কাতার ও বাহরাইনে রপ্তানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশি পণ্য এখন বিশ্বের প্রায় সব দেশেই রপ্তানি হয়। আর প্রতিবছরই এ দেশ থেকে পণ্য রপ্তানি বাড়ছে। সমানতালে রপ্তানি বাড়ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও বাহরাইনে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত পাঁচ বছরে কাতার ও বাহরাইনে প্রতিবছরই রপ্তানি বেড়েছে।
২০১৩-১৪ অর্থবছরে এ দেশ থেকে কাতারে রপ্তানি হয়েছে ১৩৯ কোটি টাকার (এক কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ডলার) পণ্য। একই সময়ে বাহরাইনে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ টাকা (৫৭ লাখ ৬৬ হাজার ডলার)।
জানা গেছে, কাতারে প্রায় আড়াই লাখ ও বাহরাইনে এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাঁদের লক্ষ্য করেই মূলত এ দেশ থেকে পণ্য রপ্তানি করা হয়। সে কারণেই এই দুই দেশে রপ্তানি হওয়া পণ্যের বড় অংশ হলো সবজি, ফলসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য (চিপস, মসলা, আচার, বাদাম)। এর বাইরে বেশি রপ্তানি হয় হিমায়িত খাদ্য ও পোশাক।
এসব বিষয়ে জানতে চাইলে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, ‘কাতার-বাহরাইনে আমাদের পণ্যের রপ্তানি প্রতিবছরই বাড়ছে। এ দুটি দেশসহ পুরো মধ্যপ্রাচ্যে কীভাবে রপ্তানি আরও বাড়ানো যায়, সে জন্য আমরা কাজ করছি। এসব দেশে যেসব আন্তর্জাতিক পণ্যমেলা হয়, সেখানে এ দেশীয় রপ্তানিকারকদের অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে, তাঁরা যাচ্ছেনও। এসব দেশে দায়িত্ব পালনকারী কমার্শিয়াল কনস্যুলারদের সে দেশের আমদানিকারকদের এ দেশ থেকে পণ্য আমদানিতে আরও উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।’
কাতারে রপ্তানি বেড়েছে দেড় গুণ: ইপিবির তথ্য বলছে, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত এই পাঁচ বছরে কখনোই কাতারে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের বছরের চেয়ে কমেনি। বরং এই সময়ে রপ্তানি বেড়েছে প্রায় দেড় গুণ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮২ কোটি ৪৪ লাখ টাকার (এক কোটি ১৯ লাখ ডলার) পণ্য রপ্তানি হয়। পরের বছর রপ্তানি দাঁড়ায় ৮২ কোটি ৫২ লাখ টাকা (এক কোটি ১৬ লাখ ডলার), ২০১১-১২ অর্থবছরে ৯৪ কোটি ২৮ লাখ টাকার (এক কোটি ১৯ লাখ ডলার) পণ্য রপ্তানি হয়। আর ২০১২-১৩ অর্থবছরে প্রথমবারের মতো কাতারে রপ্তানি ১০০ কোটি টাকা ছাড়ায়, সে বছর রপ্তানি হয় ১০৮ কোটি ২৯ লাখ টাকার (এক কোটি ৩৫ লাখ ডলার) পণ্য। পরের বছর তা আরও বেড়ে দাঁড়ায় ১৩৯ কোটি টাকায় (এক কোটি ৭৯ লাখ ডলার)।
চলতি অর্থবছরেও কাতারে রপ্তানির ধারা অব্যহত আছে। এই অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে রপ্তানি হয়েছে ৪৫ কোটি ৯৩ লাখ টাকার (৫৯ লাখ ৪১ হাজার ডলার) পণ্য।
বাংলাদেশ থেকে কাতারে সবচেয়ে বেশি রপ্তানি হয় কৃষিপণ্য। জানতে চাইলে বাংলাদেশ ফল, সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) উপদেষ্টা মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুরো মধ্যপ্রাচ্যেই আমাদের সবজি-ফলের রপ্তানি বেশ ভালো। সে সব দেশে বসবাসকারী বাংলাদেশিরাই এসব কৃষিপণ্যের বড় ক্রেতা। আমরা যদি মধ্যপ্রাচ্যের স্থানীয় লোকদের ক্রেতা বানাতে পারি, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ানো সম্ভব।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে কাতার এখন বিশ্বের ৫১তম বৃহৎ অর্থনীতির দেশ। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৫৮তম। তবে মাত্র ২১ লাখ মানুষের দেশ হওয়ায় মাথাপিছু আয়ের দিক দিয়ে কাতার এখন বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। ২০১৩ সালে দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি ভিত্তিতে) দাঁড়ায় এক লাখ ২৬০ ডলারে।
