দেড় বছর আগে দেশে যখন নতুন আটটি ব্যাংকের অনুমতি দেওয়া হয়, তার মধ্যে তিনটি হলো অনিবাসী বাংলাদেশি বা এনআরবি ব্যাংক। তবে যে মৌলিক উদ্দেশ্য নিয়ে এনআরবি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত ব্যাংকগুলোর কার্যক্রম সেই উদ্দেশ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতে পারেনি।
বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী দিনে (১০ জানুয়ারি) একটি কর্ম-অধিবেশনে এনআরবি ব্যাংকগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করতে গিয়ে এসব কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এই অধিবেশনে সভাপতিত্ব করেন।
এতে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বায়েজিদ সরকার এনআরবি ব্যাংকবিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও আয়-আমানত দক্ষতার সঙ্গে দেশে কাজে লাগানোর জন্যই এনআরবি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। তবে ব্যাংকগুলোর কার্যক্রমে এই উদ্দেশ্য থেকে বিচ্যুতি লক্ষ করা যায়।
বর্তমানে অনিবাসী বাংলাদেশিদের উদ্যোগে তিনটি ব্যাংক ব্যবসা করছে। এগুলো হলো: এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক।
প্রবন্ধে বলা হয়, কার্যক্রম শুরু করার এক বছরের মধ্যে তেমন কোনো মুনাফা করার সুযোগ না থাকলেও এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০১৪ সালের জুন শেষে পরিচালন মুনাফা করেছে। তবে এই ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকি গ্রহণ করছে। ব্যাংকগুলোর ঋণের বিপরীতে ঝুঁকিভিত্তিক সম্পদের (আরডব্লিউইএ) হার গত বছরের জুন শেষে দাঁড়িয়েছে ১৪০ শতাংশ, যেখানে গোটা ব্যাংক খাতে এই হার ১২৫ শতাংশ। অর্থাৎ এই ব্যাংগুলোর ১০০ টাকা ঋণের বিপরীতে ঝুঁকির পরিমাণ ১৬০ টাকা।
বায়েজিদ সরকার আরও বলেন, যে সময় এই ব্যাংকগুলো যাত্রা শুরু করে, সে সময় একদিকে দেশের অর্থনীতিতে কিছুটা শ্লথগতি চলছিল, অন্যদিকে ব্যাংক খাতের কিছু অনিয়ম-কেলেঙ্কারির প্রভাবে বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি ছিল। ফরে অনেকটা প্রতিকূলতার মধ্যেই কাজ শুরু করতে হয় ব্যাংকগুলোকে।
বায়েজিদ আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে কার্যক্রম বাড়তে থাকলেও এনআরবি ব্যাংকগুলো অন্য সব বাণিজ্যিক ব্যাংকের মতো অভ্যন্তরীণ বাজার থেকেই আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করছে। অথচ তাদের করণীয় ছিল প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমানত সংগ্রহ করা। এটি হচ্ছে না বলেই এই ব্যাংকগুলোর কার্যক্রম তার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে বলে প্রতীয়মান হয়।
বায়েজিদ বলেন, ব্যাংকগুলোকে এখন তাদের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় হতে তাগিদ দিতে হবে। তাহলে প্রবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত যেমন দেশে আসবে, তেমনি এসব অর্থ বড় বড় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা যাবে।
উল্লেখ্য, অভিবাসীদের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ ধরনের ব্যাংক গঠনের ধারণাটি পুরোপুরি একটি দেশজ ধারণা। সাত বছর আগে ২০০৭ সালের ডিসেম্বর মাসে অর্থনীতি সমিতির এক সম্মেলনে বায়েজিদ সরকারই ‘বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংকের বিকল্প তহবিল: প্রবাসী-আয় ব্যবহার করার পথ’ শিরোনামে এক প্রবন্ধে এনআরবি ব্যাংক গঠনের একটি তাত্ত্বিক কাঠামো উপস্থাপন করেন। সেমিনারে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম এই ধারণাকে ইতিবাচক অভিহিত করেন।
পরবর্তী সময়ে বায়েজিদ সরকার এনআরবি ব্যাংক গঠনের প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে পাঠান। অর্থমন্ত্রী সেটি বাংলাদেশ ব্যাংকে পাঠান। এর মধ্যে বায়েজিদ তাঁর প্রবন্ধটি কপিরাইট নিবন্ধন করান। বিদেশেও এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে তিনি ইতিবাচক সাড়া পান।