এসডিজি অর্জনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এমসিসিআই ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে অতিথিরা l ছবি: এমসিসিআইয়ের সৌজন্যে
এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এমসিসিআই ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে অতিথিরা l ছবি: এমসিসিআইয়ের সৌজন্যে

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নীতি গ্রহণ ও বাস্তবায়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বেসরকারি খাত। এসডিজিতে জাতিসংঘ যে লক্ষ্যগুলো ঠিক করেছে তার অনেকগুলো বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত।
‘এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে ব্যবসায়ীরা এসব কথা বলেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে এমসিসিআইর সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসডিজি হলো জাতিসংঘের গ্রহণ করা একটি বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা। ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ সম্মেলনে এটি গৃহীত হয়। এতে ২০৩০ সালের মধ্যে মোটা দাগে ১৭টি লক্ষ্য অর্জনের জন্য দেশগুলো অঙ্গীকার করেছে।
অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা অপরিহার্য। কিন্তু এসডিজির নথিপত্রে বেসরকারি খাতের ভূমিকা কী হবে তা পরিষ্কারভাবে বলা হয়নি। তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি খাত খুবই শক্তিশালী। শোভন কাজ, পরিবেশগত দিক দিয়ে টেকসই ও নৈতিক উৎপাদনব্যবস্থা, করপোরেট সামাজিক দায়বদ্ধতা—এসডিজির এসব বিষয়ের সঙ্গে বেসরকারি খাত সম্পর্কযুক্ত।
এসডিজি বাস্তবায়নে তথ্যের ঘাটতির কথাও তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, কার্যকর উদ্যোগ নিতে তথ্য-উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপাত্তে ব্যাপক ঘাটতি আছে। তিনি সঠিক তথ্য-উপাত্ত পেতে প্রয়োজনীয় গবেষণা ও সক্ষমতা উন্নয়নের তাগিদ দেন। এ জন্য সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ৪০৭ কোটি ডলার বিনিয়োগের প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ আসবে বেসরকারি খাত থেকে। তিনি বলেন, এসডিজির ১২ নম্বর লক্ষ্য টেকসই উৎপাদন ও ভোগ বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কিত। এসডিজির ৮ ও ৯ নম্বর লক্ষ্যের কিছু অংশেও বেসরকারি খাতের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি সমন্বিতভাবে বেসরকারি খাতের সুপারিশ সরকারের কাছে তুলে ধরতে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বেসরকারি খাতকে এসডিজির অংশ করা হয়েছে, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে ছিল না। ফলে এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম জোর দেন সুশাসনের ওপর। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে কিছুই হবে না।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম বলেন, দেশের গ্যাস-বিদ্যুতের সংকট, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ঘাটতি অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যপূরণে বাধা তৈরি করছে। রপ্তানিতে পোশাক নির্ভরশীলতাও কমানো দরকার বলে উল্লেখ করেন তিনি।
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, এসডিজি বাস্তবায়ন নিয়ে অবশ্যই বেসরকারি খাতের সঙ্গে আলোচনা হবে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশে সুশৃঙ্খল বেসরকারি খাত নেই।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ব্যবসা টেকসই হওয়ার আগে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। সরকারি কেনাকাটার মান উন্নত করা জরুরি। তিনি বলেন, ‘আমাদের বিক্ষিপ্ত আলোচনা করা উচিত না। আমরা চাই বসবাসের উপযোগী ঢাকা শহর।’
সংলাপে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, বাংলাদেশ প্রতিবন্ধী ফোরামের সভাপতি আবদুস সাত্তার দুলাল প্রমুখ বক্তব্য দেন।