চলতি বছরের জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) সক্রিয় হিসাব ৭৪ লাখ বেড়েছে। একই সময়ে এমএফএস সেবা নিতে নিবন্ধিত হিসাব বেড়েছে ৭৯ লাখ। এমএফএস নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারির পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় এমএফএস হিসাব দাঁড়িয়েছে ২ কোটি ৩৯ লাখ, যা গত জানুয়ারিতে ছিল ১ কোটি ৬৫ লাখ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সক্রিয় হিসাব বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। একই সময়ে নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৮ লাখ, যা এক মাস আগে ছিল ৪ কোটি ১৯ লাখ।
সক্রিয় হিসাব বাড়লেও এমএফএসের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেনের পরিমাণ কমেছে। ফেব্রুয়ারিতে এ মাধ্যমে গড়ে আর্থিক লেনদেন হয়েছে ৭৯৭ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ৮৪০ কোটি টাকা। অর্থাৎ এক মাসে দৈনিক গড় লেনদেন ৫ শতাংশ কমেছে। একই সময়ে এজেন্টের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার থেকে কমে ৬ লাখ ৯৬ হাজার হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন প্রথম আলোকে বলেন, আর্থিক লেনদেনের সীমা কমে যাওয়ায় এজেন্টরা বেশি করে নতুন হিসাব খুলছেন। এটি সক্রিয় হিসাব বাড়ার অন্যতম কারণ। আর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হওয়ায় আর্থিক লেনদেন জানুয়ারির তুলনায় কম হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এমএফএসের লেনদেন সীমা কমিয়ে দেয়। কার্যকর হওয়া এ নির্দেশনায় এমএফএস হিসাব থেকে এক দিনে অর্থ উত্তোলনের সীমা ২৫ হাজার থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।