কেনাকাটায় ব্যয় বেশি নিরাপত্তায় সামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: বিআইবিএম
সূত্র: বিআইবিএম

বাংলাদেশের ব্যাংক খাতের তথ্যপ্রযুক্তি (আইটি) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকগুলো নিরাপত্তায় ব্যয় করে কম, দক্ষ জনশক্তিও নেই। অথচ আইটিনির্ভর হওয়ার জন্য ব্যাংক খাতে বিনিয়োগ বেড়েছে প্রচুর। তবে আইটি যন্ত্রপাতি ও সফটওয়্যার সরবরাহকারীর (ভেন্ডর) ওপরই মূলত নির্ভরশীল হয়ে আছে ব্যাংকগুলো। ফলে যন্ত্রপাতির ব্যবহারের দিক থেকে আইটিব্যবস্থার যতটা উন্নতি হয়েছে, সে অনুযায়ী আইটি নিরাপত্তার উন্নতি হয়নি। গবেষণায়ও দেখা যাচ্ছে, ব্যাংক খাতের আইটি নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে হ্যাকাররা। এই অর্থ এখনো উদ্ধার হয়নি। কোনো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা এটাই প্রথম। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর ঠিক পরের দিন ৬ ফেব্রুয়ারি বেসরকারি ইউসিবিএল, ইস্টার্ন ব্যাংক ও দি সিটি ব্যাংকের চার বুথে এটিএম মেশিনে স্কিমিং ডিভাইস বসিয়ে ২৫ লাখ টাকা তুলে নেওয়া হয়।
কেবল বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য অনেক দেশেই বাণিজ্যিক ব্যাংকের হিসাবে অনুপ্রবেশ বা হ্যাক করে অর্থ চুরির ঘটনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০০টি ব্যাংক হ্যাক করে ৯০ কোটি ডলার চুরি করে হ্যাকাররা। রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড থেকে ২০১৪ সালে ৬৭ লাখ পাউন্ড চুরি করার অপরাধে একজন হ্যাকারকে ১১ বছর জেল দেওয়া হয়। ২০০৫ সালে লন্ডনে হ্যাকাররা নিয়ে যায় আরও ২ কোটি পাউন্ড।
সব মিলিয়ে বিশ্বব্যাপীই ব্যাংক হিসাব হ্যাক করার ঘটনা বাড়ছে। ফলে দেশগুলো তাদের আইটি নিরাপত্তাব্যবস্থাও নিরাপদ করছে। এ জন্য ব্যয়ও অনেক বাড়ছে। অথচ বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে থাকা রিজার্ভ চুরির ঘটনার পর তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যাংকিং খাত কতটা নিরাপদ, সেই প্রশ্নই এখন উঠেছে। কেননা, এটি ঘটেছে আইটি নিরাপত্তাব্যবস্থার ত্রুটির জন্যই।
কেন্দ্রীয় ব্যাংকের ২০১৫ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৩০ হাজার ৮৯৭টি। এর মধ্যে ৮৫ লাখ ৪৭ হাজার ৬৮৮টি ডেবিট কার্ড ও বাকি ৫ লাখ ৮৩ হাজার ২০৯টি ক্রেডিট কার্ড। জানুয়ারির হিসাব অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩১ লাখ। এর মধ্যে সক্রিয় গ্রাহক ১ কোটি ৩৬ লাখ। জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১৬ হাজার ৭৪৫ কোটি টাকা। জানুয়ারিতে দৈনিক লেনদেন হয়েছে গড়ে ৫৫৮ কোটি টাকা। দেশের ব্যাংকগুলোর ৯০ শতাংশ শাখাই এখন কম্পিউটারাইজড।
ব্যাংক খাতের সামগ্রিক আইটিব্যবস্থা নিয়ে গবেষণা করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০১৪ সালে দেশের ব্যাংক খাতে আইটির জন্য যে বিনিয়োগ করা হয়েছে, তার ৮৯ শতাংশ খরচ করা হয়েছে সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কের যন্ত্রপাতি কেনায়। আর আইটির নিরাপত্তায় খরচ হয়েছে মোট বিনিয়োগের ৪ শতাংশ। আইটি খাতের প্রশিক্ষণ ও নিরীক্ষায় (অডিট) খরচ করা হয়েছে যথাক্রমে ২ ও ১ শতাংশ। বাকি ৪ শতাংশ খরচ করা হয়েছে আইটি সাজসজ্জা, ব্যবস্থাপনাসহ অন্যান্য খাতে।
বিআইবিএমের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে আইটি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৮২০ কোটি টাকা। এর মধ্যে যন্ত্রপাতি কেনায় ব্যয় হয়েছে প্রায় ৭৩০ কোটি টাকা (৮৯ শতাংশ)। আর আইটি নিরাপত্তায় খরচ হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা (৪ শতাংশ)। ব্যাংকগুলোর আইটি খাতে বিনিয়োগ ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে এসে ৫২২ কোটি টাকা কমে গেছে। গবেষণা অনুযায়ী, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইটি নিরাপত্তায় ব্যয় আরও কম ছিল। এ বিষয়ে ব্যাংকগুলো সূত্রে জানা গেছে, ২০১৫ সালেও একই প্রবণতা ছিল।
‘বাণিজ্যিক ব্যাংকের তথ্যপ্রযুক্তি কার্যক্রমের মূল্যায়ন’ শীর্ষক বিআইবিএমের ওই গবেষণাটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। গবেষণায় প্রাইমারি ও সেকেন্ডারি—দুই রকমের তথ্য-উৎস ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহে দেশের রাষ্ট্রমালিকানাধীন, বাণিজ্যিক, বিশেষায়িত, দেশি-বিদেশি মিলিয়ে ২৫টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তাসহ এই খাতে যুক্ত ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছে। সেকেন্ডারি তথ্য সংগ্রহে ব্যাংকের বার্ষিক প্রতিবেদন, আইটিবিষয়ক বিভিন্ন প্রকাশনা ব্যবহার করা হয়েছে।
গবেষণাটির সঙ্গে যুক্ত বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম বলেন, ব্যাংক খাতে আইটি সুশাসনের অভাব রয়েছে। অনলাইন ব্যাংকিংব্যবস্থা চালানোর জন্য আইটিতে দক্ষ ও উচ্চতর ডিগ্রি আছে—এমন লোকদের মূল্যায়ন করতে হবে। আইটি নিরাপত্তা ও নিরীক্ষায় ব্যাংকের বরাদ্দ আরও বাড়াতে হবে।
ব্যাংক খাতের আইটি নিরাপত্তার বিষয়ে বিআইবিএমের গবেষণায় উঠে আসা তথ্য প্রসঙ্গে জানতে চাইলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ খান প্রথম আলোকে বলেন, ‘গবেষণার তথ্যের বিষয়বস্তুর সঙ্গে আমি একমত। আইটি ব্যবহারের ক্ষেত্রে ব্যাংকগুলো অনেক এগিয়ে গেলেও আইটি নিরাপত্তার ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছি। আইটি নিরাপত্তার বিষয়টি এখনো বিশ্বাসনির্ভর। এরই মধ্যে আইটি নিরাপত্তা বাড়াতে ব্যাংকগুলোর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাজেটও বাড়ানো হবে।’
বিআইবিএমের গবেষণায় ব্যাংকের আইটি বিভাগে উপযুক্ত জনবলসংকটের বিষয়টিও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের ৬২ শতাংশ আইটিপ্রধান মনে করেন, তাঁদের হাতে যে জনবল রয়েছে, তা দৈনন্দিন কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এ জন্য যেসব কর্মী আইটি বিভাগে কাজ করেন, তাঁদের সব সময়ই অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হয়। এতে কাজের মান খারাপ হওয়ার পাশাপাশি ভুলের মাত্রাও বেশি হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে প্রতি ১০০ থেকে ২০০ সাধারণ কর্মীর বিপরীতে আইটি কর্মী রয়েছেন একজন। বেসরকারি ব্যাংকে ২০ থেকে ৮০ জন সাধারণ কর্মীর বিপরীতে রয়েছেন একজন আইটি কর্মী। আর বিদেশি ব্যাংকে আছেন ১৪ থেকে ৩৫ জনের বিপরীতে একজন।