এলডিসি থেকে বাংলাদেশের বের হতে এক দশক লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙ্কটাডের এলডিসি​ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে (বঁা থেকে) খন্দকার গোলাম মোয়াজ্জেম, দেবপ্রিয় ভট্টাচার্য, তৌফিক ইসলাম খান, মোস্তাফিজুর রহমান ও আনিসাতুল ফাতেমা ইউ​সুফ
আঙ্কটাডের এলডিসি​ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে (বঁা থেকে) খন্দকার গোলাম মোয়াজ্জেম, দেবপ্রিয় ভট্টাচার্য, তৌফিক ইসলাম খান, মোস্তাফিজুর রহমান ও আনিসাতুল ফাতেমা ইউ​সুফ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আগামীকালও যদি বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার শর্ত পূরণ করে, তাহলেও ছয় বছরের আগে এখান থেকে বের হতে পারবে না। কারণ তিন বছর করে ছয় বছর বাংলাদেশকে পর্যবেক্ষণে থাকতে হবে। এলডিসি দেশগুলোর অবস্থা তিন বছর পর পর মূল্যায়ন করা হয়। পরবর্তী মূল্যায়ন হবে ২০১৫ সালে। ওই বছরের তালিকায় বাংলাদেশ বিবেচনায় নেই। এর পরের তালিকায় (২০১৮ সাল) যদি থাকে, তাহলেও অন্তত এক দশকের আগে এলডিসি থেকে বের হতে পারছে না বাংলাদেশ।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এলডিসি প্রতিবেদন-২০১৪ প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানে দেবপ্রিয় এসব কথা বলেন।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) তৈরি করা এই প্রতিবেদনটি গতকাল বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করা হয়। প্রতিবেদনের এবারের প্রতিপাদ্য ‘কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে প্রবৃদ্ধি: ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা’।
মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনীতির ভঙ্গুরতা—এই তিনটি সূচকের ওপর ভিত্তি করেই স্বল্পোন্নত দেশ নির্ধারণ করা হয়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে পৌঁছাতে হলে এই দেশগুলোর মাথাপিছু আয় এক হাজার ১৯০ ডলার, মানবসম্পদ সূচক ৬৬ এবং অর্থনীতির ভঙ্গুরতা সূচক ৩২ হতে হবে। আংকটাডের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ ডলার, মানবসম্পদ সূচক ৫৪ দশমিক ৭ এবং অর্থনীতির ভঙ্গুরতা সূচক ৩২ দশমিক ৪।
প্রসঙ্গত, অন্য দুই সূচক বাড়লে তা ভালো। অন্যদিকে অর্থনীতির ভঙ্গুরতা সূচক কমলে তা ওই দেশের জন্য ভালো। আবার ২০১৫ সালে যে মূল্যায়ন হবে, তাতে এলডিসি থেকে বের হওয়ার ক্ষেত্রে অ্যাঙ্গোলা ও কিরিবাতিকে সম্ভাব্য দেশ মনে করা হচ্ছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনসংখ্যা অনেক বেশি হওয়ায় মাথাপিছু আয়ের দিক থেকে এলডিসি থেকে বের হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন। সে ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন ও অর্থনীতির ভঙ্গুরতা সূচকে ভালো করা সহজ। তিনি বলেন, এলডিসি দেশগুলো মূলত তিন ভাবে এখান থেকে বের হয়। প্রথমত, প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে, যেমন করেছে মালদ্বীপসহ দ্বীপরাষ্ট্রগুলো। দ্বিতীয়ত, অর্থনীতিকে বহুমুখীকরণ করা (যেমন বিভিন্ন ধরনের শিল্প খাতকে সহায়তা দেওয়া, যেন তারাও ভূমিকা রাখতে পারে)। তৃতীয়ত, অর্থনীতিকে বিশেষায়িত করা (যেমন কোনো ক্ষেত্রে একটি বিশেষ খাতকে ধরে এগিয়ে যাওয়া)।
দেবপ্রিয় আরও বলেন, মধ্যম আয়ের দেশের কাতারে যাওয়া মানেই এলডিসির তালিকা থেকে বের হয়ে যাওয়া নয়। এর মধ্য দিয়ে শুধু একটি দেশের আয় বাড়ে, কিন্তু অন্যান্য সূচকে পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। এ অবস্থায় অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ছাড়া যদি আয় বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়, তাহলে হয়তো মানুষের আয় বাড়বে, কিন্তু অর্থনীতির বড় সমস্যাগুলো কাটবে না।’
অনুষ্ঠানে জানতে চাওয়া হয়, এলডিসি হিসেবে বাংলাদেশ এখন যেসব সুবিধা পাচ্ছে, এলডিসি থেকে বেরিয়ে গেলে কি তা পাবে? জবাবে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসি হিসেবে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পায়। তবে বিশ্বব্যাপী এখন শুল্ক কমছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মাধ্যমে যেমন শুল্ক কমানো হয়, তেমনি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যকার শুল্কহার কমে যাচ্ছে। তাই অগ্রাধিকারমূলক বাজারসুবিধা এমনিতেই দিনে দিনে কমে যাচ্ছে। সামনের দিনগুলোতে আরও কমে যাবে। এ সময় তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ‘বাজারসুবিধা পাব না, তাই বলে কি এলডিসি হয়েই থাকব?’
প্রসঙ্গত, ডব্লিউটিওর আওতায় স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা দিচ্ছে উন্নত দেশগুলো। একমাত্র যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি এলডিসিকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেয়নি।
এলডিসির সদস্যগুলো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কম সুদে ঋণও পায়। সেটাও বন্ধ হয়ে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘তখন বাণিজ্যিক সুদের হারে ঋণ নিতে হবে। কিন্তু এখনই অনেক ক্ষেত্রে বাণিজ্যিক হারে ঋণ নেওয়া হচ্ছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, কম সুদের ঋণ এলডিসি হিসেবে দেওয়া হয় না। দেওয়া হয় নিম্ন আয়ের দেশ হিসেবে। এখন আমরা যদি মধ্যম আয়ের দেশে উন্নীত হই, তাহলেও কিন্তু সুদের হার বেড়ে যাবে।
প্রসঙ্গত, বর্তমানে এলডিসিভুক্ত দেশ আছে ৪৮টি। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত মাত্র চারটি দেশ এলডিসি থেকে বের হতে পেরেছে। দেশগুলো হলো বতসোয়ানা, কেপ ভারদে, মালদ্বীপ ও সামোয়া।
এলডিসি প্রতিবেদন: অনুষ্ঠানে আংকটাডের প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। প্রতিবেদন বলছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ২ শতাংশ আসে কৃষি খাত থেকে। উৎপাদনশীল খাত থেকে ১৮ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাত থেকে আসে ৩২ শতাংশ। অথচ দেশের মোট কর্মসংস্থানের ৫৪ দশমিক ৪ শতাংশই হয়েছে কৃষি খাতে। আর শিল্পে কর্মসংস্থান হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। কৃষি খাতে নিয়োজিতদের আয় যেমন কম, তেমনি উৎপাদনশীলতাও কম। এ খাত থেকে যত বেশি লোককে উৎপাদনশীল খাতে নেওয়া যাবে, তাদের উৎপাদন ও আয় তত বাড়বে।
খান আরও বলেন, দেশের অর্থনীতিকে ভালো করতে না পারলে মানুষের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে না। আবার সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা না গেলে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না। এটা একধরনের দুষ্টচক্র। সে কারণে অর্থনীতির স্বার্থেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে।