এমডিজির শিক্ষা কাজে লাগাতে হবে এসডিজিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসিবির ত্রৈমাসিক নিউজ বুলেটিন
আইসিসিবির ত্রৈমাসিক নিউজ বুলেটিন

জাতিসংঘে অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তবসম্মত পথে অগ্রসর হতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক নিউজ বুলেটিন-এর অক্টোবর-ডিসেম্বর সংখ্যার সম্পাদকীয়তে এই পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, এসডিজি অর্জনে বাংলাদেশের জন্য অর্থায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে আটটিতে ভালোভাবেই সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে। বাকি নয়টির মধ্যে স্বাস্থ্য, সার্বিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও শাসনব্যবস্থা ইত্যাদি দুর্বল অবস্থানে রয়েছে।
আইসিসিবি মনে করে, এসডিজি শুধু সরকার, সুশীল সমাজ ও বেসরকারি খাতের ইস্যু নয়—এটি একটি নাগরিক এজেন্ডা।
জাতিসংঘ ১৫ বছরের মধ্যে অর্জনের জন্য গত বছরের সেপ্টেম্বরে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুমোদন করেছিল।
আইসিসিবি বলেছে, দারিদ্র্য বিমোচনের আটটি লক্ষ্য বাস্তবায়নে নেওয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ২০১৫ সালের মধ্যে অর্জন করার কথা ছিল। এর অনেক লক্ষ্যমাত্রাই বিশ্বব্যাপী এমডিজির অর্জিত হয়েছে। কিন্তু এ অর্জন সব দেশ ও অঞ্চলে সমানভাবে হয়নি এবং উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। এ অর্জন থেকে দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিশেষ সংস্কৃতি ও ভৌগোলিক অঞ্চলভিত্তিক জনগোষ্ঠী পেছনে পড়ে রয়েছে। সে জন্য সবচেয়ে পিছিয়ে থাকা বা বেশি ক্ষতিগ্রস্ত এসব জনগোষ্ঠীর কাছে পৌঁছাতেই এসডিজি লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশের দারিদ্র্যের হার ১৯৯০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০১৫ সালে ১৪ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দু-তৃতীয়াংশের চেয়েও বেশি কমেছে দারিদ্র্য। আর অপুষ্টিজনিত জনগোষ্ঠীর সংখ্যাও কমে অর্ধেক হয়েছে। একই সময়ে চরম দারিদ্র্যের হার কমে অর্ধেকে নেমেছে। বিশ্বব্যাপী তরুণ জনগোষ্ঠীর (১৫-২৪ বছর বয়সী) শিক্ষার হারও ৮৩ শতাংশ থেকে বেড়ে ৯১ শতাংশ হয়েছে। সেই সঙ্গে নারী-পুরুষের মধ্যে অসমতার ব্যবধানও কমে এসেছে।
এ ছাড়া বিগত ২৫ বছরে বিশ্বে ঝুঁকিপূর্ণ কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ১৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। একই কাজে পুরুষদের অংশগ্রহণ কমেছে ৯ শতাংশীয় পয়েন্ট। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৯০ থেকে ৪৩ জনে নেমে এসেছে বা কমে অর্ধেক হয়েছে। মরণব্যাধি এইচআইভিতে নতুন আক্রান্তের সংখ্যাও ৪০ শতাংশ কমে ৩৫ লাখ থেকে ২১ লাখে নেমেছে।
আইসিসিবি বলছে, এসব সফলতা সত্ত্বেও দারিদ্র্যের অসম্মানজনক অবস্থা থেকে সবাই মুক্ত হয়নি এবং দুর্ভাগ্যজনকভাবে সফলতাগুলোও সবার জন্য সমানভাবে আসেনি। যেমন, আফ্রিকা মহাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রয়োজনীয় সম্পদের অভাবে পেছনে পড়ে আছে। আবার আয়বৈষম্যের কারণে বিশ্বের কিছু দেশে গ্রামাঞ্চল এখনো দরিদ্র রয়ে গেছে।