাবের পার্থক্য দেখলে দেখা যাবে, প্রথম আদেশে যে অতিরিক্ত কর চাহিদা দেওয়া হয়, চূড়ান্ত নিষ্পত্তিতে তার খুব সামান্যই আদায়যোগ্য বিবেচিত হয়। সুতরাং বিশেষ ক্ষেত্র ছাড়া আগামী তিন বছর করদাতাদের আপিলের হয়রানি থেকে রেহাই দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে পূর্ববর্তী বছরের চূড়ান্ত কর নির্ধারণী আদেশের আলোকে বর্তমান বছরের কর নির্ধারণ একটি ভিত্তি হতে পারে। এতে আপিল করার ক্ষেত্রে ১০ শতাংশ কর জমা দেওয়া থেকে সবাই অব্যাহতি পাবে।
খ. মোট মুনাফা অনুপাত বা জিপি রেশিও পূর্ববর্তী সময়ের তুলনায় অবশ্যই কম হবে, যা মেনে নিতে হবে। বর্তমান পরিস্থিতিকে আগের সময়ের সঙ্গে তুলনা করে জিপি রেশিও নির্ধারণ করলে করদাতা হয়রানির শিকার হবে।
গ. ৮২ সি (ন্যূনতম কর) আইন বাতিল। উৎসে কর্তন করা কর অথবা ন্যূনতম কর বা নিয়মিত ভিত্তিতে নির্ধারিত আয়ের ওপর প্রযোজ্য হারে গণনা করা কর—তিনের মধ্যে যেটি বেশি, সেটাই ন্যূনতম কর হিসাবে বিবেচিত হয়। এই আইন চালু থাকলে বহু কোম্পানি মূলধন হারিয়ে দেউলিয়া হয়ে যাবে।
ঘ. আয়ের উৎসে কর কর্তনের হার কমাতে হবে। বর্তমান অবস্থায় যেখানে ব্যবসা চলমান রাখা কঠিন, ব্যবসায় পর্যাপ্ত লাভ বা আদৌ লাভ হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। বর্তমান অবস্থায় উৎসে কর কাটার হার অবশ্যই কমাতে হবে এবং যেসব ক্ষেত্রে আগের হার ব্যবসার বাস্তব লাভের সঙ্গে মিল নেই, সেই হারও পুনর্নির্ধারণ করা উচিত।
ঙ. করদাতা ও কর কর্তৃপক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝি নিরসনে ‘করদাতার হিসাব প্রস্তুতকরণে’ আয়কর আইনে খরচের খাতওয়ারি শিডিউল সংযোজন হওয়া উচিত। আয়কর আইনে খরচের খাতগুলো স্পষ্ট নয় এবং খরচের নির্দিষ্ট খাতওয়ারি কোনো শিডিউল না থাকা ও হিসাব প্রস্তুত করার নির্দেশনা না থাকায় আয়কর কর্তৃপক্ষ অনেক সময় ৩০এএ ধারা নিজের মতো করে প্রয়োগ করে খরচ অনুমোদন করে না।
২. বৈদেশিক মুদ্রা আয়ে শিথিলতা আনা প্রয়োজন। যেমন: ক. কোনো ব্যবসাপ্রতিষ্ঠান যদি বিদেশ থেকে বৈধ পথে বৈদেশিক মুদ্রা ২০২০–এর ৩০ জুনের মধ্যে দেশে আনে, তবে কোনো প্রশ্ন ছাড়াই তা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে মূলধন বা ঋণ হিসাবে দেখানোর সুযোগ দেওয়া যেতে পারে। সে অর্থ যদি প্রতিষ্ঠানের মূলধন হিসাবে আনা হয়, তবে তার ওপর নগদ প্রণোদনা দেওয়া যেতে পারে। আর ঋণ হিসাবে আনা হলে ২০২৩–এর ৩০ জুনের পর সমপরিমাণ ঋণ বৈদেশিক মুদ্রায় ফেরত দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। যদি তিন বছরের মধ্যে এই ঋণ মূলধনে রূপান্তর করা হয়, তবে নগদ প্রণোদনার সুযোগ পাবে। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আনয়নকারীকে বর্তমান ও ভবিষ্যতে যেকোনো হয়রানি থেকে রেহাই দেওয়ার প্রয়োজনীয় আইনগত নিশ্চয়তা দিতে হবে।
খ. দেশের বাইরে থাকা ব্যক্তিদের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় সাময়িক ঋণ গ্রহণকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।
৩. অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর প্রদান সাপেক্ষে ওই অর্থ বৈধ আয়ের উৎস হিসাবে বিবেচনা করে তা ২০২২–এর ৩০ জুন পর্যন্ত পরিশোধের সুযোগ দেওয়া যেতে পারে।
৪. স্বীকৃত ভবিষ্যৎ তহবিল ও অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ডের অনুমোদন প্রাপ্তি সহজ করা।
কামরুল আবেদীন: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি