কেবল আর্থিক সুবিধা কর্মী ধরে রাখতে যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজল (ছদ্মনাম) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে একটি বাণিজ্যিক ব্যাংকে যোগ দেন। এক বছর পর তিনি একটি বহুজাতিক ব্যাংকে যোগ দেন। সবকিছু ভালোই চলছিল, এর মধ্যে নতুন প্রতিষ্ঠিত একটি ব্যাংক উঁচু পদ ও বড় সুবিধার প্রস্তাব করে। আকর্ষণীয় হওয়ায় কাজল নতুন ব্যাংকে যোগ দেন। কিন্তু প্রস্তাব অনুসারে নতুন ব্যাংকটি তাঁকে পদ ও বেতন দিচ্ছে না। এতে স্বভাবতই তরুণ ব্যাংকার হতাশ হয়েছেন। কিন্তু না তিনি অন্য ব্যাংকে যেতে পারছেন, আবার ওই ব্যাংকেও কাজে মনোযোগ দিতে পারছেন না।
কাজলের এ সমস্যার কথাটি উঠে এসেছে বিআইবিএমের সাম্প্রতিক এক গবেষণায়। ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে চাকরি পরিবর্তনের ধারা ও অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক এ গবেষণাটি করেছেন বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক শাহ মোহাম্মদ আহসান হাবিবসহ মোট ছয়জন গবেষক। মোট ২৩টি বাণিজ্যিক ব্যাংকের উচ্চ, মধ্যম ও প্রাথমিক পর্যায়ের ২২৫ জন কর্মকর্তা এ গবেষণায় নিজেদের মতামত তুলে ধরেছেন। এর সঙ্গে যোগ করা হয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পর্যবেক্ষণ ও মতামত। প্রাথমিক তথ্য সংগ্রহের সময়কাল ছিল ২০০৯ থেকে ২০১৩।
গবেষণায় একটি ব্যাংক ছাড়ার পেছনে সাতটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—কম পারিশ্রমিক, বিকল্প চাকরির সুযোগ, কম আনুষঙ্গিক সুবিধা, পেশাগত উন্নতিতে বাধা, কর্তৃপক্ষের সঙ্গে খারাপ সম্পর্ক, কাজের অতিরিক্ত চাপ ও পারিবারিক চাপ। আর তুলনামূলক উচ্চ পারিশ্রমিক, অন্যান্য অতিরিক্ত সুবিধা, পেশাগত উন্নতির ভালো সুযোগ, কম চাপ—এই চারটি বিষয়কে নতুন ব্যাংকে যোগদানের প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
গবেষণার ফলাফল বলছে, শতকরা ৫৫ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের কর্মকর্তারা চাকরি ছাড়েন বেতন ও কম সুযোগ-সুবিধার কারণে। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের চাকরি ছাড়ার পেছনে বেতনের পাশাপাশি পদ ও সামাজিক মর্যাদা গুরুত্ব পায়।
একজন কর্মকর্তা চাকরি ছাড়লে একটি ব্যাংক চারটি বিষয়ে ক্ষতির সম্মুখীন হয়। এগুলো হলো—আর্থিক ক্ষতি, ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব, থেকে যাওয়া কর্মকর্তাদের অসন্তোষ ও নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারা।
গবেষণার পর্যবেক্ষণ বলছে, কর্মকর্তাদের ধরে রাখতে ব্যাংকগুলো উচ্চ পারিশ্রমিকের অস্ত্রটিকেই ব্যবহার করে। এ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে কর্মীদের সন্তুষ্ট রাখার প্রবণতা কম। একজন কর্মী চলে যাওয়ার সময় তিনি কেন চলে যাচ্ছেন, সেটা জানতে সাক্ষাৎকার বা ‘এক্সিট ইন্টারভিউ’ খুব কম ক্ষেত্রে নেওয়া হয়। নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের তিন থেকে পাঁচ বছরের জন্য বন্ড নেওয়াকে গবেষণায় ফলদায়ক মনে করা হয়নি। একজন কর্মীকে নিয়োগ দেওয়ার মোট খরচ তুলে আনতে প্রয়োজনীয় সময় বা ব্রেক ইভেন পয়েন্ট কত, সেটা পরিমাপের কোনো ব্যবস্থা ব্যাংকগুলোর নেই বলেও উঠে এসেছে গবেষণা পর্যবেক্ষণে।
এসব সমস্যা সমাধানে কয়েকটি বিষয়ে জোর দিতে সুপারিশ তুলে ধরা হয়েছে। ব্যাংক ও কর্মীদের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে কর্মীদের ব্যাংক ছেড়ে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে। কর্মী নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ন্যূনতম সমতা আনা, পদের শূন্যতা পূরণে কৌশলী হওয়া, পেশাগত উন্নয়নে পরামর্শ কেন্দ্র স্থাপন করার সুপারিশ করা হয়েছে।
গবেষণার সবশেষে বলা হয়েছে, ব্যাংকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক পরিবর্তনের প্রবণতাও বাড়ছে। এ প্রবণতাকে একটি সহনীয় পর্যায়ে রাখতে হলে ব্যাংকিং খাতের জন্য ‘কর্মস্থল পরিবর্তন বা এমপ্লয়ি টার্নওভারের’ একটি সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করতে হবে।