
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ৬০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ ও ৪০ হাজার কোটি টাকা অবলোপনকৃত ঋণ—এই ১ লাখ কোটি টাকার পুরোটাই জনগণের অর্থ। বেসরকারি ব্যাংকের চেয়ে সরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ দ্বিগুণ। সরকারি ব্যাংকগুলোর মালিক ও নিয়ন্ত্রক দুটিই সরকার। ফলে এসব ব্যাংক দিন দিন খারাপ হচ্ছে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে সরকারি ব্যাংক নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হবে।
গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয়-এর আয়োজনে ‘প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজনবান্ধব?’ শীর্ষক এক পর্যালোচনা সভায় খোন্দকার ইব্রাহিম খালেদ এ মন্তব্য করেন। তথ্য অধিকার আইন ও প্রান্তজনবান্ধব সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুন্নয়ের সমন্বয়ক দিলরুবা ইয়াসমীন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এনামুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর।
মূল প্রবন্ধে বলা হয়, প্রকল্প পরিচালকদের স্থায়ী নিয়োগ দিতে হবে। যেসব মন্ত্রণালয় বাজেট বাস্তবায়ন করতে পারবে না, তাদের পরের বছর বরাদ্দ বন্ধ করে দিতে হবে। জেলা বাজেট বন্ধ না করে সব জেলায় চালু করতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক এ কে এনামুল হক বলেন, অর্থনীতিতে প্রান্তজনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রান্তজনে বরাদ্দ বাড়ানোর ঘোষণা যে দেওয়া হয়েছে, এটা শুভংকরের ফাঁকি। ১ কোটি ৮০ লাখ দরিদ্র এক বেলা না খেয়ে থাকে। সবার জন্যই বাজেটে বরাদ্দ থাকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ইব্রাহিম খালেদ বলেন, ‘সরকারি খাতের ব্যাংকগুলো একটি রেখে বাকিগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। যারা এসব ষড়যন্ত্র করছে, তারাই এসব ব্যাংক কিনতে চায়। ভারতের মতো দেশে ৭৫ শতাংশ ব্যাংক সরকারি খাতে। আমাদের থাকলে সমস্যা কী?’
ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের বাজেটে সমস্যা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা না থাকা। সক্ষমতা বাড়াতে তেমন কোনো উদ্যোগ নেই। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি, নতুন বাজেটেও হবে না। তবে সেটা কোনো সমস্যা না, আমাদের সমস্যা আমরা অর্থ ব্যয় করতে পারছি না। প্রকল্প ছাড়া সবার অর্থ ব্যয় হয়। এটা অদ্ভুত ব্যাপার। ব্যয় সক্ষমতা বাড়াতে কার্যকর পন্থা বের করতে হবে।’
ইব্রাহিম খালেদ বলেন, প্রকল্পগুলো কাগজে-কলমে তদারকি হলেও বাস্তবে তদারকি হচ্ছে না। দেশে সম্পদবৈষম্য কমানোর কোনো উদ্যোগ নেই, শুধু ইচ্ছা প্রকাশ করা হয়েছে। দারিদ্র্য কমলেও সম্পদের বৈষম্য বাড়ছে, এর ফলেই দেশে দুরবস্থা, অশান্তি বিরাজ করছে। দারিদ্র্যের চেয়েও বৈষম্য মারাত্মক।