এশিয়ার জন্য ভালো হবেন কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্তের (ব্রেক্সিট) পর অবাক হয়ে যান এশিয়ার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। জুনে ব্রেক্সিট ভোটের আগে ধারণা করা হচ্ছিল, যুক্তরাজ্য ইইউয়ের সঙ্গেই থাকবে। যখন সত্যিই তারা বেরিয়ে গেল, ব্যবসায়িক কর্মকাণ্ড ও পুঁজিবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব দেখা দিয়েছিল।

ঠিক তেমনই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে নিয়ে চলছে নানা অর্থনৈতিক পর্যালোচনা—কে মার্কিন প্রেসিডেন্ট হলে এশিয়ার জন্য ভালো হবে। তাই নির্বাচনের আগে বাণিজ্য, অভিবাসন, পুঁজিবাজার, মুদ্রাবাজার পরিস্থিতি পর্যালোচনা করছেন এশিয়ার অর্থনীতিবিদেরা।

বাণিজ্য
যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে এশিয়ার পছন্দ হিলারি ক্লিনটন। কারণ, এ ক্ষেত্রে এশিয়ার জন্য হিলারির নীতি সুবিধাজনক। যদিও ট্রাম্প ও হিলারি দুজনেই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাতিল না করার কথা জানিয়েছেন। তবে হিলারি এই টিপিপি চুক্তিকে ভিন্ন উপায়ে সমর্থন করবেন বলে মনে করে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলো। টিপিপি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে উপকৃত হবে এশিয়ার মালয়েশিয়া ও ভিয়েতনাম।

এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্রে ট্রাম্পের অর্থনৈতিক নীতি কিছুটা নেতিবাচক বলে মনে করা হচ্ছে। কোনো উদ্দেশ্য সাধনে শুল্ক আরোপ হতে পারে—এমন হুমকি রয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। ট্রাম্পের নীতি অনুযায়ী, চীন থেকে আমদানির ক্ষেত্রে সব ধরনের পণ্যের ওপর ৪৫ শতাংশ শুল্ক বসানো হবে, যা চীনের ইলেকট্রনিকস বাজারকে ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রে চীনের মোট রপ্তানির ৫০ শতাংশই হলো ইলেকট্রনিকস পণ্য।

অভিবাসন ও ভিসা
অভিবাসন ও ভিসাসংক্রান্ত বিষয়েও ট্রাম্পের থেকে হিলারি বেশি স্বস্তিকর এশিয়ার জন্য। অর্থনীতিবিদেরা বলছেন, ট্রাম্প নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সেসব কোম্পানি বিদেশ থেকে কর্মী নেয়, তাঁদের ভুগতে হবে। অর্থাৎ, ট্রাম্প নির্বাচিত হলে ভারত ও ফিলিপাইনের মতো দেশগুলো শ্রমবাজার হারাবে। কারণ, যুক্তরাষ্ট্রের বহু কোম্পানিতে প্রচুর ভারতীয় ও ফিলিপাইনের নাগরিক কাজ করেন।
ট্রাম্পের নীতিতে রয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণ আছে—এমন দেশ থেকে কোনো নাগরিক নেওয়া হবে না। অর্থাৎ, ট্রাম্প নির্বাচিত হলে অবশ্যই ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ক্ষতিগ্রস্ত হবে।

পুঁজিবাজার মুদ্রাবাজার
গত সপ্তাহে ভোট জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে ব্যবধান কমে আসার সংবাদে ব্যাপক দরপতন হয় এশিয়ার পুঁজিবাজার। এ থেকেই আঁচ করা যায়, এশিয়ায় জনপ্রিয় কে। অর্থনীতিবিদেরা মনে করেন, ট্রাম্প নির্বাচিত হলে পুঁজিবাজার ও মুদ্রাবাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে, হিলারির নেতৃত্বকে এশিয়ার পুঁজিবাজার ও মুদ্রাবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই হিলারিকে নির্দোষ বলে ঘোষণা দেওয়ায় ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায় এশিয়ার পুঁজিবাজার ও মুদ্রাবাজারে।
তাই মার্কিনরা যদি সংকীর্ণ মনোভাবের হয়, তবে এশিয়ার রপ্তানিকারকদের খুব শিগগির নতুন বাজার ও নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজতে হবে। সূত্র: বিবিসি অনলাইন