এডিপির বোঝা ৪১ প্রকল্প
>* এক টাকাও খরচ হয়নি সাতটি প্রকল্পে
* ১২টি প্রকল্প নামমাত্র বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে
* ২২টি প্রকল্পের ব্যয় ১ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ
পশুর নদের চ্যানেলের আউটবারে ড্রেজিং করার জন্য ২০০৬ সালে সাড়ে ৫৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। পাঁচ বছর মেয়াদের এ প্রকল্পের বয়স ১০ বছর পার হয়ে গেছে। কিন্তু খরচ মাত্র ৩ লাখ টাকা। আর বাস্তবায়ন হার মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ।
২০০৬ সালে প্রকল্প অনুমোদনের পর প্রকল্পের আওতায় ড্রেজিংয়ের জন্য পাঁচবার দরপত্র আহ্বান করা হয়। প্রতিবারই দরপত্র বিক্রি হলেও কোনো দরদাতা দরপত্র জমা দেননি। ২০০৮ সালে ষষ্ঠবারের মতো দরপত্র আহ্বান করা হলে ফ্রান্সের মেসার্স ইনডেপো নামের একটি কোম্পানি দরপত্র জমা দেয়। কিন্তু তখন মন্ত্রণালয় ওই দরদাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
২০১০ সালে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা শিল্পনগরী-২ তৈরির প্রকল্প নেওয়া হয়। পরে সংশোধন করে মেয়াদ ও ব্যয় বাড়িয়ে সাড়ে ৫৪ কোটি টাকা করা হয়। গত ছয় বছরে এ প্রকল্পের কোনো কাজই হয়নি। বসিয়ে বসিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়েছে। এতে খরচ ১৭ লাখ ৪২ হাজার টাকা। এটাই প্রকল্পের মোট খরচ। বাস্তবায়ন হার মাত্র দশমিক শূন্য ১ শতাংশ।
টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রশস্ত করার জন্য পাঁচ বছর আগে তিন বছর মেয়াদি ১৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। তিন বছরে কোনো টাকা খরচ হয়নি। পরে তা সংশোধন করে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধির পাশাপাশি খরচ ২০ কোটি টাকায় উন্নীত করা হয়। এরপরও দুই বছর পেরিয়ে গেল। এখনো এ প্রকল্পে এক টাকাও খরচ হয়নি।
এভাবেই বছরের পর বছর প্রকল্পের টাকা খরচ হয় না। প্রতিবছর নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব প্রকল্প প্রতিবছরই থেকে যাচ্ছে। এসব প্রকল্প এখন এডিপির বোঝা হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে দেখা গেছে, বরাদ্দের ৫ শতাংশও খরচ হয়নি, এডিপিতে এমন ৪১টি প্রকল্প আছে। এসব প্রকল্প আগামী অর্থবছরের (২০১৬-১৭) এডিপিতেও ঢুকে পড়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় এসব শ্লথগতির প্রকল্প অবহিত করা হয়। সভা সূত্রে জানা গেছে, এ প্রকল্পগুলো এডিপি থেকে বাদ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মত নেওয়ার সুপারিশ করা হয়।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বসে এ প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন প্রকল্প এডিপিতে থাকবে, কোনগুলো বাদ যাবে।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, এ প্রকল্পগুলোর কোনটা থাকবে, কোনটা বাদ যাবে, এ নিয়ে পরিকল্পনামন্ত্রী যে পরিকল্পনার কথা জানিয়েছেন, সেভাবেই সিদ্ধান্ত হবে। তিনি এর বেশি কিছু বলতে চাননি।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, তালিকায় থাকা শ্লথগতির ৪১টি প্রকল্পের মধ্যে এক টাকাও খরচ করতে পারেনি সাতটি প্রকল্প। এ প্রকল্পগুলোর বয়স ৫ থেকে ১০ বছর। কয়েকটির একাধিক দফায় সময় ও ব্যয় বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পগুলো হলো রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কলাপাতা-বালিয়াতলী-গঙ্গামতি সড়কে বড় বালিয়াতলীর আন্ধারমানিক নদীতে ৬৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ; টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ; রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন; ডেসকো এলাকায় ১৩২/৩৩/১১ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণ; শাহাজীবাজার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ এবং ডিপিডিসির আওতায় প্রি-পেইড মিটার প্রকল্প।
আইএমইডির তালিকায় আরও ১২টি প্রকল্প রয়েছে যেগুলোকে নামমাত্র বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এ প্রকল্পগুলোয় নিয়োগ করা লোকবলের জন্য শুধু বেতন-ভাতা ও আনুষঙ্গিক কাজে খরচ করা হচ্ছে। মূল কাজ কিছুই হয়নি। তাই এসব প্রকল্পের খরচ এক শতাংশের নিচে রয়েছে।
অন্য ২২টি প্রকল্পের ব্যয় ১ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। এসব প্রকল্পের বেশির ভাগই প্রকল্পের মূল কাজ শুরু করতে পারেনি।