কোম্পানির করহারে বড় ব্যবধান চাই
বাজেটে আমরা প্রায়ই দেখি বিভিন্ন খাতে কর ছাড়ের সুবিধা দেওয়া হয়। শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট একজন হিসেবে আমি চাই, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহারের মধ্যে যেন একটা উল্লেখযোগ্য ব্যবধান থাকে। যাতে নতুন নতুন ও ভালো কোম্পানি কর ছাড়ের সুবিধা নিতে শেয়ারবাজারে আসতে আগ্রহী হয়। তবে এ সুযোগে খারাপ কোনো কোম্পানি যাতে বাজারে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে। বর্তমানে আমরা যে সময়ে আছি, তাতে ভবিষ্যতে যেকোনো ব্যবসার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। শেয়ারবাজারে ব্যবসার ক্ষেত্রে আগামী দিনে আমাদের নিজস্ব ওএমএস সেবা চালু করতে হবে। তাতে একেকটি ব্রোকারেজ হাউসের ১০ থেকে ১২ কোটি টাকার বেশি বিনিয়োগ লাগবে। এ সেবার বিপরীতে যে ভ্যাট নির্ধারিত আছে, তাতে প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী হবেন না অনেকে।
তাই এ খাতে সরকারের উচিত ভ্যাট কমানো। অনেক দিন ধরেই আমরা সরকারি লাভজনক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির কথা শুনে আসছি। কিন্তু সেটির কার্যকারিতা দেখছি না। এবারের বাজেটে সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার সুনির্দিষ্ট ঘোষণা থাকবে বলে আশা করছি। পাশাপাশি আমার প্রত্যাশা, শেয়ারবাজারের লেনদেনের ওপর যে কর রয়েছে, সেটি কমানো এবং লভ্যাংশের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার করা হবে।