কিছু ব্যবসায়ীর আচরণ ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাহবুবুল আলম
মাহবুবুল আলম
বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চালু করেছে চট্টগ্রাম চেম্বার। সেই সঙ্গে সংগঠনটির শতবর্ষ উদ্যাপন করা হয়েছে পাঁচ দিনব্যাপী নানা আয়োজনে। শতবর্ষী এই চেম্বারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন রয়েছে স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মাঝে। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম

প্রথম আলো: চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ উদ্যাপন করা হলো সম্প্রতি। ব্যবসায়ী সংগঠন হিসেবে এটির দীর্ঘ এই পথচলাকে কীভাবে মূল্যায়ন করবেন?

মাহবুবুল আলম: চট্টগ্রাম চেম্বারের শত বছরের এই পথচলা পরিপূর্ণতা পেয়েছে ‘বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের’ মধ্য দিয়ে। অনেক অর্জনের মধ্যে বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠার অর্জনটিকেই আমি সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। আর এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াসে। শতবর্ষী এই চেম্বারে শুরু থেকে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, যাঁরা এটির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগের ফসল এটি।
প্রথম আলো: কিন্তু অতীতে যাঁরা চেম্বারের নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
মাহবুবুল আলম: এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। শুরুতেই আমি বলেছি, বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা একক কারও সাফল্য নয়। চেম্বারের সাবেক ও বর্তমান নেতা থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, চেম্বারের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত প্রত্যেকেরই অবদান রয়েছে। আর বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন ও শতবর্ষ উদ্যাপনের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত চেম্বার পরিচালনার সঙ্গে যুক্ত সবার মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর সঙ্গে সাবেক সভাপতিদের যুক্ত করা হয়েছে। যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে চেম্বারের সঙ্গে যুক্ত সবাইকে একত্র করার চেষ্টা করেছি। চট্টগ্রামের বেশির ভাগ ব্যবসায়ী আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্তও হয়েছেন। তারপরও আমি বলব, এত বড় আয়োজনে ছোটখাটো ভুলত্রুটি থাকতেই পারে। কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।
প্রথম আলো: চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী ও চেম্বারের সাবেক অনেক নেতার অভিযোগ, চেম্বারের সঙ্গে এখানকার প্রকৃত ব্যবসায়ীদের সম্পর্কটা কিছুটা আলগা হয়ে গেছে।
মাহবুবুল আলম: এটি ব্যবসায়ীদের সংগঠন, ব্যবসায়ীরাই এর মূল শক্তি। তাঁদের সঙ্গে আমরা নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছি। অনেকে হয়তো নিজেদের ব্যবসা-বাণিজ্যের কারণে চেম্বারের কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত যুক্ত নেই। তারপরও বিভিন্ন অনুষ্ঠানে, সমস্যায় সবাইকে নিয়ে আমরা কাজ করি। দূরত্ব তৈরির বিষয়টি মোটেও সঠিক নয়।
প্রথম আলো: যদি চট্টগ্রামের সব ব্যবসায়ীর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সম্পৃক্ততা থাকে, তা হলে এখানকার কিছু শিল্পোদ্যোক্তা মিলে চিটাগাং মেট্রোপলিটন চেম্বার গঠন করলেন কেন?
মাহবুবুল আলম: দেখুন, জনসংখ্যা আর প্রসারের দিক থেকে চট্টগ্রামের অবস্থান অনেক পরিবর্তিত হয়ে গেছে। ২০ বছর আগের চট্টগ্রাম আর এখনকার চট্টগ্রাম কিন্তু এক নয়। জনসংখ্যা ও প্রসার বাড়ার পাশাপাশি ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। তাই হয়তো সময়ের প্রয়োজনেই আলাদা একটি চেম্বারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে জন্যই কিছু শিল্পোদ্যোক্তা মিলে চট্টগ্রামে মেট্রো চেম্বার গঠন করেছেন। পাশাপাশি চট্টগ্রামের নারী উদ্যোক্তারা মিলে একটি নারী চেম্বারও গঠন করেছেন। আমি মনে করি, এই দুটি চেম্বারই গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে। ওই দুটি চেম্বারের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের অনেকেই এখনো আমাদের চেম্বারের নিয়মিত সদস্য। কারও সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই।
প্রথম আলো: চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। কিন্তু বাণিজ্যিক এই রাজধানীতেই দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। সেটি কেন?
মাহবুবুল আলম: দেখুন, শুধু চট্টগ্রাম নয়; সারা দেশে বিনিয়োগে একধরনের ধীরগতি রয়েছে। চট্টগ্রামও তার বাইরে নয়। বিনিয়োগের ক্ষেত্রে দেশজুড়েই নানা প্রতিবন্ধকতা রয়েছে। তার পাশাপাশি অঞ্চলভেদেও আলাদা কিছু সমস্যা রয়েছে। চট্টগ্রামে বিনিয়োগের ক্ষেত্রেও জাতীয় সমস্যার পাশাপাশি স্থানীয় পর্যায়েরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলোর সমাধান না হওয়ায় কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না।