কৃষকেরাও বেশ আগ্রহী

বেগুনের খেত সরেজমিনে দেখতে গেলে কুড়াগাছায় চুক্তিতে চাষ শুরু করা কৃষকদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। আগে আনারস, কলা ও ধানের চাষ করেছেন। এখন চুক্তিতে বেগুনের চাষ হচ্ছে।
কেন হচ্ছে—এমন প্রশ্নের জবাবে কৃষক চান মিয়া বলেন, ‘আনারস চাষে লাভ হইছিল। কিন্তু বারবার তো এক ফসল ফলানো যায় না। এরপর কলা লাগাইছিলাম। হেই বছর ঝড় হইছিল। নস (লোকসান) হইছে। এখন বেগুন করসি। আমাগোরে কইসে ৩৫ ট্যাকা কইরা কিনব।’
কুড়াগাছায় সাত একর জায়গার ওপর বেগুনের চাষ হচ্ছে। এর মধ্যে চান মিয়ার জমি চার কারা। এক কারা মানে সাড়ে ছয় শতাংশ।
কীভাবে চাষ শুরু হয়, সে সম্পর্কেও বলেন চান মিয়া। বলেন, ‘২৭ রোজার দিন প্রথম চারা নাগাইছি। বৃষ্টিতে ভাসি গেছে। কয়দিন পর আবার নাগাইছি। বৃষ্টিতে সেটাও নষ্ট হই গেছে। কয় দিন পর আবার নাগাইছি। সেটা টিকছে। হেই বেগুনটাই এখন উঠাইতাছি।’
কুড়াগাছার ১২ চুক্তিবদ্ধ চাষির নেতৃত্ব দিচ্ছেন আলমগীর হোসেন। বলেন, ‘আগে কলার চাষ করতাম। নস হতো। পানামা রোগের কারণে এক হাজার গাছের মধ্যে ৩০০ গাছের কলাই নষ্ট হয়া যাইত। এরপর ধান নাগাইছি। পুঁজি উঠে না। তাই বাদ দিছি। কৃষি অফিসার কইল, সারা বছরই তোমরা ভালো দামে বেগুন বেচতে পারবা। হেই কারণে বেগুন চাষ শুরু করছি।’