কৃষি ও খাদ্য খাতে সবচেয়ে বেশি শ্রমিকের ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে (বাঁ থেকে) সংস্থাটির মহাপরিচালক কে এ এস মুরশিদ, এশীয় উন্নয়ন ব্যাংকের বিশেষজ্ঞ সানওয়া লি ও অর্থসচিব মাহবুব আহমেদ l প্রথম আলো
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে (বাঁ থেকে) সংস্থাটির মহাপরিচালক কে এ এস মুরশিদ, এশীয় উন্নয়ন ব্যাংকের বিশেষজ্ঞ সানওয়া লি ও অর্থসচিব মাহবুব আহমেদ l প্রথম আলো

দক্ষ শ্রমশক্তির ঘাটতি পূরণে আগামী পাঁচ বছরে বাংলাদেশে বিভিন্ন খাতে ৪০ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া দরকার। আর ২০২৫ সালের মধ্যে ৫৬ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দিতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদের গবেষণায় এ সুপারিশ করা হয়েছে। বিআইডিএস আয়োজিত দুই দিনব্যাপী গবেষণা সম্মেলনের প্রথম দিনে গতকাল বুধবার একটি অধিবেশনে কে এ এস মুরশিদ এ গবেষণাপত্র উপস্থাপন করেন। রাজধানী ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এ সম্মেলন শুরু হয়েছে। মুরশিদের গবেষণায় বাংলাদেশের বড় বড় উৎপাদন খাতে কী পরিমাণ দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিকের ঘাটতি আছে, সেই চিত্র তুলে ধরে বলা হয়। এতে বলা হয়, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমিক-ঘাটতি রয়েছে। এ খাতে দক্ষতার প্রয়োজন অনুসারে ৭৫ শতাংশ শ্রমিক পাওয়া যায় না। এ বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে।
বিআইডিএসের মহাপরিচালকের গবেষণার তথ্য অনুযায়ী তৈরি পোশাক খাতে সব মিলিয়ে ১ লাখ ৭৬ হাজার শ্রমিকের ঘাটতি রয়েছে। এ ছাড়া পর্যটনসেবায় ২ লাখ ২৫ হাজার; নির্মাণ খাতে ২ লাখ; তথ্য প্রযুক্তি খাতে ৮৮ হাজার; চামড়াশিল্পে ৭৫ হাজার শ্রমিকের ঘাটতি রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবায় ঘাটতি আছে ৯৬ হাজার নার্সের।
এ বিষয়ে কে এ এস মুরশিদ বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে না পারলে কাঙ্ক্ষিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা দরকার।
একই অধিবেশনে শ্রমবাজার ও দক্ষ মানবসম্পদ নিয়ে আরেকটি গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান। শ্রমিকেরা কতটা দক্ষতার প্রশিক্ষণ পান, তার কিছু তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি। ২০১৩ সালের শ্রমশক্তি জরিপের উদ্ধৃতি দিয়ে গবেষণাপত্রে বলা হয়, শ্রমশক্তিতে আছেন কিন্তু কোনো পড়াশোনার সুযোগ পাননি, এমন ব্যক্তিদের মধ্যে প্রায় ৯৭ শতাংশের কোনো ধরনের প্রশিক্ষণ নেই। আবার প্রথম শ্রেণি থেকে এসএসসি পাস ব্যক্তিদের মধ্যে ৯১ শতাংশ কোনো প্রশিক্ষণ পাননি।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদও বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সামাজিক খাতে, বিশেষ করে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তা না হলে বিদ্যমান ধনী-গরিবের বৈষম্য আরও বাড়বে। তিনি আরও বলেন, ঢাকা শহর থেকেই দেশের জিডিপির এক-তৃতীয়াংশ আসে। আবার বসবাসের দিক থেকে ঢাকা পৃথিবীর অন্যতম অযোগ্য শহর। অন্যদিকে মেগাসিটি হিসেবে জীবনযাত্রার জন্য যে ধরনের আয় করতে হবে, ঢাকার নাগরিকেরা সেই অনুযায়ী আয় করতে পারেন না। এ নিয়ে বিআইডিএসের গবেষণা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০৩৫ সালের মধ্যে চীন হবে এক নম্বর অর্থনীতির দেশ এবং ভারত দুই নম্বর অর্থনীতির দেশ। বাংলাদেশকে বাদ দিয়ে এ দুটি পার্শ্ববতী দেশ এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে। তিনি জানান, প্রতিবছর বাংলাদেশের শ্রমশক্তিতে ২১ লাখ তরুণ যুক্ত হচ্ছেন। উন্নত দেশগুলোর জনসংখ্যা দিন দিন কমছে। ওই সব দেশে শ্রমশক্তির চাহিদা বাড়ছে। এ জন্য বাংলাদেশেও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কে এ এস মুরশিদ। আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) পরিচালক পল এ ডরস।