এক দিনেই পাল্টে গেছে ডলারের মূল্যবৃদ্ধির দৃশ্যপট। ডলারের মূল্য বাড়াতে যেসব ব্যাংক এগিয়ে ছিল, তারাই গতকাল এক দিনেই প্রতি ডলারের মূল্য ৩ টাকা পর্যন্ত কমিয়ে এনেছে। এই কমিয়ে আনাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখছেন না ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডলারের আন্তব্যাংক গড় দামও গতকাল ৮০ টাকা ১৩ পয়সায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, রমজান মাস সামনে রেখে দুই মাস ধরেই ডলারের দাম বাড়ছে। তবে চলতি মাসের শুরু থেকে আমদানি মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলো ডলারের দাম বেশি রাখতে শুরু করে। সবশেষ গত বুধবার কয়েকটি বেসরকারি ও বিদেশি ব্যাংক ডলারের দাম ৮৫ টাকা উঠিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়, ডলার ক্রয় ও বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য কোনোভাবেই ২ টাকার বেশি হতে পারবে না। পাশাপাশি শীর্ষ ১০টি ব্যাংককে প্রতিদিন ১০ পয়সা করে ডলারের মূল্য কমিয়ে আনতে বলা হয়। তাই গতকাল বৃহস্পতিবার ডলারের দাম কমিয়ে আনে ব্যাংকগুলো।
গত বুধবার পেট্রোলিয়াম করপোরেশন ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির আমদানি বিল পরিশোধের জন্য ১ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কেনে ১ কোটি ২০ লাখ ও বেসিক ব্যাংক কেনে ৪০ লাখ ডলার।
ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে, গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার আমদানি বিল পরিশোধে ছয়টি ব্যাংকের দামের পার্থক্য সবচেয়ে বেশি ছিল। এর মধ্যে এবি ও আইএফআইসি ব্যাংকের দামের পার্থক্য ২ টাকা ২৩ পয়সা, ব্র্যাক ব্যাংকের ২ টাকা ৩৫ পয়সা, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ২ টাকা ৬০ পয়সা, এইচএসবিসির ৩ টাকা ২০ পয়সা, সিটি এনএর ২ টাকা ৬০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েকটি ব্যাংক এক দিনের মধ্যে ডলারের দাম ২-৩ টাকা কমিয়ে এনেছে, এটা স্বাভাবিক নয়। ব্যাংকগুলো সিন্ডিকেট করে ডলারের দাম বাড়ানোর চেষ্টা করেছিল, বিষয়টি পর্যবেক্ষণে আছে।
অন্য ব্যাংকিং সূত্রগুলো বলছে, প্রবাসী ও রপ্তানি আয় কম, অথচ আমদানি ব্যয় বেশি এমন ব্যাংকগুলোর কারণেও ডলারের দাম বেড়ে গেছে। এসব ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ডলার কেনার চাপ বাড়িয়ে দিয়েছে। ফলে দামটা বেড়ে গেছে। এ ছাড়া ছোট কিছু ব্যাংক বড় আকারের ঋণপত্র খোলার কারণেও ডলারে চাপ পড়েছে।
এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সব ব্যাংকের প্রধান নির্বাহীরা এতে উপস্থিত ছিলেন। এ নিয়ে আগামী রোববার সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ডলার কেনা ও বিক্রিতে পার্থক্য ২ টাকার বেশি হতে পারবে না। ফলে ডলারের দাম কমে আসতে শুরু করেছে। ডলারের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। আগামী সপ্তাহেই তা ৮২ টাকার নিচে চলে আসবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, রপ্তানি ও রেমিট্যান্স আয়ের সঙ্গে আমদানি ব্যয়ের একটা অসামঞ্জস্য হয়ে গেছে। এ কারণে দাম বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক ৮২ টাকার একটা সীমা নির্দিষ্ট করে দিয়েছে, এখন দাম কমে আসবে। তবে আরও কৌশল হিসেবে আগামী রোববার ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক।
ডলারের মূল্যবৃদ্ধির ঘটনায় গতকাল রাতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) জরুরি সভা হয়েছে। বাফেদার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন রাতে বলেন, ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হবে। এক্সচেঞ্জ হাউসগুলোর মধ্যে দামের পার্থক্য যৌক্তিক রাখার বিষয়ে সবাই একমত হয়েছে, আর ভবিষ্যৎ দামও ঘোষণা করা হবে না। বাফেদার পক্ষ থেকে ভবিষ্যৎ দাম নির্ধারণে সেল করার পাশাপাশি নিজেদের মধ্যে তথ্য বিনিময় করা হবে।
এস কে সুর চৌধুরী বলেন, কয়েকটি বেসরকারি ব্যাংকের ঋণের প্রবৃদ্ধি ভালো, তাদের ঋণের মান গুণগত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতার সঙ্গে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আমদানি মূল্য পরিশোধে প্রতি ডলারের দাম (টাকায়)
ব্যাংকের নাম ২৬ এপ্রিল ২৭ এপ্রিল
এবি ৮৪.৫০ ৮২. ২৩
আইএফআইসি ৮৪.৫০ ৮২. ২৩
ব্র্যাক ৮৪.৫০ ৮২. ১৫
স্ট্যান্ডার্ড চার্টার্ড ৮৪.৮০ ৮২. ২০
এইচএসবিসি ৮৪.৯৫ ৮১. ৭৫
সিটি এনএ ৮৪.৮০ ৮২. ২০