অনেকটা গতানুগতিকভাবেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি, প্রবাস-আয়, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার কথা বললেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা। তাঁরা মনে করছেন, ঘুরেফিরে এ বিষয়গুলোই এখনো বাংলাদেশের অগ্রগতির প্রধান নিয়ামক।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার অর্থনীতিবিদেরা এসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।
সভায় সপ্তম পঞ্চবার্ষিকীর খসড়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘এখানে বঙ্গবন্ধুর কল্যাণ রাষ্ট্রের কোনো ধারণা পেলাম না। অথচ জাতির পিতার স্বপ্নের বাংলাদেশের ধারণাই ছিল একটি কল্যাণ রাষ্ট্রের।’ তাঁর মতে, বর্তমান নীতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেলেও কিছু হবে না। এ জন্য আইন করতে হবে। রিজার্ভের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংককে সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করতে হবে।
ফরাসউদ্দিনের মতে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মিথ্যা তথ্য দেয়, দুর্নীতির বিভ্রান্তিকর তথ্য দেয়। তারা যে সূচকের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে দুর্নীতিগ্রস্ত বলে, তা সঠিক নয় বলে তিনি মনে করেন।
আইএলওর সংজ্ঞানুযায়ী যাঁরা সপ্তাহে অন্তত এক ঘণ্টা কাজ করেন, তাঁরা বেকার নন। ফরাসউদ্দিন এর সমালোচনা করে বলেন, আইএলওর সংজ্ঞানুযায়ী দেশের বেকারত্বের হার মাত্র সাড়ে ৪ শতাংশ। এটা বড় মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তাঁর মতে, দেশে মোট নিয়োজিত শ্রমের ৩৬ থেকে ৩৭ ভাগই প্রকৃত অর্থে আন্ডার এমপ্লয়মেন্ট বা অর্ধ বেকার। কাজেই বৃহত্তর জনগোষ্ঠীকে মানসম্মত কর্মসংস্থানে নিয়োজিত করতে পারলে উৎপাদন বাড়বে, যা জিডিপিকে বাড়াবে।
ফরাসউদ্দিনের মতে, বর্তমানে জিডিপির ২ দশমিক ৪ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ফরাসউদ্দিন বলেন, মধ্য আয়ের দেশ হওয়ার বিষয়টি রাজনীতিবিদদের জন্য একটি ভালো স্লোগান হতে পারে। কিন্তু তা মাথাপিছু আয়ের ভিত্তিতে নয়, এটি নির্ধারণ করতে হবে মানব উন্নয়ন সূচকের মাধ্যমে। পরিকল্পনা কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘কাকে কয়টা গাড়ি দেব, আর কার কী চাহিদা কর্তন করব, এটা পরিকল্পনা কমিশনের কাজ নয়। পরিকল্পনা কমিশন দেশের অর্থনীতিকে নেতৃত্ব দেবে।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে একটি অর্থনৈতিক ও রাজনৈতিক দলিল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা অনেক কিছু অর্জন করলেও প্রকৃত অর্থে আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলোতে ফাঁক থেকে যাচ্ছে। এ জন্য সুশাসনের খুব প্রয়োজন। শুধু সুশাসন থাকলে বর্তমান বরাদ্দের মাধ্যমেই আমাদের জিডিপি প্রবৃদ্ধি আরও ২ শতাংশ fবাড়াতে পারতাম। বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে যেহেতু ভারত, চীন ও জাপান এ তিন বড় অর্থনীতির মাঝে অবস্থিত তাই সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করা গেলে অর্থনৈতিকভাবে এর সুফল অনেক পাওয়া যাবে।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান মত দেন, সত্যিকারভাবে নিবিড় উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা খাতকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক অসমতা যাতে প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘দক্ষিণ-দক্ষিণ সম্পর্ক নিয়ে কোনো অগ্রগতি নেই। এর কোনো ভবিষ্যৎও নেই। আমাদের এখন চীন-জাপান অর্থাৎ পূর্বমুখী হতে হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের অর্থনীতি বিভাগের অধ্যাপক গৌড় গোবিন্দ গোস্বামী সমুদ্রসম্পদ নিয়ে স্পষ্ট রূপরেখা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় থাকতে হবে বলে মত দেন।
এবারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের মতামত প্রতিফলিত হবে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান। তবে সভায় বক্তাদের সমালোচনাকে নেতিবাচক বলে উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী। এ সময় অনেক বক্তা সমালোচনা গ্রহণ করার পরামর্শ দেন।