এবার জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এই পূর্বাভাস দেওয়ার পেছনে এডিবি মূলত দুটি কারণ দেখিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলের মন্দাবস্থা থেকে বেরিয়ে আসার প্রবণতা অব্যাহত থাকলে গত অর্থবছরের চেয়ে চলতি বছরে রপ্তানি আয় বাড়বে। এ ছাড়া প্রবাসীরাও আগের চেয়ে বেশি প্রবাসী-আয় (রেমিট্যান্স) পাঠাবেন। এর ফলে স্থানীয় চাহিদা ব্যাপকভাবে বাড়বে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫ প্রকাশ করা হয়। এই আউটলুকের বাংলাদেশ অংশে এসব কথা বলা হয়েছে। এডিবির ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

এডিবি আশা করে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগের চেয়ে বেশি বাস্তবায়ন হবে। এ ছাড়া স্থিতিশীল ব্যবসার পরিবেশ থাকার কারণে বিনিয়োগও চাঙা হবে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বিনিয়োগের গতি বাড়বে।

উল্লেখ্য, চলতি অর্থবছরে সরকার ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করেছে। গত অর্থবছরে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রতিবেদনে উচ্চ প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার জন্য তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে এডিবি। এগুলো হলো: সম্পদ আহরণ, কাঠামোগত সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন।

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি আরও কমবে বলে মনে করে এডিবি। এডিবি বলছে, ২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। গত বছর এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। নির্বিঘ্ন পণ্যের সরবরাহব্যবস্থা, সতর্ক মুদ্রানীতি প্রণয়ন ও ফলন ভালো হবে বলে এডিবি আশা করে; যা মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে। তবে সরকারি খাতে বেতন ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি কিছুটা মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে।

এডিবির আউটলুকে বলা হয়েছে, চলতি অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই আগের বছরের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে। কৃষি খাতের প্রবৃদ্ধি ৩ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ২ শতাংশ হবে। শিল্প খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮ শতাংশ হবে। গত অর্থবছর এ খাত প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬ শতাংশ। কেননা, তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি, উৎপাদন ও নির্মাণ খাত চাঙা হওয়ার আশা করছে এডিবি। এ ছাড়া সেবা খাতে এ বছর প্রবৃদ্ধি ৬ শতাংশ হতে পারে। গত বছর এ খাতে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ।

সংবাদ সম্মেলনে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে গড়ে ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি বা অগ্রাধিকারমূলক বাজারসুবিধা স্থগিত করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপসহ নতুন নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম রয়েছে। এতে রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে।

এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট পারভেজ ইমদাদ বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রবৃদ্ধির সুফল সাধারণের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, নতুন বেতনকাঠামো মূল্যস্ফীতিতে খুব বেশি প্রভাব ফেলবে না। আবার এই বেতনকাঠামো বাস্তবায়নের ফলে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

এদিকে এশিয়ার দেশগুলো চলতি অর্থবছরে আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছে এডিবি। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এশীয় দেশগুলোর গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। কিন্তু চলতি বছরে তা বেড়ে ৬ শতাংশ হবে। গত অর্থবছরে এশিয়ার গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বিশ্বব্যাপী পণ্যের দাম কমে যাওয়ায় এশীয় দেশগুলোতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে বলে মনে করছে এডিবি।