
টেস্ট ক্রিকেট খেলা হয় বেশ ধীরলয়ে। ওয়ানডে কিংবা টি-২০-এর মতো টেস্টে ম্যাচে ব্যাটসম্যান কিংবা বোলারের তাড়া থাকে না বললেই চলে। পাঁচ দিনের খেলা বলে কথা। একটু বুঝেশুনে খেলাই নিয়ম। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের মতো ধীরলয়ে খেলার সুযোগ কম। কিন্তু এ দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) পর্যন্ত যেন টেস্ট খেলেন প্রকল্প কর্মকর্তারা। প্রথম দিকে খুব বেশি টাকা খরচ করতে পারেন না তাঁরা। এরপর শুরু হয় তাড়াহুড়ো করে টাকা খরচের পালা। অনেকটা টি-২০ কিংবা ওয়ানডে ক্রিকেটের রান তোলার মতো। এবারও এর ব্যতিক্রম হয়নি।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মাসে এডিপির মাত্র ১৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এর মানে, ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার মধ্যে খরচ মাত্র ১৬ হাজার ৭৭২ কোটি টাকা। অন্যবারের তুলনায় টাকা খরচের পরিমাণ বাড়লেও বাস্তবায়নের হারে খুব বেশি অগ্রগতি হয়নি। আগের তিন বছর একই সময়ে ১১ থেকে ১৪ শতাংশের মতো এডিপি বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে কর্মকর্তারা খুব বেশি দক্ষতা দেখাতে পারেননি।
প্রতিবারই এডিপি পাস করার সময় পরিকল্পনামন্ত্রী বলে থাকেন—এবার শতভাগ এডিপি বাস্তবায়ন হবে। এ জন্য বছরের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নে বেশি জোর দেওয়া হবে। পরিকল্পনা মন্ত্রণালয় প্রতি মাসে নিয়ম করে এডিপি পর্যালোচনা সভাও করে। কিন্তু এডিপি বাস্তবায়নের অগ্রগতির চিত্র আর বদলায় না। বছরের শুরুতে ঢাউস আকারে এডিপি নিয়ে শেষ পর্যন্ত তা ছোট করে ফেলতে বাধ্য হয় পরিকল্পনা মন্ত্রণালয়। শেষ পর্যন্ত সেই সংশোধিত এডিপিও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দায়িত্ব নেওয়ার পর এডিপি বাস্তবায়নে নানা উদ্যোগ নেওয়া হয়। এগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় অবস্থানের নির্দেশ, পরিচালক পরিবর্তনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নেওয়া, পরিচালকদের সঙ্গে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠান। কিন্তু মাঠের কাজের উন্নতি নেই। প্রকল্প বাস্তবায়নের চিত্র যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতি মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি বাজেট-কাঠামো আছে। এর ফলে আগে থেকে বোঝা যায়, ওই মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকতে পারে। তাই বাজেট পাসের আগেই প্রকল্পের কেনাকাটার প্রাক্কলন থেকে দরপত্র-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা সম্ভব। বাজেট পাসের পরদিন যাতে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া যায়। তাঁর মতে, প্রকল্প বাস্তবায়নের দুর্বল পারফরম্যান্সের জন্য কোনো জবাবদিহি নেই। আবার প্রকল্প জিইয়ে রাখতে বেশি আগ্রহী প্রকল্প পরিচালকেরা।
৫৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ৩৬৫টি প্রকল্প নিয়ে চলতি অর্থবছরের এডিপি। আইএমইডির হিসাবে, এসব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে জুলাই-অক্টোবর সময়কালে ১০টিই তাদের বরাদ্দের ৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। শিল্প মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন ১ শতাংশ টাকাই খরচ করেনি। অথচ এসব মন্ত্রণালয়ের ৪৯টি প্রকল্প রয়েছে। বরাদ্দের ১ থেকে ৫ শতাংশের টাকার খরচ করতে পারা অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো—বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
তবে প্রকল্প বাস্তবায়নের ভালো উদাহরণও আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১২টি প্রকল্পে এবার ৮৮৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চার মাসেই ৪৩৮ কোটি টাকা খরচ হয়ে গেছে। বাস্তবায়নের হার ৪৯ শতাংশ।