
টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই এসডিজি অর্জন প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পৃক্ততা তৈরিতেও বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ বা আইসিসিবি আয়োজিত দুদিনের ‘এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের’ গতকাল বৃহস্পতিবার শেষ দিনের একাধিক অধিবেশনে এসব পরামর্শ উঠে আসে। সকাল সাড়ে নয়টায় প্ল্যানারি সেশন বা পূর্ণাঙ্গ অধিবেশনের মধ্য দিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ফোরামের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়। এর আগে গত বুধবার বিকেলে একই ভেন্যুতে ফোরামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে সূচনা বক্তব্য দেন জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা ইউএন এসকেপের নির্বাহী সম্পাদক শামসাদ আকতার। আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউচান থাকালি, জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিটুই, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং এবং এশিয়ান স্ট্র্যাটেজিক অ্যান্ড লিডারশিপ ইনস্টিটিউটের (এএসএলআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ইয়ো।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে বাংলাদেশ বেশ সফলতার পরিচয় দিয়েছে। আশা করছি সেই ধারাবাহিকতা এসডিজি অর্জনের ক্ষেত্রেও দেখাতে পারব।’ এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশাবাদ মন্ত্রীর। এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কিছু তথ্য ও সূচক তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, বর্তমান সরকার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশের সঙ্গে উল্লিখিত তিন দেশের অমীমাংসিত অনেক বিষয়ে সমাধান করা হয়েছে। এ সময় তিনি এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউচান বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নয়ন ঘটাতে হলে বাণিজ্যসংক্রান্ত আইনকানুন ও পরিবেশকে আরও সহজ করতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, দারিদ্র্য দূরীকরণসহ এসডিজির বাস্তবায়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেসরকারি খাত দায়িত্বশীলতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন ঘটাতে সক্ষম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজিকে সমন্বয় করা হয়েছে। এসডিজির ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট পূরণে একটি ‘ম্যাপ’ও করেছে সরকার। সেখানে মন্ত্রণালয় ও সরকারের বিভাগভিত্তিক দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে। বেসরকারি খাত থেকেও এ ধরনের সুনির্দিষ্ট দায়িত্ব ও লক্ষ্য নির্ধারণ করা হলে এসডিজি বাস্তবায়ন সহজ হবে।
ফোরামের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে দুপুর পর্যন্ত সোনারগাঁও হোটেলে একাধিক ভেন্যুতে ভিন্ন ভিন্ন কয়েকটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘আঞ্চলিক সম্পৃক্ততার জন্য বাণিজ্য ও পরিবহন সহজীকরণ’ শীর্ষক কর্ম অধিবেশনে আলোচকেরা বলেন, এ অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বাধার কারণে সময় ও খরচ উভয়ই বেশি। এ কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখান না।
বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্ম অধিবেশনটিতে আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া অ্যান্ড প্যাসিফিক) মাহবুব উজ জামান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার উইন্ডি জো ওয়ার্নার, ভারতের বেসরকারি প্রতিষ্ঠান কাটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি প্রমুখ।