এবার কর্মশালা করে সমস্যা বুঝতে চায় সরকারি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাতের ব্যাংকগুলো ভালো চলছে না। কেন ভালো চলছে না তা জানতে-বুঝতে এবার কর্মশালার আয়োজন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাদের আশা এ কর্মশালা থেকে ব্যাংকগুলো নিজেরাই সমস্যাগুলো নির্ধারণ করতে পারবে।

‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনা: চ্যালেঞ্জ মোকাবিলার উপায়’ শীর্ষক এই কর্মশালা আগামী শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংক থেকে কর্মশালা আয়োজনের জন্য আট লাখ টাকা নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

যোগাযোগ করা হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমান বলেন, ‘ব্যাংকগুলোর পরিস্থিতি কী, সমাধান কীভাবে করা যায়, তা জানতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে সবার মতামত নেওয়া হবে।’

টাকা আদায় প্রসঙ্গে ইউনুসুর রহমান বলেন, ‘আমাদের নিজস্ব কোনো বাজেট নেই। এ জন্য ব্যাংকগুলো থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা দাওয়াতপত্র, কর্মশালার ফোল্ডারসহ বিভিন্নভাবে ব্যাংকগুলোর ব্র্যান্ডিং করে দেব। এতে ব্যাংকগুলোর প্রচারও হয়ে যাবে।’

জানা গেছে, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ১৪৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি ৮ ব্যাংকেরই খেলাপি ঋণ ৪০ হাজার কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের কারণে অন্য সব সূচকেই অবনতি ঘটেছে। এখন সরকারের মূলধন জোগানের ওপরই নির্ভর করছে এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতির বিষয়টি।

ব্যাংকগুলোর অবস্থা উত্তরণের জন্য এখন বিশেষ এই কর্মশালার আয়োজন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কর্মশালায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হালচাল, মূলধন পরিস্থিতি, ঋণ আদায়ের অবস্থা, শীর্ষ খেলাপিদের অবস্থা, লোকসানি শাখার বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

এদিকে কর্মশালা উপলক্ষে যে দাওয়াতপত্র বিলি করা হয়েছে, তাতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, তিন ডেপুটি গভর্নর, ৮ ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোর সমস্যা কী, তা নির্ধারণেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কীভাবে সমস্যার সমাধান করা যায়, তার কৌশল নির্ধারণ হতে পারে এই কর্মশালায়।

ব্যাংকগুলো সূত্রে জানা গেছে, গত জুন শেষে সোনালী ব্যাংকের ৩৩ হাজার কোটি টাকার ঋণের মধ্যে খেলাপি হয়ে গেছে ১১ হাজার ৪২১ কোটি টাকা। অগ্রণীর ২৪ হাজার ৫৩৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ৪ হাজার ৯০৪ কোটি টাকা। জনতা ব্যাংকের ৩৮ হাজার ১০৩ কোটি টাকা ঋণের মধ্যে ৫ হাজার ৩৪০ কোটি টাকা ও রূপালী ব্যাংকের ১৭ হাজার ৬৭৪ কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার ৭৫৯ কোটি টাকা খেলাপি হয়ে গেছে।

বেসিক ব্যাংকের ১৩ হাজার ৯৪৬ কোটি টাকার ঋণের মধ্যে খেলাপি হয়েছে ৭ হাজার ৩৯০ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ হাজার ৪৬৮ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ৭৬৪ কোটি টাকা। ব্যাংক দুটির অর্ধেকের বেশি ঋণই খেলাপি।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ১৮ হাজার ৩১১ কোটি টাকা ঋণের ৪ হাজার ৩১৫ কোটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪ হাজার ৮৮২ কোটি টাকা ঋণের ১ হাজার ২০২ কোটি টাকা খেলাপি।

সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি ব্যাংকগুলোতে ঋণ আদায় হয়েছে মাত্র ৩ হাজার ১৫২ কোটি টাকা। অর্থাৎ, খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে মাত্র সাড়ে ৭ শতাংশ। ঋণখেলাপি বাড়ায় মূলধনের ঘাটতিতে পড়ছে ব্যাংকগুলো। এ কারণে সরকারি ব্যাংকগুলোকে বাজেটের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার মূলধন জোগান দেওয়া হয়েছে।