আইসিএবি–ইআরএফের অলোচনা
এখন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের অর্থনীতি
সাময়িকভাবে সমস্যায় পড়লেও দেশের বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।
মূল্যস্ফীতি, বাণিজ্য ঘাটতি ও ডলার–সংকট প্রভৃতি কারণে দেশের অর্থনীতি এখন একটা চাপের মধ্যে আছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশে অভূতপূর্ব। এ রকম আগে কখনোই ছিল না।
অন্যদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন বলেছেন, সাময়িকভাবে সমস্যায় পড়লেও বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে ‘সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তাঁরা এভাবে নিজেদের অভিমত তুলে ধরেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রবৃদ্ধি অর্জনে এ পর্যন্ত বাংলাদেশের একটা ভালো শক্তির জায়গা ছিল। পাশাপাশি মূল্যস্ফীতিটাও নিয়ন্ত্রণে ছিল। সেই প্রেক্ষিতে যদি দেখি, তাহলে বলব দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে একটা ধাক্কা আমরা বর্তমানে খাচ্ছি। এটা তো বাংলাদেশে অভুতপূর্ব। এ রকম কখনোই ছিল না। সুতরাং অর্থনীতি একটা চাপের মধ্যে আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’
চলমান সংকটের পেছনে দেশের প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাকে দায়ী বলে মনে করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান অন্তরায় হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটা দূর করতে হবে।’
পদ্মা সেতু প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, এটাকে শুধু পরিবহন করিডর নয়, অর্থনৈতিক করিডর ভাবতে হবে। পদ্মা সেতু ঘিরে ১৭টি অর্থনৈতিক অঞ্চল করার কথা। কিন্তু এর জন্য সমান্তরাল অন্যান্য প্রকল্প হচ্ছে না। এসব প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এ জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে। শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশটির পরিস্থিতির সঙ্গে আমাদের অবস্থান তুলনীয় নয়, কিন্তু শিক্ষণীয় আছে।’
অন্যদিকে বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, কৃষি, রপ্তানি, উৎপাদন খাত ও প্রবাসী আয়—অর্থনীতির এই চার প্রধান সূচকের মধ্যে প্রথম তিনটিতেই বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আর প্রবাসী আয়ও ভবিষ্যতে আবার বাড়বে। তাহলে এসব নিয়ে এত কথা কেন বলা হচ্ছে?
বিনায়ক সেন বলেন, ‘স্বল্প সময়ের জন্য আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের ওপর একটা চাপ তৈরি হয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের আমদানি ব্যয় বেড়েছে। এ জন্য আমরা সাময়িকভাবে সমস্যায় পড়েছি। এটাই দুর্ভাবনার উৎস। কিন্তু আমরা ব্যয় ও আমদানি কমানোসহ আস্তে আস্তে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।’
চরম দারিদ্র্যের তথ্য নিয়েও উষ্মা প্রকাশ করেন বিনায়ক সেন। তিনি বলেন, চার কোটি চরম দারিদ্র্য নিয়ে যেসব জরিপের তথ্য বলা হচ্ছে, তা সঠিকভাবে করা হয়নি। দেশে খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির গতি ঠিক রাখতে কৃষিতে ভর্তুকি ও শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি বিভিন্ন প্রকল্পে অপচয় কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সাম্প্রতিককালে আমাদের মধে৵ নতুন ধনী হওয়ার মনোভাব চলে এসেছিল। সেটির ওপরে একটা রাশ টানার চেষ্টা চলছে। কেনাকাটা, চলাফেরাসহ সব ব্যাপারে আমাদের অপচয় রোধ করতে হবে। প্রধানমন্ত্রীও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে। আমাদের কাছে যে ১ হাজার ৮০০ প্রকল্পের তালিকা আছে, সেগুলোর অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করছি।’ এ সময় তিনি কৃষিতে ভর্তুকি দেওয়া থেকে ধীরে ধীরে সরকারের সরে আসা উচিত বলে মন্তব্য করেন।
সারে ভর্তুকি কমানো নিয়ে কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আমাদের একটু কষ্ট হলেও ভর্তুকি কমাতে হবে।’ সরকারি প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ভেবেচিন্তে প্রকল্প নিতে হবে, যাতে করে রিটার্ন ভালো আসে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে সরকারের ব্যয় কমিয়ে ডলারের সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ। পাশাপাশি দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে রপ্তানি বৈচিত্র্যকরণ, মুক্তবাণিজ্য চুক্তি ও সরকারের অর্থনৈতিক নীতি সংস্কারের পরামর্শ দেন তিনি।
আলোচনায় জ্বালানি খরচ না বাড়ানোর পক্ষে মত দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী আছে, এটা নিয়ে বিতর্ক নেই; কিন্তু সংকটও আছে। ব্যবসার পরিবেশ ঠিক রাখতে হলে কোনোভাবেই জ্বালানি খরচ বাড়ানো যাবে না। এ খাতে ভর্তুকি দিতেই হবে।
গোলটেবিল আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মো. শাহাদাৎ হোসেন ও ইআরএফের সভাপতি শারমীন রিনভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিএবির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।