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে একজন আইটি কর্মীকে ৫ থেকে ১৩টি শাখার (ব্রাঞ্চ) আইটির কাজকর্ম দেখভাল করতে হয়। বেসরকারি ব্যাংকে একজন আইটি কর্মীকে সর্বোচ্চ তিনটি এবং বিদেশি ব্যাংকে একজন আইটি কর্মীকে সর্বোচ্চ দুটি শাখার আইটিবিষয়ক কার্যক্রম পরিচালনার দেখভাল করতে হয়।
গবেষণা প্রতিবেদনটির মতামত জরিপে ব্যাংকের আইটি বিভাগের প্রধানদের মধ্যে ৫৮ শতাংশই বলেছেন, আইটি প্রশিক্ষণ খাতে অর্থ বরাদ্দ প্রয়োজনের তুলনায় নগণ্য।
বিআইবিএমের গবেষণার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে যত ব্যাংক আছে, তার মধ্যে ১৬ শতাংশ ব্যাংকের ডেটা সেন্টার পরিচালনার জন্য উচ্চ প্রশিক্ষিত লোক রয়েছেন। ব্যাংকগুলোর মধ্যে ৪৪ শতাংশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) ওপর কর্মীদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করে না। এমআইএসবিষয়ক স্বয়ংক্রিয় প্রতিবেদন তৈরিতে ‘বিজনেস ইন্টেলিজেন্স’ নামের উচ্চ প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে মাত্র ১০ শতাংশ ব্যাংক।
আইটিবিষয়ক নিরীক্ষা পরিচালনায় যোগ্য লোক না থাকাকেও ব্যাংক খাতের প্রযুক্তি নিরাপত্তার জন্য বড় সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে বিআইবিএমের গবেষণা প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, ৩৬ শতাংশ ব্যাংকে আইটি নিরীক্ষার জন্য নিজস্ব কোনো লোকবল নেই। আইটিবিষয়ক ঝুঁকি মোকাবিলার জন্য আলাদা বিভাগ আছে ৩০ শতাংশ ব্যাংকে। আর এই বিভাগটিতে লোকবলের সংখ্যা গড়ে সাতজন।
এ ছাড়া গবেষণার ফলাফলে উঠে এসেছে আইটি খাতে ব্যবহৃত যন্ত্রপাতির বিদেশনির্ভরতার বিষয়টি। গবেষণার তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক ব্যাংকিংকাজের জন্য দেশের ৪৫ শতাংশ ব্যাংক বিদেশি সফটওয়্যার ব্যবহার করে। আর দেশি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার ব্যবহার করে ৩২ শতাংশ ব্যাংক। এর বাইরে ২০ শতাংশ ব্যাংক নিজেদের তৈরি সফটওয়্যার ব্যবহার করে।
ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভান্ডার (ডেটা সেন্টার) ও বিকল্প তথ্যভান্ডারের নিরাপত্তা ও অবস্থানগত দুর্বলতার বিষয়গুলোও উঠে এসেছে গবেষণায়। এ বিষয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় ও বিকল্প তথ্যভান্ডারের মাঝে গড় দূরত্ব সাড়ে ১২ কিলোমিটার। কিন্তু ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তথ্যভান্ডার রক্ষা করতে হলে এই দূরত্ব যথেষ্ট নয়। কারণ, দূরত্ব কম হলে তাতে উভয় তথ্যভান্ডার একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি। এ ছাড়া তথ্যভান্ডারে ব্যবহৃত প্রযুক্তি নিম্নমানের এবং ব্যবস্থাপনায়ও রয়েছে দুর্বলতা। বিকল্প তথ্যভান্ডারগুলো নিয়মিত পরীক্ষা করা হয় না।
আইটি নিরাপত্তা বাড়াতে তাই সব বাণিজ্যিক ব্যাংকের জন্য একটি কেন্দ্রীয় ডেটা ব্যাংক তৈরির উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।