একটি পণ্যেও সুরক্ষা শুল্ক বসাতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ গত দুই দশকে একটি আমদানি পণ্যেও সুরক্ষা শুল্ক আরোপ করতে পারেনি। অথচ বাংলাদেশের প্রতিবেশী ও প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, চীনসহ অনেক দেশই এ ধরনের শুল্ক আরোপ করে তাদের দেশীয় শিল্পকে সুরক্ষা দিচ্ছে।
এ দেশগুলো এ ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও তদন্ত সক্ষমতা অর্জনে বেশ এগিয়ে গেছে। তবে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) এ ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুরক্ষা শুল্কের ধরন তিনটি; অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড শুল্ক। কম দামে পণ্য বিক্রি, রপ্তানিতে ভর্তুকি অথবা অস্বাভাবিক হারে আমদানি বেড়ে যাওয়ার কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে তদন্ত করে একটি দেশ এসব শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশের পাটপণ্য সম্প্রতি ভারতে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মুখে পড়েছে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশি রাসায়নিক পণ্য হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এ পণ্যটির বিরুদ্ধে ভারতও একই শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে।
এ ছাড়া আরেকটি নতুন পরিপ্রেক্ষিতে সুরক্ষা শুল্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী অর্থবছর থেকে সরকার নতুন ‘মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ বাস্তবায়ন করতে যাচ্ছে। এ আইন বাস্তবায়িত হলে ১৪২টি এইচএস কোড (বাণিজ্যের ক্ষেত্রে পণ্য শনাক্তকরণ নম্বর) ছাড়া বাকি পণ্যে সম্পূরক শুল্ক থাকবে না। তখন অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড শুল্কই হবে দেশীয় শিল্প সুরক্ষার হাতিয়ার।
এ তিনটি শুল্কের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যান্টি-ডাম্পিংকে। কোনো দেশের কোনো কোম্পানি তার নিজ দেশে যে দরে পণ্য বিক্রি করে, তার চেয়ে কম দামে রপ্তানি করলে আমদানিকারক দেশ একে ডাম্পিং হিসেবে গণ্য করতে পারে। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, ভারত ডাম্পিং ঠেকাতে ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত ৫৯৯টি ব্যবস্থা নিয়েছে। পাকিস্তান নিয়েছে ৫৩টি ব্যবস্থা। এ ছাড়া চীন ১৮৪টি, ইন্দোনেশিয়া ৬০টি, তুরস্ক ১৭৪টি ও থাইল্যান্ড ৪৮টি ব্যবস্থা নিয়েছে। সব মিলিয়ে ডব্লিউটিও সদস্যদেশগুলো একে অপরের বিরুদ্ধে ৩ হাজার ৩১৬টি ব্যবস্থা নিয়েছে।
কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করা যায় তখনই, যখন কোনো দেশ তার পণ্য রপ্তানিতে ভর্তুকি দেয়। ডব্লিউটিওর সদস্যদেশগুলো এখন পর্যন্ত ২২৫টি পণ্যে কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করেছে। অন্যদিকে ভারত ৩৯টি, পাকিস্তান ২টি ও চীন ৬৯টি পণ্যে কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করেছে।
কোনো দেশে একটি নির্দিষ্ট পণ্য আমদানি অপ্রত্যাশিতভাবে বেড়ে গেলে দেশটি পণ্যটির ওপর সেইফগার্ড শুল্ক আরোপ করতে পারে। এখন পর্যন্ত ভারত ২০টি, তুরস্ক ১৫টি ও ইন্দোনেশিয়া ১৭টি সেইফগার্ড শুল্ক আরোপ করেছে।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা উচিত কি না জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘অবশ্যই সক্ষমতা বাড়াতে হবে। আমাদের দুই কারণে সক্ষমতা বাড়াতে হবে। প্রথমত, এ ধরনের শুল্ক ঠেকাতে, দ্বিতীয়ত বাংলাদেশে ডাম্পিং হচ্ছে কি না, তা খুঁজে বের করতে।’ তিনি বলেন, ‘আমরা কী করে বুঝব যে এ দেশে ডাম্পিং হচ্ছে না?’
অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে প্রথমে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে আবেদন করতে হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এ শুল্ক আরোপ না করতে পারার পেছনে ব্যবসায়ীদের দায় আছে। তাঁরা চাইলে সরকার এখনই কমপক্ষে ৩০টি পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের তদন্ত শুরু করতে পারে। তিনি বলেন, এ ক্ষেত্রে ক্ষতির বিষয়টি ব্যবসায়ীদের হিসাব দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু তাঁরা সঠিক হিসাব দিতে রাজি হন না বলেই ডাম্পিং হলেও শুল্ক আরোপের আবেদন করেন না। এর বদলে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে তদবির করে সম্পূরক বা অন্যান্য শুল্ক আরোপের চেষ্টা করেন বলে উল্লেখ করেন ওই ব্যবসায়ী।
বাংলাদেশে ট্যারিফ কমিশন কাস্টমস অ্যাক্টের অধীনে এ ধরনের সুরক্ষা শুল্ক আরোপ ও ঠেকানোর দায়িত্ব পালন করে। সংস্থাটির বাণিজ্য প্রতিবিধান বিভাগে এ ক্ষেত্রে জনবল মাত্র ৭ জন। তাও বেশির ভাগ প্রেষণে নিযুক্ত। সংস্থাটির ১৯৯৩ সালে জনবল কাঠামোতে সুরক্ষা শুল্কের জন্য পদ তৈরি হয়নি। কারণ এসব শুল্ক চালুই হয়েছে জনবল কাঠামো তৈরির পর। বাণিজ্য প্রতিবিধান বিভাগের যুগ্ম প্রধান একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। এ ছাড়া কয়েকজন গবেষণা কর্মকর্তা আছেন সংস্থাটিতে।
ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও সংস্কারের লক্ষ্যে তাদের আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে সাড়ে সাত বছর আগে। তবে প্রস্তাবিত আইনটি এখনো পাস হয়নি।
ভারতে ডিরেক্টরেট অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি) নামে একটি আলাদা সংস্থা অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ সংক্রান্ত কাজ করে। এ সংস্থায় একেকটি কেস তদন্ত করেন একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকেন একজন ব্যয় বিশ্লেষক। পাকিস্তান ট্যারিফ কমিশন সম্প্রতি আইন সংস্কার ও সক্ষমতা অর্জনের পর সক্রিয় হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) মহাসচিব শহীদুল করিম প্রথম আলোকে বলেন, ট্যারিফ কমিশনে কোনো আর্থিক বিশ্লেষক নেই, সেখানে কোনো সনদপ্রাপ্ত হিসাববিদ নেই, সেখানে কোনো অ্যাসেসর নেই। এসব লোক না থাকলে তাঁরা কী বিশ্লেষণ করবেন, কী শুল্ক বসাবেন। তিনি বলেন, ‘আমাদের উচিত ট্যারিফ কশিমনকে শক্তিশালী করা। তারা শক্তিশালী হলে, ব্যবসায়ীরা ভরসা পেলে সুরক্ষা শুল্ক আরোপের আবেদন আসবে।’