কাতারের মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেশি বলে রপ্তানি বাজার হিসেবে দেশটি বেশ সম্ভাবনাময়। এ সুযোগ কাজে লাগাতে পারলে কাতারে রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে পরিসংখ্যান নিয়ে কাজ করা কাতারের রাষ্ট্রীয় সংস্থা কাতার ইনফরমেশন এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দেশটি বাংলাদেশে ৯০ কোটি ৭১ লাখ ৯৫ হাজার কাতারি রিয়েল বা এক হাজার ৯২৫ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার টাকার পণ্য রপ্তানি করেছে। রাসায়নিক পণ্য, প্লাস্টিক ও রাবার এবং খনিজ পণ্যই সে দেশ থেকে বাংলাদেশে বেশি আমদানি হয়।
বাহরাইনে রপ্তানি বেড়েছে দ্বিগুণ: বাংলাদেশ থেকে কাতারে যত পণ্য রপ্তানি হয় তার এক-তৃতীয়াংশেরও কম রপ্তানি হয় বাহরাইনে। অবশ্য এর মধ্যেও দেশটিতে রপ্তানি প্রতিবছরই বাড়ছে। গত পাঁচ বছরে বাহরাইনে রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ।
ইপিবি বলছে, ২০০৯-১০ অর্থবছরে বাহরাইনে যেখানে ২৩ কোটি টাকার (৩৩ লাখ ৩০ হাজার ডলার) পণ্য রপ্তানি হয়েছিল, সেটা ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮১ লাখ টাকায় (৫৭ লাখ ৬৬ হাজার ডলার)।
তবে চলতি অর্থবছরে বাহরাইনে পণ্য রপ্তানি আগের বছরের চেয়ে বেশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর লক্ষণও অবশ্য এরই মধ্যে দেখা যাচ্ছে। এ বছরের প্রথম চার মাসেই বাহরাইনে ১৬ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকার (২১ লাখ ৬১ হাজার ডলার) পণ্য রপ্তানি হয়েছে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস বলছে, দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব। এ জন্য প্রয়োজন কিছু নির্দিষ্ট পণ্য বাছাই করে সেগুলোর বিষয়ে ভালোভাবে প্রচারণা চালানো। বিশেষ করে সিরামিক, আসবাব, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু মনে করেন, কাতার-বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন রপ্তানি পণ্যের বহুমুখীকরণের (প্রোডাক্ট ডাইসিফিকেশন) দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর রপ্তানি মূলত সেসব দেশে বসবাসকারী প্রবাসীদের লক্ষ্য করেই করা হয়। সে সব দেশের স্থানীয় লোকজনের মধ্যে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি করতে হলে পণ্যের বহুমুখীকরণ করতে হবে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংসের ভালো চাহিদা রয়েছে। আমরা সেখানকার আমদানিকারকদের আমাদের মাংসের প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে কি না, তা দেখে যাওয়ার অনুরোধ করেছি। আরেকটি বড় পণ্য হতে পারে আগর-আতর। দেশে এখন মানসম্মত আগর-আতর তৈরি হচ্ছে। আমাদের কমার্শিয়াল কনস্যুলাররা এসব পণ্যের রপ্তানি বাড়াতে কাজ করছে।’
বাজার ও ভোক্তা
কাতারে প্রায় আড়াই লাখ এবং বাহরাইনে এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। আর তাঁদের লক্ষ্য করেই মূলত বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয়
পণ্যসমূহ
এই দুই দেশে
রপ্তানি হওয়া পণ্যের বড় অংশ হলো সবজি, ফলসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য (চিপস, মসলা, আচার, বাদাম)। এর বাইরে বেশি রপ্তানি হয় হিমায়িত খাদ্য ও পোশাক

‘‘কাতার-বাহরাইনসহ পুরো মধ্যপ্রাচ্যে কীভাবে রপ্তানি আরও বাড়ানো যায়, সে জন্য আমরা কাজ করছি। এসব দেশে যেসব আন্তর্জাতিক পণ্যমেলা হয় তাতে অংশ নিতে দেশের রপ্তানিকারকদের উৎসাহিত করা হচ্ছে

শুভাশীষ বসু
ভাইস চেয়ারম্যান, ইপিবি