এডিপিতে বিদেশি সহায়তা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে। এডিপির বিদেশি সহায়তা থেকে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। ইতিমধ্যে বিদেশি সহায়তা কাটছাঁটের একটি খসড়া হিসাব তৈরি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
চলতি অর্থবছরে মূল এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে বিদেশি সহায়তার পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। এ টাকা থেকেই অর্থ কমানো হচ্ছে। নতুন হিসাব অনুযায়ী, এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে ৩৩ হাজার কোটি টাকা।
চলতি এডিপিতে ৭০ হাজার ৭০০ কোটি টাকা দেশজ উৎস থেকে আসবে। এখনো দেশজ উৎসের অর্থ কাটছঁাটের উদ্যোগ শুরু হয়নি।
সম্প্রতি বিদেশি সহায়তা কাটছাঁটের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে একাধিক বৈঠক করে ইআরডি। ওই সব মন্ত্রণালয় ও বিভাগের পারফরম্যান্স বিবেচনা করে বিদেশি সহায়তা কাটছাঁটের খসড়া হিসাব চূড়ান্ত করে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইআরডি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে তথ্য জানা গেছে, জুলাই-ডিসেম্বর এ ছয় মাসে এডিপির সার্বিক অগ্রগতি মাত্র ২৭ শতাংশ। খরচ হয়েছে ৩৩ হাজার ৪৪৪ কোটি টাকা। এর মধ্যে বিদেশি সহায়তার ৮ হাজার ৮৫৮ কোটি টাকা খরচ করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। বিদেশি সহায়তা বরাদ্দের ২২ শতাংশের মতো খরচ হয়েছে।