কোমর ভেঙে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রুবেল,তসলিমা বেগম,আবদুল গিণ
আরাফাত রুবেল,তসলিমা বেগম,আবদুল গিণ

ছাত্র থাকতেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলেছিলেন আবদুল গণি। পড়াশোনার পাশাপাশি একটি মুঠোফোন কোম্পানির পরিবেশক হয়েছিলেন। এই কাজ করে পড়াশোনা শেষ হওয়ার ছয় বছরের মাথায় প্লাস্টিক উপকরণ তৈরির একটি কারখানা চালু করেন। কারখানা থেকে প্রতিদিন ৪০ হাজার প্লাস্টিকের বোতল উৎপাদন করতে পারেন। অবরোধ শুরুর পর থেকে তা সাত থেকে আট শয়ে নেমে এসেছে। কর্মচারীর বেতন, কারখানার ভাড়া, ঋণের সুদ—সবই এখন তাঁর গলা চেপে ধরেছে। গণির ভাষ্য, এভাবে আর এক সপ্তাহ চললে কোমর ভেঙে যাবে। তিনি আর ব্যবসায় উঠে দাঁড়াতে পারবেন না।

রাজশাহীতে তাঁর মতো তরুণ উদ্যোক্তারা সবাই এখন চোখে অন্ধকার দেখছেন। রাজশাহীর বিসিক এলাকায় গণির কারখানা। নাম এজি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। গত মঙ্গলবার তাঁর কারখানায় গিয়ে দেখা যায়, গুদামে মালামাল রাখার আর জায়গা নেই। উৎপাদিত মালে ঘর ভরে গিয়েছে। বিক্রি করতে পারেননি দেখে টানা ১০ দিন কারখানা বন্ধ ছিল। সেদিন (মঙ্গলবার) স্থানীয় কয়েকজন ক্রেতার চাহিদার জন্য কারখানা খোলা হয়।

আবদুল গণি জানান, বগুড়ায় যেখানে তিন হাজার টাকায় এক গাড়ি মাল পাঠাতেন, এখন সেখানে গাড়ি ভাড়া লাগছে ১২ থেকে ১৫ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জে একটি ছোট গাড়ি ২ হাজার ২০০ টাকায় পাঠাতেন। এখন তারা ৫ হাজার ৫০০ টাকা ভাড়া চেয়ে বসছে। অবরোধের কারণে একটি বোতলও পাঠাতে পারেননি। স্থানীয় ক্রেতারা কিছু কিছু বোতল নিচ্ছিলেন, এখন তাঁরাও কমিয়ে দিচ্ছেন। কারণ, তাঁরাও তাঁদের পণ্য বাইরে পাঠাতে পারছেন না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করে কোনো চাকরি খোঁজেননি আরাফাত রুবেল। ছাত্র অবস্থাতেই তিনি বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র তৈরি করতেন। এসব পণ্যের প্রদর্শনী করতেন। এভাবে তিনি নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। তিনি ম্যালামাইন বোর্ডের পরিবেশক। তাঁর প্রতিষ্ঠানের নাম সওদাগর হার্ডওয়্যার। শহরে তাঁর তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে। তাঁর কারখানা ও বিক্রয়কেন্দ্রে অর্ধশতাধিক কর্মচারী রয়েছেন। তাঁর সাফল্য দেখে বেসরকারি ব্যাংকগুলোও তাঁকে ঋণ দিয়েছে। অবরোধ শুরু হওয়ার পর বড় ব্যবসা তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আরাফাত জানান, কর্মচারীদের বসিয়ে রেখে তাঁদের বেতনের বোঝা টানতে হচ্ছে। ব্যাংকঋণের সুদ হচ্ছে, কিন্তু মাল বিক্রি করতে পারছেন না। যাঁরা তাঁর পাইকারি ক্রেতা, তাঁরা মাল নিতে আসতে পারছেন না। আবার ঢাকা থেকেও বোর্ড আসছে না। তিনি আরও জানান, অবরোধ না হলে ঢাকা থেকে তাঁর অন্তত ২৫টি ট্রাক বোর্ড আসত। সেখানে মাত্র চার ট্রাক এসেছে। একটি ট্রাক থেমে থেমে ঢাকা থেকে রাজশাহী আসতে চার থেকে পাঁচ দিন সময় নিচ্ছে। বিক্রিও একই হারে কমে গিয়েছে। এই সময় অন্তত তাঁর ২০ ট্রাক মাল বিক্রি হতো। সেখানে চার ট্রাক মাল বিক্রি করতে পেরেছেন।

রাজশাহীতে এবার জয়ীতা নির্বাচিত হয়েছেন পবা উপজেলার বিরস্তইল গ্রামের গৃহবধূ তসলিমা বেগম। একটি সেলাই মেশিন থেকে শুরু করে তিনি নিজের বাড়িতে একটি পোশাক কারখানা গড়ে তুলেছেন। অবরোধের কারণে গত আট দিন থেকে তিনি তাঁর কারখানা বন্ধ করে দিয়েছেন। তসলিমা বলেন, তাঁর তৈরি মাল আর বিক্রি করতে পারছেন না। যে দোকানে আগে ২০ হাজার টাকার মাল বিক্রি হতো, সেখানে এখন তিন-চার শ টাকার মালই বিক্রি হচ্ছে না। কোনো উপায় না দেখে কারখানা বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন