একই গ্রাহকের পেছনে সব ব্যাংক দৌড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
অনিয়ম-দুর্নীতি, বিশৃঙ্খলা ও অস্থিরতা চলছে ব্যাংক খাতে। একই শিল্পগোষ্ঠীর হাতে একের পর এক ব্যাংক চলে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর কয়েকটির অবস্থাও খারাপ। তারপরও নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রস্তুতি চলছে। দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। সাড়ে তিন হাজার কোটি টাকার কেলেঙ্কারি ঘটিয়ে প্রথম জনসমক্ষে এলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। এসব নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম


প্রথম আলো:
এই সময়ে দেশের ব্যাংক খাতকে কীভাবে দেখছেন?

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম: গ্রাহকদের দিক থেকে যদি বলি, ব্যাংকের সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। আর এ কারণে তাঁরা ভালো সেবা পাচ্ছেন। আমানতের সুদের হার এখন কম। ঋণের সুদের হারও কম। আর ব্যাংকের মালিক বা উদ্যোক্তাদের দিক থেকে বলতে গেলে পুরো ব্যাংক খাতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবসা করতে সব ব্যাংক একই গ্রাহকের পেছনে দৌড়াচ্ছে। এই সুযোগে গ্রাহকেরাও পেয়ে বসেছেন ব্যাংকগুলোকে। অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে বলেই গ্রাহকেরা আজ বলতে পারছেন এই দিলে আপনার ব্যাংকে আসব, ওই না দিলে আসব না।

প্রথম আলো: আপনার কাছেও কী মনে হয় দেশে ব্যাংকের সংখ্যা বেশি?

শিবলী রুবাইয়াত: অবশ্যই বেশি। এই বেশির খারাপ প্রভাব পড়ে ব্যাংকের ব্যবস্থাপনার ওপরও। যেমন: ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) বেশি মুনাফা করার চাপে থাকেন। একটি ব্যাংক এক বছর ১০০ কোটি টাকা মুনাফা করলে পরেরবার ওই ব্যাংকের এমডিকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ২০০ কোটি টাকা মুনাফা করার। কিন্তু বাজার তো একটাই। বেশি মুনাফা করার চাপে এমডিরা তখন এমন গ্রাহকদেরও ঋণ দিয়ে দেন, যাঁরা ওই ঋণ পাওয়ার যোগ্য নন। ফলে খেলাপি ঋণ বেড়ে যায়।

প্রথম আলো: আপনি বলছেন ব্যাংক বেশি, সরকার তো আরও ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শিবলী রুবাইয়াত: একদম ঠিক হবে না। বরং আগেরবার দুই দফায় লাইসেন্স দেওয়া ১০টি ব্যাংকের মধ্যে ৩ থেকে ৪টা ব্যাংক শক্তিশালী অন্য কিছু ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যাওয়া উচিত। তবে আরও যে তিনটা ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা শোনা যাচ্ছে, এর মধ্যে শুধু পুলিশ ব্যাংকের কথা ভাবা যেতে পারে।

প্রথম আলো: অর্থমন্ত্রী বললেন, দেশে অনেকে ব্যাংকসেবার আওতার বাইরে আছে, তাই লাইসেন্স দিতে হবে।

শিবলী রুবাইয়াত: ব্যাংক তো ব্যবসাও। এমন জায়গায় ব্যাংক শাখা খুলবে না, যেখান থেকে মুনাফা হবে না। আরও লাইসেন্স না দেওয়ার যুক্তি হিসেবে বলতে পারি এখন মোবাইল ব্যাংকিং হচ্ছে, এজেন্ট ব্যাংকিং হচ্ছে, অনলাইন ব্যাংকিং হচ্ছে। ভবিষ্যতের ব্যাংকিং এগুলোই। শুধুই রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দিলে আন্তর্জাতিক ব্যবসায়েও সমস্যা হয়। বর্তমানে কিছু ব্যাংক আন্তর্জাতিক ও দেশীয়—দুই সমস্যাতেই রয়েছে।

প্রথম আলো: ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে চারজন এবং তাঁদের টানা নয় বছর পর্ষদে থাকার স্বার্থে ব্যাংক কোম্পানি আইন সংশোধন হতে যাচ্ছে। তা সমর্থন করেন?

শিবলী রুবাইয়াত: এক পরিবারের চারজনের ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এক পরিবারের দুইয়ের বেশি পর্ষদ সদস্য থাকা ব্যাংকও দেখি ভালো করছে। যেমন সিটি ব্যাংক।

প্রথম আলো: কিছু ব্যাংক খারাপও তো করছে। এক পরিবারের চারজন থাকলে ব্যাংক খাত কয়েকটি পরিবারের হাতে কুক্ষিগত হয়ে পড়বে না?

