এত বেশি বৈদেশিক মুদ্রার মজুতের দরকার নেই

বিভিন্ন সময় রাজনীতিবিদেরা বৈদেশিক মুদ্রার বিশাল মজুত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেছেন, এত বেশি মজুতের দরকার নেই।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত এখন নয় মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট উল্লেখ করে বিরূপাক্ষ পাল বলেন, মজুতের পরিমাণ তিন মাসের আমদানি ব্যয় মেটানোর চেয়ে বেশি হওয়া দরকার। তবে সেটা নয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বাড়তি হওয়াও ভালো নয়।
বাজেট নিয়ে বিনিয়োগ বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় বিরূপাক্ষ পাল এসব কথা বলেন। ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক বাজেট ও আবির্ভূত চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভা গতকাল বুধবার মতিঝিলে বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিরূপাক্ষ পাল ছিলেন এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক। বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব ওয়ালিউল ইসলাম বক্তব্য দেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, চীনের বৈদেশিক মুদ্রার মজুত তিন লাখ কোটি ডলার। তারা বড় মজুত রেখেছে রাজনৈতিক কৌশলগত কারণে। ভারতও এখন ‘সুপার পাওয়ার’ হয়ে উঠছে। তারাও বড় মজুত রাখছে। কিন্তু বাংলাদেশের এ রকম কৌশলগত প্রয়োজন নেই।
বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত তিন হাজার কোটি বা ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি।
বৈদেশিক মুদ্রার বড় মজুতের ব্যবস্থাপনা কোনো কোনো ক্ষেত্রে ব্যয়সাপেক্ষ উল্লেখ করে বিরূপাক্ষ পাল বলেন, বৈদেশিক মুদ্রা ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হলো আমদানি বাড়ানো। বাংলাদেশের আমদানির বেশির ভাগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি। তাই আমদানি বাড়লে তা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
মূল প্রবন্ধে বিরূপাক্ষ পাল উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতির সামনে অতি নিকটে কোনো বড় দুশ্চিন্তা নেই। বেসরকারি বিনিয়োগ দ্রুত বাড়ছে না, তবে তাতে মন্দাও নেই। বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এখন ১৬ শতাংশের কাছাকাছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে, সঞ্চয় বেশি এবং বিদেশি বিনিয়োগ বেড়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রভাব বাংলাদেশের ওপর খুব বেশি পড়বে না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দর কমে যাওয়ার প্রবণতা ক্ষণস্থায়ী হবে। কারণ, ব্রিটেনের অর্থনীতির ভিত্তি শক্তিশালী আছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের ৪ শতাংশেরও কম পাউন্ডে রাখা আছে।
ওয়ালিউল ইসলাম বলেন, যেকোনো অর্থনীতির জন্য কর্মসংস্থান গুরুত্বপূর্ণ। প্রতিবছর ২১ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করছেন। এঁদের কর্মসংস্থান নিশ্চিত না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না।
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে এস এ সামাদ বলেন, ‘এফডিআই নতুন বিনিয়োগ হিসেবে এল, না মুনাফার পুনর্বিনিয়োগ হলো, সে প্রশ্নে আমরা যাই না; বরং মুনাফা ফেরত না নিয়ে বিনিয়োগ করলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিদেশিদের আস্থা প্রকাশ পায়।’