জনগণের করের টাকায় যদি সরকার বেসিক ব্যাংককে সহায়তা না করত, তাহলে নিশ্চিতভাবে ব্যাংকটির পতন ঘটত। করের টাকায় রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংককে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচানোর এটি এখন পর্যন্ত একমাত্র উদাহরণ। লাগামহীন দুর্নীতি ও অনিয়মের কারণে ধ্বংস হতে বসা একটি ব্যাংককে জনগণের করের টাকায় সহায়তা দেওয়াটা বেআইনি না হলেও অনৈতিক কাজ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। সম্মেলনের সমাপনী দিনে গতকাল তিনি ব্যাংক গ্রাহকের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ইব্রাহিম খালেদ বলেন, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ও বেসিক ব্যাংকে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। এর ফলে অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে, যার কারণে ব্যাংক দুটিকে বাঁচাতে সরকার করের টাকা থেকে জাতীয় বাজেটে ‘উদ্ধার প্রণোদনা’ ঘোষণা করে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মূল প্রবন্ধে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক আইনগত ও পেশাগতভাবে পুরোপুরি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। কারণ, এ স্বাধীনতা না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক আইনগত ও পেশাগত পুরোপুরি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না।
ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংক খাতের নিয়ন্ত্রক হিসেবে তফসিলি ব্যাংকের পরিচালনা পর্ষদকে অপসারণের আইনগত ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করলে যেকোনো ব্যাংকে প্রশাসকও নিয়োগ করতে পারে। কিন্তু রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালক বা পরিচালনা পর্ষদকে অপসারণ করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। কারণ, এসব ব্যাংকে পরিচালক নিয়োগ দেয় সরকার। তাই সময় এসেছে আইন সংশোধন করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরিভাবে বাংলাদেশ ব্যাংকের হাতে ন্যস্ত করার।
মূল প্রবন্ধে আরও বলা হয়, যেকোনো ব্যাংকের চলতি মূলধনের ৮৮–৯০ শতাংশ পর্যন্ত জোগান দেন সাধারণ গ্রাহকেরা। বাকি ১০–১২ শতাংশ জোগান দেন ব্যাংকের উদ্যোক্তারা। সাধারণ গ্রাহকের টাকায় ব্যাংক চললেও ব্যবস্থাপনা বা পরিচালনার ক্ষেত্রে তাঁদের কোনো অংশগ্রহণ নেই। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষার মূল কাজটি করতে হয় কেন্দ্রীয় ব্যাংককে।
সম্মেলনের সমাপনী দিনেও দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতে আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর ১২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
দ্বিতীয় কর্ম অধিবেশনে উপস্থাপিত এক প্রবন্ধে বলা হয়, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাত্র ছয় বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০০৬ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। আর ২০১৩ সাল শেষে তা বেড়ে হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা।
সভাপতির বক্তব্যে এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংক খাতে ঋণশৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনকানুন পরিবর্তনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ কারণে খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের নিচে নেমে এসেছে। ১৯৯৯ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের ৪১ শতাংশ। ২০১৪ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। আর সমাপনী বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। সম্মেলনে ব্যাংকার, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। গত সোমবার এ সম্মেলনের উদ্বোধন করেন গভর্নর আতিউর রহমান।