শিবলী রুবাইয়াত: তার চেয়েও বড় ভয়ের বিষয় হচ্ছে একই শিল্পগোষ্ঠীর হাতে চলে যাচ্ছে ব্যাংক খাত। এই প্রবণতা ব্যাংক খাতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা বয়ে আনতে পারে।

প্রথম আলো: কেন্দ্রীয় ব্যাংক এগুলো দেখছে না?

শিবলী রুবাইয়াত: হয়তো কেন্দ্রীয় ব্যাংকেরও নিয়ন্ত্রণের মধ্যে সব নেই। অথবা কেন্দ্রীয় ব্যাংক তার দায়িত্ব পালন করতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নেই।

প্রথম আলো: সরকার কি এমন মনে করছে যে পুরো স্বায়ত্তশাসন দিলে কেন্দ্রীয় ব্যাংকও যাচ্ছেতাই করতে পারে?

শিবলী রুবাইয়াত: আমার তা মনে হয় না। কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর, ডেপুটি গভর্নরেরা উচ্চ বেতনে চুক্তিতে নিয়োগ পাবেন। সরকার তাঁদের কাজ পর্যবেক্ষণ করবে। ব্যর্থ হলে তাঁদের সরিয়ে দেবে।

প্রথম আলো: স্বায়ত্তশাসন নেই বুঝলাম, কেন্দ্রীয় ব্যাংকের নিজেরও তো কিছু দায়িত্ব আছে। সেগুলো তো ঠিকঠাক পালন করতে পারে।

শিবলী রুবাইয়াত: তা পারে। কিন্তু কতটা পারবে যদি সরকারের প্রভাব থাকে? সরকারের প্রভাব আছে বলেই না কেন্দ্রীয় ব্যাংকের আচরণে অনেক সময় পক্ষপাতিত্ব দেখা যায়। যেমন: একই ধরনের ঘটনায় কেউ শাস্তি পায়, কেউ পায় না।

প্রথম আলো: বেসিক ব্যাংকের আলোচিত ও বিতর্কিত চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে তো শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) শুনানিতে ডাকল।

শিবলী রুবাইয়াত: হ্যাঁ, পত্রপত্রিকায় দেখলাম। একটা সেরা ব্যাংক কয়েক বছরের মধ্যে কীভাবে একটা নিকৃষ্ট ব্যাংকে পরিণত হলো তার বড় উদাহরণ হচ্ছে বেসিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে প্রয়োজনে আবারও সুষ্ঠু তদন্ত করে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির সুপারিশ করা। স্বায়ত্তশাসনের অভাব থাকলেও কাজটি করতে হবে বাংলাদেশ ব্যাংককেই। কারণ, অন্য সংস্থাগুলোর পক্ষে বিষয়গুলো ধরা একটু কঠিন।

প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পর্ষদে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবদের নিয়োগ দেওয়া হয়। বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল সময়টাতে সরকারি প্রতিনিধিদের মধ্যে যাঁরা পর্ষদে ছিলেন, পদোন্নতি পেয়ে তাঁদের কেউ কেউ সচিব, অতিরিক্ত সচিব পর্যন্ত হয়েছেন। তাঁদের কি উচিত ছিল না অর্থমন্ত্রী, অর্থসচিব বা বাংলাদেশ ব্যাংককে ঘটনাগুলো জানানো?

শিবলী রুবাইয়াত: অবশ্যই উচিত ছিল। তাঁরা বাধা দিতে পারতেন। পর্ষদে তাঁদের নিয়োগই দেওয়া হয় সরকার যাতে সব জানতে পারে। বাধা দিতে না পারলেও মন্ত্রী বা সচিব পর্যায়ে অন্তত জানাতে পারতেন তাঁরা।

প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পর্ষদ গঠনে আপনার কোনো পরামর্শ আছে?

শিবলী রুবাইয়াত: আছে। পেশাগত বা শিক্ষাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য, ব্যাংকিং, আইন—এসবের জ্ঞান ছাড়া কাউকে পর্ষদে নিয়োগ দেওয়া ঠিক নয়। এসব বিষয়ে জানাশোনা না থাকা লোকজনকে ব্যাংকিং বিষয়ে ভুল বোঝানো খুবই সহজ। আমি মনে করি, সাবেক ব্যাংকার, সনদপ্রাপ্ত হিসাববিদ, কোম্পানি বা ব্যাংক কোম্পানি আইন বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—এই ব্যক্তিদের নিয়ে পর্ষদ সাজানো উচিত।

প্রথম আলো: উচিত কাজটা সরকার করছে না কেন?

শিবলী রুবাইয়াত: কী বলব? উচিত কাজটা সরকার করবে—আমরা শুধু এই আশাই রাখতে পারি।