কাজের সুযোগ বেশি ঢাকায়, এরপরেই গাজীপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন ঢাকায় যুক্ত হচ্ছে ১ হাজার ৭০০ মানুষ। তারা কেন ঢাকায় আসছে? পরিসংখ্যান বলছে, মানুষের জীবিকা অর্জনের পথ খুঁজে দিচ্ছে এ মহানগর। স্বাভাবিকভাবেই দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে এমন পাঁচটি জেলার মধ্যে সবার ওপরে আছে ঢাকা। অন্যদিকে, গত দুই দশকে এ তালিকায় সবাইকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে গাজীপুর।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট কর্মসংস্থানের ৮০ শতাংশ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে কেন্দ্রীভূত। শিল্পায়নের কারণে এসব জেলায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর শিল্পের এই কাছাকাছি অবস্থান উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। তারা নানাভাবে কাছাকাছি অবস্থানের কারণে নানাভাবে সুবিধা পায়।
‘সাউথ এশিয়াজ টার্ন: পলিসিজ টু বুস্ট কম্পিটিটিভনেস অ্যান্ড ক্রিয়েট দ্য নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউস’ শীর্ষক বিশ্বব্যাংকের প্রতিবেদনটি গত সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে। এর আগে অবশ্য এটি সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া হয়েছিল।
প্রায় ২০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে বিশ্বের শ্রমঘন শিল্পের ঠিকানা হওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে। কারণ, ২০৩০ সালে বিশ্বের কর্মক্ষম জনগোষ্ঠীর ৪ ভাগের ১ ভাগ বাস করবে এই অঞ্চলে। তবে চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সুযোগ নিতে এই অঞ্চলের শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে হবে। এ জন্য শিল্প খাত কাছাকাছি অবস্থানের সুযোগ নিতে পারে।
শিল্পের এই কাছাকাছি অবস্থানকে বিশ্বব্যাংক বলছে ‘অ্যাগলোমারেশন ইকোনমি’। নগরে শিল্প ও মানুষ কাছাকাছি অবস্থান করে। গুচ্ছ শিল্প এলাকায়ও এ চিত্র দেখা যায়। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও শ্রীলঙ্কায়ও বেশির ভাগ কর্মসংস্থান নির্দিষ্ট কিছু এলাকায় কেন্দ্রীভূত। ভারতে সাড়ে ১৮ শতাংশ ও শ্রীলঙ্কায় প্রায় ৭৪ শতাংশ কর্মসংস্থান প্রধান পাঁচ জেলায় কেন্দ্রীভূত। তবে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শিল্পগুলো কেন্দ্রীভূত হয়েছে নগরায়ণের কারণে, গুচ্ছভিত্তিক শিল্পের কারণে নয়।
একে অপরের কাছাকাছি অবস্থিত হলে কীভাবে সুবিধা পাওয়া যায়, তার কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। যেমন ২০০০ সালের দিকে ভারতের শীর্ষস্থানীয় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মারুতি সুজুকি তাদের বিভিন্ন যন্ত্রাংশ ও কাঁচামালের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে ৪০০ সরবরাহকারীর ওপর নির্ভর করত। এসব সরবরাহকারীর অবস্থান ছিল হরিয়ানায় মারুতি সুজুকির মূল উৎপাদনকেন্দ্র থেকে সব মিলিয়ে আড়াই হাজার কিলোমিটার দূরত্বে। এ কারণে তাদের ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি ছিল।
তবে ২০১৩ সালের দিকে মারুতি সুজুকি তাদের সব সরবরাহকারীকে কারখানার ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসে। এতে খরচ কমেছে এবং মারুতি সুজুকিকে কাঁচামাল ও যন্ত্রাংশের ‘বাফার স্টক’ বা আপৎকালীন মজুত রাখতে হচ্ছে না।
বাংলাদেশে কর্মসংস্থানের এই কেন্দ্রীভূত অবস্থান নতুন নয়। দুই দশক আগে, ১৯৯৫ সালে দেশের ৭০ শতাংশ কর্মসংস্থান পাঁচটি জেলায় সীমাবদ্ধ ছিল। ২০১২ সালে তা বেড়ে ৮০ শতাংশ কর্মসংস্থান পাঁচ জেলায় কেন্দ্রীভূত হয়েছে।
১৯৯৫ সালেও কর্মসংস্থান সৃষ্টির দিক দিয়ে ঢাকা ছিল এক নম্বরে। এ জেলায় দেশের মোট কর্মসংস্থানের ৩৬ দশমিক ৬ শতাংশ কেন্দ্রীভূত ছিল। ২০১২ সালেও ঢাকার অবস্থান এক নম্বরেই আছে। তবে মোট কর্মসংস্থানের অংশ কিছুটা কমেছে। ১৯৯৫ সালে কর্মসংস্থানের দিক দিয়ে শীর্ষ পাঁচ জেলার তালিকায় গাজীপুর ছিল না। এখন এ তালিকায় গাজীপুর উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে একসময়কার শিল্প এলাকা খুলনা তালিকার শীর্ষ পাঁচে নেই।
তৈরি পোশাকসহ নানা ধরনের শিল্প কারখানা এখন গাজীপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু সেতু তৈরি হওয়ায় কারখানা হচ্ছে সিরাজগঞ্জেও। আর একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় হারিয়ে গেছে খুলনা।
বাংলাদেশে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। শিল্পের এ কেন্দ্রীভূত অবস্থান কীভাবে উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে, জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘ধরেন, একই খাতে দুটি কারখানা আছে—একটি রংপুরে, অন্যটি ঢাকায়। ঢাকার কারখানাটির একজন কারিগরি লোক দরকার, যিনি রংপুরের কারখানায় কাজ করেন। দুটি কারখানা কাছাকাছি থাকলে ওই কর্মীকে দিয়ে সহজে কাজ করিয়ে নেওয়া যেত।’
শিল্পের বিকেন্দ্রীকরণের সঙ্গে এ ধারণা সাংঘর্ষিক কি না জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, ‘আদর্শিক চিন্তা ও বাস্তবতা ভিন্ন। সারা পৃথিবীতে মানুষ মহানগরগুলোতে বসবাস করে। আমি যদি মনে করি, মানুষকে গ্রামেই রাখব, তারা থাকবে। সেটা বাস্তবতার পরিপন্থী।’

কর্মসংস্থানে শীর্ষ পাঁচ জেলা
১৯৯৫ সাল
জেলা অংশ
১. ঢাকা ৩৬.৬%
২. চট্টগ্রাম ১৫.৯%
৩. নারায়ণগঞ্জ ৮.৬%
৪. সিরাজগঞ্জ ৫%
৫. খুলনা ৩.৮%
২০১২ সাল
জেলা অংশ
১. ঢাকা ৩৫.৪%
২. গাজীপুর ১৬.৬%
৩. চট্টগ্রাম ১৬.২%
৪. নারায়ণগঞ্জ ৯.৩%
৫. সিরাজগঞ্জ ২.৮%