এসএমই খাতের বেশি ঋণ গেছে ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) বিতরণ করা ঋণের বেশির ভাগ অর্থই গেছে ব্যবসা খাতে।
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ৭২ হাজার ৬২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৪৬ হাজার ১৪৯ কোটি টাকা অর্থাৎ বিতরণ করা ঋণের ৬৪ শতাংশের বেশি ব্যবসার জন্য বিতরণ হয়েছে।
আগের অর্থবছরের প্রথম নয় মাসে এসএমই খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৬২ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নয় হাজার ৫৮৯ কোটি টাকা বা ১৫ দশমিক ৩৫ শতাংশ বেশি ঋণ গেছে এসএমই খাতে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ে ব্যবসা খাতে এসএমই ঋণের ৪০ হাজার ৬৭০ কোটি টাকা বা ৬৫ শতাংশের বেশি বিতরণ করা হয়।
চলতি বছরের প্রথম নয় মাসে শিল্প খাতে এসএমই ঋণে ২০ হাজার ২৪৫ কোটি বিতরণ হয়েছে। আগের বছরের একই সময় যা ছিল ১৮ হাজার ৪৯২ কোটি টাকা। এ ছাড়া সেবা খাতে চলতি বছর বিতরণ হয়েছে পাঁচ হাজার ৬৬৮ কোটি টাকা। আগের বছর বিতরণ হয় তিন হাজার ৩১০ কোটি টাকা। চলতি বছর ঋণ পাওয়া উদ্যোক্তার সংখ্যা অস্বাভাবিক হারে কমে তিন লাখ ৯০ হাজার জনে নেমে এসেছে। আগের বছরের একই সময় যেখানে ছয় লাখ ৩২ হাজার উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়েছিল।
প্রথম নয় মাসে ২০ হাজার ৩৪৯ জন নারী উদ্যোক্তা দুই হাজার ৬৫১ কোটি টাকার ঋণ পান। আগের বছরের একই সময় ৩৬ হাজার নারী উদ্যোক্তা পেয়েছিলেন দুই হাজার ৩৪৮ কোটি টাকা।