কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত , মোহাম্মদ ফরাসউদ্দিন
আবুল মাল আবদুল মুহিত , মোহাম্মদ ফরাসউদ্দিন

রিজার্ভ চুরির ঘটনায় সুইফটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরও দায় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
রিজার্ভ চুরি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময় এই ইঙ্গিত দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং তদন্ত কমিটির সদস্য বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এ সময় উপস্থিত ছিলেন।
২৭ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেওয়ার আগে গত ২০ এপ্রিল ফরাসউদ্দিন ২০ পৃষ্ঠার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন গতকাল বলেন, ‘আগে মনে হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের কারও কোনো সম্পৃক্ততা নেই। তবে এখন একটু পরিবর্তন হয়েছে। কতটুকু পরিবর্তন তা প্রতিবেদনে আছে।’
রিজার্ভ চুরির পেছনে সুইফটেরও দায়দায়িত্ব রয়েছে বলে আবারও উল্লেখ করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘আগের প্রতিবেদনে সুইফটের গাফিলতির কথা বলা হয়েছিল। মূল দায় তাদের কি না, তা এবারের প্রতিবেদনে বলা হয়েছে। সুইফট কোনোভাবেই দায় এড়াতে পারে না। তবে ভবিষ্যতে সমস্যার সমাধান সুইফটকে নিয়েই করতে হবে।’

তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমরা দেখেছি, রিজার্ভ চুরির জন্য দেশের ও দেশের বাইরের কারা জড়িত। চুরি যাওয়া কতটা অর্থ আদায় করা সম্ভব, তারও একটা চিত্র দিয়েছি। আশাব্যঞ্জক চিত্র।’

তবে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের তুলনায় চূড়ান্ত প্রতিবেদনে ৯০ শতাংশ পরিবর্তন এসেছে বলে জানান মোহাম্মদ ফরাসউদ্দিন। বড় ধরনের পার্থক্যের কারণ জানতে চাইলে ফরাসউদ্দিন বলেন, আগেরটি করার ক্ষেত্রে অনেক তাড়াহুড়া ছিল। এবারেরটিতে বুয়েটের তিনজন শিক্ষক তথ্য-উপাত্ত বিশ্লেষণে অসাধারণ কাজ করেছেন।

প্রতিবেদনে কী আছে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি এখনো এটি পড়েননি এবং ২ জুন পর্যন্ত (বাজেটের কারণে) তিনি ব্যস্ত। তিনি বলেন, ‘তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী ১৫-২০ দিনের মধ্যে এই প্রতিবেদন প্রকাশ করা হবে।’

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে মুহিত বলেন, আগে তিনি দেখতে চাইছেন ঘটনাটা কীভাবে ঘটল এবং সরকার এখন কী করতে পারে।

অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রতিবেদনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ সংস্কার। কারণ, আমাদের অনেক দোষ আছে।’

রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিকে ৩০ দিনে অন্তর্বর্তীকালীন ও ৭৫ দিনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

ফরাসউদ্দিন বলেন, ৭৫তম দিনেই তিনি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং কাজটি করতে সহযোগিতা পেয়েছেন বলে বাংলাদেশ ব্যাংককে তিনি ধন্যবাদ জানান।

কমিটির কর্মপরিধির মধ্যে ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে এই অর্থ কীভাবে ও কার বরাবর গেল, বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গোপন রাখার যৌক্তিকতা কী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ছিল কি না, অর্থ উদ্ধারের সম্ভাবনা কতটুকু, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় কী ইত্যাদি।

গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

রিজার্ভ চুরি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা

প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ, এর প্রধান উদ্দেশ্য অভ্যন্তরীণ সংস্কার। কারণ, আমাদের অনেক দোষ আছে

আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী

সুইফট দায় এড়াতে পারে না, তবে ভবিষ্যতে সমস্যার সমাধান সুইফটকে নিয়েই করতে হবে

মোহাম্মদ ফরাসউদ্দিন

সাবেক গভর্নর