বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদন প্রকাশ
এবার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ

চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর আগামী অর্থবছরে এ প্রবৃদ্ধি আরও কমে ৬ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
গতকাল সোমবার ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আপডেট ২০১৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পূর্বাভাস দেওয়া হয়। ঢাকার বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
জিডিপি প্রবৃদ্ধি প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রবৃদ্ধিতে একটি ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে গত অর্থবছরের প্রাথমিক প্রাক্কলনের তুলনায় ব্যক্তি খাতের ও সরকারি ভোগব্যয়ের প্রবৃদ্ধি কম হবে বলেই চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হবে। আর বিনিয়োগসহ বেশ কিছু অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমে যাবে।
বিনিয়োগ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় হার এখন জিডিপির ৩০ দশমিক ৩ শতাংশ, যা অভ্যন্তরীণ বিনিয়োগ হারের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট বেশি। এর কারণ ব্যাখ্যা করে জাহিদ হোসেন বলেন, বিনিয়োগ করার মতো যথেষ্ট অর্থ দেশে রয়েছে কিন্তু যথাযথ পরিবেশের ঘাটতি আছে। বিনিয়োগ পরিবেশের অভাবের কারণেই অর্থ পাচার বেড়েছে। পরিবেশ সৃষ্টি হলে বিনিয়োগ হবে। রাস্তাঘাট, গ্যাস-বিদ্যুৎ, বন্দর-সুবিধাসহ অবকাঠামো তৈরি করা হলে বেসরকারি খাতেও বিনিয়োগ আসবে।
জিডিপি অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগ গত তিন অর্থবছরের তুলনায় এখন সর্বনিম্ন পর্যায়ে আছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীল পরিবেশের অভাবে জিডিপি অনুপাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। বেসরকারি খাতে প্রাক্কলিত ও প্রকৃত বিনিয়োগের মধ্যে ব্যবধানও দিন দিন বেড়েই চলেছে।
বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতাও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) উন্নত দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি এ বছর মাত্র ১ দশমিক ৭ শতাংশ হবে। চলতি বছরের শুরুতে এ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ২ দশমিক ৪ শতাংশ। প্রধান রপ্তানি বাজারগুলোর নিম্ন প্রবৃদ্ধি বাংলাদেশের রপ্তানিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ ছাড়া নতুন বাজার হিসেবে সম্ভাবনাময় উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর নেতিবাচক প্রবৃদ্ধি, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের প্রভাবও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করবে।
বিশ্বব্যাংকের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রবাসী আয় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও এ প্রবণতা অব্যাহত আছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের মতো দেশে পাঠানো শ্রমিকের সংখ্যা গত সাত বছরে ৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। কিন্তু এর বিপরীতে মাথাপিছু আয় কমে যাওয়া, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া, জ্বালানি তেলের অব্যাহত দরপতনের মতো বিষয়ের কারণে প্রবাসী আয় কমেছে।
২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেলেও তৈরি পোশাকের ওপর অতিনির্ভরশীলতার বিষয়টি স্বস্তিদায়ক নয় বলে মনে করে বিশ্বব্যাংক। প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, আলোচ্য সময়ে রপ্তানি আয়ে তৈরি পোশাকের অবদান আরও ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮২ শতাংশ হয়েছে। আর তৈরি পোশাকের রপ্তানিও মূলত এখনো যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডাকেন্দ্রিক। রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণের কথা বলা হলেও সেটি কার্যকর করা যাচ্ছে না।
বাংলাদেশে নতুন বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুতের সংযোগপ্রাপ্তিকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির হিসাবে এ দেশে শিল্পকারখানায় বিদ্যুৎ পেতে গড়ে ৪০৪ দিন সময় লাগে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভের পরিমাণ ও তা ব্যবহার করে মুনাফার পরিমাণ বাড়লেও এর নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য হ্রাস ও অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীল সরবরাহব্যবস্থার কারণে ২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে রাখা সম্ভব হয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বেসরকারি ঋণপ্রবাহ বাড়ায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ হয়েছে। এ মূল্যস্ফীতি আগামী দুই অর্থবছরে আরও বাড়তে পারে বলে মনে করে বিশ্বব্যাংক।
অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এর মধ্যে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাব্যবস্থার সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।