কর্মপরিবেশের উন্নতি হলে ক্রেতারা ক্রয়াদেশ বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেট হারম্যান
নেট হারম্যান

ঢাকা অ্যাপারেল সামিটে যোগ দিতে এসেছেন লি অ্যান্ড ফাংয়ের নির্বাহী পরিচালক রিক ডার্লিং ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) ভাইস প্রেসিডেন্ট নেট হারম্যান। সম্মেলনের দ্বিতীয় িদনে গতকাল তাঁদের সঙ্গে পোশাকশিল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আশরাফুল ইসলাম
পোশাক খাতের রপ্তানি ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) নেট হারম্যান বলেন, হ্যাঁ। তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স কাজ করছে। তবে শ্রমিকদের অধিকার নিশ্চিত, কর্মদক্ষতা ও উৎপাদন ক্ষমতা বাড়াতে আরও কাজ করার সুযোগ আছে।
অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে দুই শতাংশের কম কারখানা ত্রুটিপূর্ণ চিহ্নিত হয়েছে। একে ইতিবাচক অভিহিত করে নেট হারম্যান বলেন, বাংলাদেশের পোশাক খাত উৎপাদন প্রক্রিয়ায় অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। চীন বাদে প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে। ভবনের নিরাপত্তা এসব কারণে মার্কিন ক্রেতা ব্র্যান্ডগুলো বাংলাদেশের ব্যাপারে দীর্ঘ মেয়াদে ইতিবাচক চিন্তাভাবনা করছে।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি গত কয়েক মাসে কমেছে। এমনটি কেন হচ্ছে জানতে চাইলে হারম্যান বলেন, গ্যাপ, ওয়ালমার্টের মতো ক্রেতা প্রতিষ্ঠানগুলো সাব-কন্ট্রাক্টের মাধ্যমে বাংলাদেশের অনেক কারখানা থেকে পোশাক কেনে। রানা প্লাজা দুর্ঘটনার পরে অনেক ব্র্যান্ড এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কর্মপরিবেশের পরিস্থিতির উন্নতি হলেই এসব ব্র্যান্ড বড় আকারের কার্যাদেশ দেওয়া শুরু করবে।
বাংলাদেশের পোশাক খাত নিয়ে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের ধারণার বিষয়ে হারম্যান বলেন, ‘বাংলাদেশের সব কারখানাই রানা প্লাজার মতো নয়, অনেক মানসম্পন্ন কারখানাও যে এখানে আছে, সেটা অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে উঠে এসেছে। এ বিষয়গুলো ইতিবাচক ভূমিকা রাখছে।’
পোশাকের দাম বাড়ানোর বিষয়ে হারম্যান বলেন, ‘দাম যে একেবারেই বাড়ছে না, এটা ঠিক না। ২০১০ সালের পর থেকেই পোশাকের দাম বাড়াতে আমার সংগঠন মার্কিন ক্রেতাদের উদ্বুদ্ধ করার কাজ করছে। পোশাকের মানের ব্যাপারে ক্রেতাদের সন্তুষ্ট করা সম্ভব হলে দাম অবশ্যই বাড়ানো সম্ভব।’
বাংলাদেশের পাদুকাশিল্পের রপ্তানি বাড়াতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আগ্রহ আছে বলে জানান হারম্যান। ইতিমধ্যেই অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পাদুকা কিনছে। অন্যদিকে অ্যাপারেল সামিটের উঠে আসা কর্মপরিকল্পনা শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে যথাযথ বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন নিট হারম্যান।