করের টাকাই দেওয়া হচ্ছে সরকারি ব্যাংকগুলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মূলধন ঘাটতিতে থাকা রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে আপাতত বন্ড ছাড়ার অনুমতি দেবে না। ব্যাংকগুলোকে সরকার নগদ টাকা দেবে। এরই মধ্যে সেই প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ডের পরিবর্তে নগদ টাকা দেওয়ার পক্ষে মত দিয়ে সম্প্রতি অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে। আর অর্থ বিভাগ এখন হিসাব-নিকাশ করছে কোন ব্যাংককে কত টাকা দেওয়া যায়।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার জন্য ২ হাজার কোটি টাকা রাখা আছে। এ টাকা জনগণের করের টাকা। অর্থবছর প্রায় শেষ হতে চললেও সরকার এ বরাদ্দ থেকে কোনো টাকা দেয়নি।
সোনালী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মূলধন ঘাটতি বর্তমানে ১৫ হাজার কোটি টাকা। এত ঘাটতি মাত্র ২ হাজার কোটি টাকা দিয়ে কীভাবে পূরণ করা হবে—এটাই এত দিন টাকা ছাড় না করার অন্যতম কারণ বলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এদিকে বেসিক ব্যাংক ২ হাজার ৬০০ কোটি, রূপালী ব্যাংক ৫০০ কোটি ও জনতা ব্যাংক ১ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে প্রায় আট মাস আগে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে শর্তযুক্ত মতামত দিয়ে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে মনোযোগী হতে বলেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একমত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১৯ মার্চ এ ব্যাপারে অর্থসচিবসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মূলধনের দাবিদার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আগে দেখতে হবে বন্ড ছাড়ার সক্ষমতা ব্যাংকগুলোর আছে কি না বা ব্যাংকগুলো বন্ডের বিষয়টা চর্চা (এক্সারসাইজ) করতে পারবে কি না।’
বন্ড ছাড়ার যুক্তি হিসেবে ব্যাংকগুলো অর্থ মন্ত্রণালয়কে মূলধন ঘাটতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা করতে পারছে না বলে জানিয়েছিল।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, অন্তত এবার কোনো ব্যাংককেই বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হবে না। কারণ, বন্ড ছাড়ার ঝুঁকিতে যেতে চায় না সরকার। বরং চলতি বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে, সেখান থেকে কয়েকটা ব্যাংককে অর্থ ভাগ করে দেওয়া হবে।
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংক থেকে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১২ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বের হয়ে যায়। পরের তিন বছর অর্থাৎ ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে সোনালী, বেসিক, জনতাসহ সাত ব্যাংককে মূলধন ঘাটতি বাবদ সরকার দেয় প্রায় ৮ হাজার কোটি টাকা।
যোগাযোগ করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান গত সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাজেটে মূলধন পুনর্গঠন বাবদ যে অর্থ রাখা আছে, তা থেকে কোন ব্যাংক কত পাবে, সেই সিদ্ধান্ত নেবে অর্থ বিভাগ। তবে প্রক্রিয়া শুরু হয়েছে।’
এ বিষয়ে অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।