এখন গড় আয়ু ৭০.৯ বছর
বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। এখন গড় আয়ু ৭০ দশমিক ৯ বছর। এটা ২০১৫ সালের হিসাবে। এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭০ দশমিক ৭ বছর।
তবে পুরুষের চেয়ে নারীরা গড়ে আড়াই বছরের বেশি বাঁচেন। গড়ে নারীরা ৭২ বছর ও পুরুষেরা ৬৯ দশমিক ৪ বছর বাঁচেন।
আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ২০১৪ সালের মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকসের ফলাফলে এ চিত্র পাওয়া গেছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রতিবেদন অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অপরিবর্তিত রয়েছে। ২০১৫ সালে এক দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে। এর আগের দুই বছরে এ হারই ছিল।
তবে প্রতিবেদন অনুযায়ী, মোট প্রজনন হার কিছুটা কমেছে। বিবিএসের হিসাবে, ২০১৫ সালে প্রজনন হার ২ দশমিক ১০ শতাংশ। এর মানে হলো ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননসক্ষম মা সারা জীবনে গড়ে ২ দশমিক ১০ সংখ্যায় বাচ্চা জন্ম দেন। ২০১৪ সালে মোট প্রজনন হার ছিল ২ দশমিক ১১ শতাংশ।