এবার পাট উৎপাদন বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাক্কলনে ২০১৪-১৫ অর্থবছরে দেশে পাট উৎপাদন বৃদ্ধির কথা বলা হয়েছে। আলোচ্য অর্থবছরে উৎপাদিত পাটের পরিমাণ ৭৫ লাখ ১ হাজার ১১ বেল হতে পারে বলে সাময়িক প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এর আগের ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৪ লাখ ৩৬ হাজার ২২৮ বেল পাট উৎপাদিত হয়েছে। তার আগের অর্থবছরে আরও বেশি পরিমাণ পাট উৎপাদিত হয়েছিল। ওই বছরে উৎপাদিত হয়েছিল ৭৬ লাখ ১০ হাজার ৫৮৫ বেল।
বিবিএস সম্প্রতি পাট উৎপাদনের সর্বশেষ পরিস্থিতির তথ্য প্রকাশ করেছে। বর্তমানে খেত থেকে পাট কাটা ও জাগ দেওয়ার মৌসুম চলছে। কৃষকেরা এই পাট শুকিয়ে ঘরে তোলার পরই উৎপাদনের প্রকৃত চিত্রটি পাওয়া যাবে। বিবিএসের প্রাক্কলন অনুযায়ী জেলাওয়ারি এ মৌসুমে সর্বোচ্চ ৭ লাখ ৩৪ হাজার ৫৮৪ বেল পাট উৎপাদিত হবে ফরিদপুরে।
বিবিএস বলছে, চলতি ২০১৪-১৫ মৌসুমে গত বছরের চেয়ে বেশি পরিমাণ জমিতে পাট চাষ হয়েছে। আলোচ্য বছরে ১৬ লাখ ৬২ হাজার ২০০ একর জমিতে পাট চাষ হয়েছে। এর আগের অর্থবছরে পাট চাষ হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ১১৮ একর জমিতে। প্রতি একরে ৪ দশমিক ৫১ বেল পাট উৎপাদিত হবে বলে মনে করছে বিবিএস। গত মৌসুমে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৫২ বেল।