এসডিজি অর্জনে জোর দিতে হবে স্থানীয় পরিকল্পনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু জাতিসংঘ, সরকার কিংবা বিশ্ব নেতৃবৃন্দের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জন করতে হবে স্থানীয় জনগণ ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে।
রাজধানীতে মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও দ্য হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) স্থানীয়করণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, বৈশ্বিক, জাতীয় কিংবা স্থানীয় পর্যায়—কেউ একা টেকসই উন্নয়ন আনতে পারবে না। এ পর্যায়গুলোর মধ্যে সমন্বয় দরকার।
আকবর আলি খান আরও বলেন, সুশীল সমাজের ভূমিকা নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করে না। কিন্তু ভুলত্রুটি ধরিয়ে দেওয়াই সুশীল সমাজের দায়িত্ব। তারা সরকারের ‘চামচা’ নয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিকল্পনাই শুধু করা হয়েছে, শক্তিশালী করা হয়নি। স্থানীয় সরকার পর্যায়ে সাংসদদের সর্বত্র বিচরণ ঠেকাতে হবে। তা না হলে এসডিজিতে লাভ হবে না। সাংসদেরা সব সময়েই ভাগ বসাবে।
দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, সমাজের সব স্তরে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অংশগ্রহণমূলক।
সভায় আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ।