কর আছে কর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: জুনায়েদ
কার্টুন: জুনায়েদ

আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতার কাছ থেকে কর আদায়ে নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। আবার ছাড়ও রয়েছে কারও কারও জন্য। ব্যক্তিপর্যায়ে করের প্রভাব নিয়ে এই আয়োজন।
২.৫ লাখ টাকা আয় হলেই কর
প্রস্তাব: ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা বহাল রাখা হয়েছে।
প্রভাব: গতবারও করমুক্ত আয়সীমা এটাই ছিল। আর কর হারও আগের মতো আছে। তবে আপনার আয় আড়াই লাখ টাকার বেশি হলেই কর দিতে হবে। অর্থাৎ গত এক বছরে যদি আপনার বেতন-ভাতা কিংবা আয় বেড়ে আড়াই লাখ টাকা পার হয়ে থাকে, তাহলে এবার আপনি সরকারের আয়কর জালে ঢুকে যাবেন।
নারী ও ৬৫ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সের ব্যক্তিদের জন্য করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা। এই সীমা প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে পৌনে চার লাখ টাকা ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য সোয়া চার লাখ টাকা।

ডেডলাইন ৩০ অক্টোবর
প্রস্তাব: আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ অক্টোবরেই অপরিবর্তিত থাকবে। ওই দিনটিকে অর্থমন্ত্রী আয়কর দিবস হিসেবে ঘোষণা করেছেন।
প্রভাব: সময় তো বাড়বেই—এমন আশায় এবার গুড়েবালি। আয়কর বিবরণী জমা দেওয়ার সময় কিন্তু আর বাড়বে না। ৩০ অক্টোবর যদি সরকারি ছুটির দিন হয়, তবে পরবর্তী কার্যদিবসই হবে কর দিবস।

.
.

যাঁরা রিটার্ন দেবেন
প্রস্তাব: ১৬ হাজার টাকা কিংবা এর অধিক বেতন স্কেলভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারীর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
প্রভাব: ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত প্রথম শ্রেণির কর্মকর্তা তো বটেই; দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তারাও আর পার পাবেন না। করযোগ্য আয় না থাকলেও তাঁদের রিটার্ন জমা দিতে হবে।
আপনি যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা কর্মচারী; শিল্পগোষ্ঠীর পরিচালনা পর্ষদের সদস্য; ফার্মের অংশীদারও হন, তবে আপনাকে রিটার্ন দিতে হবে। এ ছাড়া সব সমবায় সমিতি, কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের সুবিধা ভোগকারী করদাতাদেরও রিটার্ন দিতে হবে।
সম্পদ না দেখালেও চলবে
প্রস্তাব: মোট সম্পদের পরিমাণ ২০ লাখ টাকার কম হলে সে ক্ষেত্রে আয়কর বিবরণী জমার সময় সম্পদ বিবরণী দেওয়া ঐচ্ছিক করা হয়েছে।

প্রভাব: মধ্যবিত্তরা কিছুটা ছাড় পাবেন। যাঁদের বাড়িগাড়ি, ফ্ল্যাট, জমিজমা নেই; বেতন-ভাতা কিংবা ছোটখাটো ব্যবসা থেকে আয় করেন; তাঁরাই এ ছাড় পাচ্ছেন। অর্থাৎ প্রান্তিক করদাতারাই এ সুবিধা পাবেন।

৩০০০ টাকা দিতেই হবে
প্রস্তাব: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন; অন্যান্য সিটি করপোরেশন এবং সিটি করপোরেশন এলাকার বাইরের করদাতাদের জন্য ন্যূনতম কর যথাক্রমে ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা ও ৩ হাজার টাকা বহাল রাখা হয়েছে।
প্রভাব: আড়াই লাখ টাকার বেশি আয় হলেই আপনাকে কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার কর টাকা দিতে হবে।

প্রতিবন্ধীর খরচে ছাড়
প্রস্তাব: প্রতিবন্ধীর খরচের জন্য ওই ব্যক্তির পিতামাতার করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব।
প্রভাব: প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা কিছুটা স্বস্তি পাবেন। কারণ, প্রতিবন্ধী সন্তানের জন্য প্রতিমাসেই তাঁদের বাড়তি খরচ করতে হয়। সে জন্য কর আরোপে তাঁরা কিছুটা ছাড় পেলেন।

বেশি সম্পদ, বেশি সারচার্জ
প্রস্তাব: বাজেটে সম্পদের ওপর সারচার্জ আরোপের স্তর ও হার পুনর্বিন্যাস করা হয়েছে। প্রতিটি স্তরকে ভেঙে দুটি স্তর করা হয়েছে এবং সারচার্জের হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সারচার্জ বসবে সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া আয়করের ওপর।
প্রভাব: ধনীদের আরও বেশি সারচার্জ দিতে হবে। নিট সম্পদের পরিমাণ সোয়া ২ থেকে ৫ কোটি টাকায় ১০ শতাংশ, ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় ১৫ শতাংশ; ১০ থেকে ১৫ কোটি টাকায় ২০ শতাংশ; ১৫ থেকে ২০ কোটি টাকায় ২৫ শতাংশ এবং ২০ কোটি টাকার বেশি হলে ৩০ শতাংশ সারচার্জ দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবমতে, গতবার প্রায় ১১ হাজার ব্যক্তি সারচার্জ দিয়েছেন, যাঁদের সম্পদ সোয়া ২ কোটি টাকার বেশি।