কর ছাড়ের তেমন সুবিধা মিলবে না সিমেন্টের দামে
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট খাতে যে করভার কমানো হয়েছে, তা খুবই নগণ্য। বিশ্ববাজারে সিমেন্টের কাঁচামালের দাম বাড়ার কারণে বাজেটে দেওয়া এ ছাড় দামের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না। আবার উদ্যোক্তারাও খুব বেশি লাভবান হবেন না। সিমেন্ট যেহেতু নির্মাণশিল্পের অন্যতম উপকরণ, সে কারণে বাজেটে নির্মাণশিল্প খুব বেশি সুবিধাভোগী হচ্ছে না।
সিমেন্টের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাটের অগ্রিম কর ১ শতাংশ করে কমানো হয়েছে। এর ফলে অগ্রিম কর বাবদ প্রতি বস্তা সিমেন্টে তিন টাকা কমবে।
সিমেন্টের অন্যতম কাঁচামাল ক্লিংকার আমদানিতে শুল্কহার এখন টনপ্রতি ৫০০ টাকা। আমাদের দাবি ছিল, আমদানি মূল্যের ওপর ৫ শতাংশ শুল্কহার ধার্য করার। সেটি করা হলে ভোক্তারা কিছুটা হলেও সুবিধা পেত। প্রতি ব্যাগ সিমেন্টে ১২-১৩ টাকা খরচ কম পড়ত।
বাজেটে যে সুবিধা দেওয়া হয়েছে, তাতে যে সিমেন্টের দামে কোনো প্রভাব পড়বে না, তার একটা উদাহরণ দেওয়া যাক। গত অর্থবছরের বাজেটের সময় বিশ্ববাজারে সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারের প্রতি টনের দাম ছিল ৪০-৪২ মার্কিন ডলার। সেটি এখন বেড়ে হয়েছে ৬০-৬২ ডলার। এর ফলে ৫০ কেজি সিমেন্টের বস্তায় বাড়তি খরচ হচ্ছে ৭০-৮০ টাকা। উদ্যোক্তারা প্রতি বস্তায় ৫০-৬০ টাকা সমন্বয় করেছেন।
সেই হিসাবে বলা যায়, বিশ্ববাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে প্রতি বস্তা সিমেন্টের উৎপাদন খরচ বেড়েছে ৭০-৮০ টাকা। বাজেটে কর কমানোর যে ঘোষণা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দিয়েছেন, তাতে প্রতি বস্তা সিমেন্টের উৎপাদন খরচ কমবে তিন টাকা। এই উদাহরণ থেকে বোঝা যায়, সিমেন্ট খাতে উদ্যোক্তারা যেমন নগণ্য সুবিধা পাচ্ছেন, তেমনি সেই সুবিধার বিপরীতে ভোক্তাদের জন্য সুখবর থাকার সম্ভাবনা নেই। কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে সিমেন্টের দামে কর কমানোর প্রভাব পড়বে বলে মনে হয় না।
করোনাকালে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি বড় চ্যালেঞ্জ। নির্মাণশিল্পের প্রবৃদ্ধি কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখে। সিমেন্টের দাম বাড়লে সব ধরনের অবকাঠামো নির্মাণের খরচও বেড়ে যায়। তাই বাজেট পাসের সময় বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে প্রত্যাশা।