কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হোক
অর্থমন্ত্রী গত বছর যখন বাজেট ঘোষণা করেন, তখন আমাদের দেশে করোনা অনেকটাই নতুন বিষয় ছিল। মহামারির কারণে অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে, সেটি স্পষ্ট ছিল না। এর চেয়ে বড় কথা, তখন সংক্রমণ নিয়ন্ত্রণ করাই ছিল বড় উদ্বেগের বিষয়। ফলে তাৎক্ষণিকভাবে বাজেটে করোনা মোকাবিলায় কিছু বিষয় যুক্ত করা হয়। এতে অনেক কিছুই বাদ পড়ে যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে তরুণদের কর্মসংস্থান। প্রতিবছর দেশে বিপুলসংখ্যক তরুণ-তরুণী লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকেন। আশা করি, আসছে বাজেটে কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। করোনার মন্দায় অনেক তরুণ চাকরি হারিয়েছেন। নতুন করে চাকরিতে প্রবেশ করতে পারেননি অনেকে।
করোনার আগপর্যন্ত তরুণদের আশা ছিল, চাকরি না পাওয়া গেলেও উদ্যোক্তা হওয়া যাবে। এ জন্য সরকার নানা ধরনের সহজ শর্তে ঋণ দিত। আলাদা তহবিল ছিল। করোনায় চলমান ব্যবসাগুলোকে বাঁচিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে সরকার। নতুন করে যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁরা থেকে যাচ্ছেন আলোচনার বাইরে। তাই বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ কিছু থাকবে, সেই প্রত্যাশা করি।
করোনার কারণে শিক্ষার্থীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষণ ব্যাহত হয়েছে। ফলে ভবিষ্যতের জন্য তা ভালো হবে না। এই ক্ষতি পোষানোর ব্যবস্থা করা উচিত।