কেলেঙ্কারির পেছনে দলীয় লোক জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার ইব্রাহিম খালেদ
খোন্দকার ইব্রাহিম খালেদ
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, কেলেঙ্কারির হোতাদের বিচার না হওয়া, সংসদে অর্থমন্ত্রীর স্বীকারোক্তি এবং বড় গ্রাহকদের বিশেষ সুবিধা এখন আলোচনায়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন

প্রথম আলো: আপনি একবার এক সেমিনারে বলেছিলেন, ব্যাংকে যাঁরা তদবির করেন তাঁদের তালিকা প্রকাশ করতে। একটু যদি ব্যাখ্যা করতেন।
খোন্দকার ইব্রাহিম খালেদ: ব্যাংকের এমডি (ব্যবস্থাপনা পরিচালক), ডিএমডি (উপব্যবস্থাপনা পরিচালক), এমনকি চেয়ারম্যান-পরিচালকদের কাছেও ঋণের তদবির আসে। সুপারিশ বিষয়টাকে হালকাভাবে নেওয়া যায়। কিন্তু তদবিরের সঙ্গে জোর-জবরদস্তির সম্পর্ক থাকে।
একটা ঘটনা বলি। আমি তখন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান। তৎকালীন একজন মন্ত্রী একটি তদবির নিয়ে আসেন। পরে তাঁর স্ত্রীও তদবিরে নামেন। তখন

ছিল রমজান মাস। সেহ্রির সময়ও তাঁর স্ত্রী ফোন দিয়ে বিরক্ত করতেন। এখন অবশ্য তিনি মন্ত্রী নন। তদবিরকারীদের নাম কেউই প্রকাশ করেন না ভয়ে  ব্যাংকগুলো অন্তত অর্থমন্ত্রীকে বিষয়গুলো জানিয়ে রাখতে পারে—কার নামে কত টাকা ঋণের ব্যাপারে কে কে তদবির করছেন।

প্রথম আলো: ব্যাংকের লোকেরাও তো এগুলোর সঙ্গে জড়িত ...
খোন্দকার ইব্রাহিম খালেদ: এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। চেয়ারম্যান, এমডি, ডিএমডি—অনেকে নিজেরাই দুর্নীতিগ্রস্ত। সরকারি ব্যাংকে তা বেশি দেখা যায়। একটি কাজ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকে যে ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট আছে, তার আওতা কিন্তু অনেক বড়। খারাপ ঋণগুলোর নেপথ্য কারণগুলো নিয়ে এই ইউনিট কাজ করতে পারে। ইউনিটের একটি দল গোপনে তথ্য সংগ্রহ করল, দায়ীদের চিহ্নিত করল এবং পরে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাল। এই সময়ে দুটি কাজ হতে পারে। অর্থমন্ত্রী যদি এমডিদের বলে দেন তাঁর কাছে তদবিরবাজদের তথ্য পাঠাতে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরও যদি একইভাবে বলে দেন। প্রথম দিকে কাজটা কঠিন হতে পারে, তবে সম্ভব।

প্রথম আলো: অর্থমন্ত্রী সেদিন সংসদে বললেন, দলীয় লোকজনের কারণে হল-মার্কসহ ব্যাংক কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। অর্থমন্ত্রীর এখন কী করা উচিত? ক্ষুব্ধ থাকা, না সমর্থকদের নাম প্রকাশ করা?

খোন্দকার ইব্রাহিম খালেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আগেই বলেছেন আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে। তা সে যে-ই হোক। দলীয় লোক হলেও। আর অর্থমন্ত্রী সেদিন সংসদে বললেন, দলীয় লোকদের কারণে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এ দুই বক্তব্য সংঘাতপূর্ণ। সরকারের মধ্যেই দ্বৈত মতামত আমাদের দ্বিধাগ্রস্ত করে ফেলেছে। আমার মনে হয়, সুশাসনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহি একান্ত দরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য সুশাসনের পক্ষে। অর্থমন্ত্রী যদি অসুবিধায় পড়েন, তা তিনি প্রধানমন্ত্রীর কানে দিতে পারেন। পরিস্থিতি কঠিন হয়ে পড়লে কাদের জন্য ব্যবস্থা নিতে পারছেন না, তা তিনি প্রকাশ করে দিতে পারেন। এতে সামাজিকভাবে হলেও তাঁরা হেয় হবেন।
প্রথম আলো: আপনি যখন কেন্দ্রীয় ব্যাংকে ছিলেন, তখন এসব কীভাবে ঠেকাতেন? শুনতে পাই, আপনি সবার নাম ফাইলে লিখে রাখতেন।
খোন্দকার ইব্রাহিম খালেদ: হ্যাঁ। আমি কেন্দ্রীয় ব্যাংতে থাকতে বেশ কিছু শক্তিশালী লোক জোরপূর্বক সুবিধা নিতে চেয়েছিলেন। শাহ এ এম এস কিবরিয়া তখন অর্থমন্ত্রী। আর গভর্নর ছিলেন মোহাম্মদ ফরাসউদ্দিন। সবাই মিলে শুরুতেই আমরা জোর-জবরদস্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিই। ফলে, পরে আর কেউই অবৈধভাবে কিছু করার সাহস পেতেন না। পরে অবশ্য মওদুদ আহমদ যখন মন্ত্রী হলেন, নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে আইন লঙ্ঘন করে সোনালী ব্যাংকের পর্ষদে ঢুকিয়েছিলেন।
প্রথম আলো: হল-মার্ক, বিসমিল্লাহ, বেসিক ব্যাংক কেলেঙ্কারির দায় থেকে কি মুক্ত হওয়া সম্ভব বলে মনে করেন?
খোন্দকার ইব্রাহিম খালেদ: অর্থমন্ত্রীর বক্তব্য থেকেই কিছুটা পরিষ্কার হওয়া গেছে, কেলেঙ্কারির পেছনে দলীয় লোক জড়িত এবং মন্ত্রীকে তাঁরা আইনানুগ কাজ করতে দিচ্ছেন না। অর্থমন্ত্রীকেই তাঁরা কাজ করতে দেন না—এ থেকেই বোঝা যায়, তাঁরা কতটা শক্তিশালী। এখন উচিত হবে তাঁদের বিরুদ্ধে দলীয় শীর্ষ পর্যায়ের পদক্ষেপ। নইলে সরকারের যে অনেক সাফল্যের দিকও রয়েছে, সেগুলো ম্লান হয়ে যাবে। তাঁদের এসব কর্মকাণ্ড এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনার মতো।
প্রথম আলো: দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু সুশাসন কি হচ্ছে?
খোন্দকার ইব্রাহিম খালেদ: না, দেশে সুশাসনে ঘাটতি রয়েছে। এটা ঠিক যে পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিনির্ভর, যে কারণে দুর্নীতি হবেই। প্রশ্ন হচ্ছে, তার মাত্রা কত? দুর্নীতি হলেও উন্নয়ন হতে পারে। তবে সুশাসন না থাকলে সে উন্নয়ন বেশি দিন টেকে না।

সাক্ষাৎকারটি নিয়েছেন ফখরুল ইসলাম