এক মাসে গ্রাহক কমল পাঁচ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত আগস্টে সেবাটির মাধ্যমে প্রায় ১২ হাজার ৮৪২ কোটি টাকার লেনদেন হয়; যা জুলাইয়ে ছিল প্রায় ১৩ হাজার ৮১২ কোটি টাকা। জুলাইয়ে দৈনিক গড়ে ৪৬০ কোটি টাকা লেনদেন হলেও আগস্টে কমে দাঁড়ায় ৪২৮ কোটি টাকা

মাত্র এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিং সেবায় প্রায় পৌনে পাঁচ লাখ গ্রাহক কমে গেছে। গত জুলাই মাসে মোবাইল ব্যাংকিং সেবায় নিবন্ধিত গ্রাহকসংখ্যা ছিল ২ কোটি ৮৭ লাখ ৩২ হাজার। আর আগস্টে তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লাখ ৫৭ হাজারে। সেই সঙ্গে লেনদেনে সক্রিয় গ্রাহকের সংখ্যাও কমেছে প্রায় সাড়ে ২৩ লাখ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে সক্রিয় গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার। আর আগস্টে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৯৬ লাখে। সাধারণত যেসব হিসাবে একটানা তিন মাসের বেশি লেনদেন হয় না, সেসব হিসাবকে নিষ্ক্রিয় হিসাব বলে ধরা হয়। আর অন্ততপক্ষে তিন মাসের মধ্যে একবার লেনদেন করেছে—এমন হিসাবকে সক্রিয় হিসাব বলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খোলা ও হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ফলে গ্রাহকসংখ্যা কিছুটা কমে থাকতে পারে। তাঁদের মতে, গ্রাহকসংখ্যা বাড়ানোর চেয়ে এখন সঠিক গ্রাহক ও লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া জুলাই মাসে ঈদুল ফিতরের কারণেও সক্রিয় ও নিবন্ধিত গ্রাহকের সংখ্যা বেড়েছিল। ওই সময় অনেকে প্রিয়জনকে টাকা পাঠাতে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় এসেছিলেন। কিন্তু আগস্টে ওই ধরনের ধর্মীয় উৎসব না থাকায় গ্রাহকসংখ্যা এবং লেনদেন কমেছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের সঠিক পরিচয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত হওয়ার কঠোর নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার পর মোবাইল ব্যাংকিং সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে ব্যাংকিং প্রতিনিধি বা এজেন্টদের প্রশিক্ষণ দেয়; যাতে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত না হয়ে কোনো হিসাব খোলা না হয়। পাশাপাশি পুরোনো গ্রাহকদের সঠিক পরিচয়সহ গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের কাজ শুরু করে। এর ফলে এক দিকে নতুন হিসাব খোলা যেমন কিছুটা কমেছে, তেমনি পুরোনো কিছু হিসাবও বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিপণন বিভাগের প্রধান আসিফ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর গত জুলাইয়ে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওই সময় অনেক নিষ্ক্রিয় গ্রাহকও সক্রিয় হয়েছিলেন। কিন্তু আগস্টে এসে লেনদেনকারীর সংখ্যা কিছুটা কমে গেছে।

মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রমের তদারকির সঙ্গে যুক্ত বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মোবাইল ব্যাংকিং সেবা চালুর পর খুব দ্রুত হারে গ্রাহক ও লেনদেনের প্রবৃদ্ধি হয়েছিল। যতই সময় যাচ্ছে, এ প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। এটাই স্বাভাবিক। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কিছু কমপ্লায়েন্স নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহক কমে যাওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে। তবে এক মাসের তথ্যের ভিত্তিতে এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে ওই কর্মকর্তা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে গ্রাহক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ওই মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১২ হাজার ৮৪২ কোটি টাকার লেনদেন হয়; জুলাই মাসে যার পরিমাণ ছিল প্রায় ১৩ হাজার ৮১২ কোটি টাকা। জুলাইয়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি টাকা। আর আগস্টে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৪২৮ কোটি টাকায়। সেই হিসাবে মাসিক ও দৈনিক লেনদেন ৭ শতাংশ কমে গেছে।

এদিকে গ্রাহক ও লেনদেন কমলেও বেড়েছে মোবাইল ব্যাংকিং প্রতিনিধি বা এজেন্ট। জুলাইয়ের চেয়ে আগস্টে এজেন্টের সংখ্যা ২ হাজার ১৬৭ জন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৮৯৮ জনে।

বর্তমানে ২৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। প্রচলিত ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ স্থানান্তর বা লেনদেন ছাড়াও প্রবাসী-আয়, বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবামাশুল (ইউটিলিটি বিল) পরিশোধসহ নানা ধরনের লেনদেন হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে আড়াই কোটি টাকা প্রবাসী-আয় লেনদেন হয় এই সেবার মাধ্যমে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ১১৯ কোটি টাকা বেতন ও প্রায় ১১৮ কোটি টাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সেবামাশুল লেনদেন হয়।