কর-ব্যবস্থা সহজ হলে বিনিয়োগ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান কর-ব্যবস্থাকে জটিল উল্লেখ করে তা সহজ করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, কর-ব্যবস্থা সহজ হলেই দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নতি হবে। ব্যবসা ও বিনিয়োগ বাড়বে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ১২তম বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি। আইবিএফবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। ভারত বাংলাদেশে ইতিমধ্যে ৩০০ কোটি ডলারের বিনিয়োগ করেছে। সামনে আরও এক হাজার কোটি ডলারের বিনিয়োগ করার পরিকল্পনা করছে ভারত।

আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সদ্য সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পরে এজিএমে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান পুনরায় আইবিএফবির সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া বেঙ্গল বে গ্রুপের চেয়ারম্যান ওমর শাফায়েত কাওসার ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ যথাক্রমে পুনরায় সংগঠনের সহসভাপতি ও সহসভাপতি (অর্থ) নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বাধীন কমিটি ২০১৭-১৮ মেয়াদের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবে।