ক্রেডিট কার্ড দৈনন্দিন জীবনের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে কার্ড-ভিত্তিক ব্যাংকিংয়ে যেসব ব্যাংক এগিয়ে আছে, তার অন্যতম বেসরকারি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে মানুষকে উৎসাহী করতে অনেক উদ্ভাবনী নতুন সেবার প্রচলন করেছে ব্যাংকটি। দেশে ক্রেডিট কার্ডের ব্যবসার হাল, কার্ড ব্যবহারে সুবিধা-অসুবিধা, গ্রাহক, নীতিনির্ধারকদের করণীয় নিয়ে প্রথমআলোর সঙ্গে কথা বলেছেন ইবিএলের হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম
নাজিম আনোয়ার চৌধুরী
নাজিম আনোয়ার চৌধুরী

প্রথম আলো: বাংলাদেশে কার্ড ব্যবসা কেমন চলছে?

নাজিম আনোয়ার চৌধুরী: ক্রেডিট কার্ড একসময় শখের জিনিস ছিল। ডেবিট কার্ড ব্যবহৃত হতো এটিএম থেকে টাকা তুলতে। ক্রেডিট কার্ডকে কার্ড হিসেবে মনে করা হতো না। সে সময় পার হয়ে এসেছি আমরা। এখন কার্ড আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখনকার ব্যবসার কথা যদি বলি তাহলে বলা যায়, আমরা ধারাবাহিকভাবে ভালো করছি কিন্তু এর চেয়ে বহুগুণ ভালো করা সম্ভব ছিল। বিদেশে ক্রেডিট কার্ড ছাড়া চলতেই পারবেন না আপনি। কার্ড এখন মানুষের পরিচয়ের অংশ। আমি মনে করি, আস্তে আস্তে এমন ধারা চালু হওয়া উচিত। অর্থনৈতিক স্বচ্ছতা আনতে এর বিকল্প খুব বেশি নেই। সব ব্যাংক চেষ্টা করছে কার্ডের ব্যবহার বাড়ানোর জন্য। বাংলাদেশ ব্যাংকও আমাদের নীতি-সহায়তা দিয়ে যাচ্ছে। এককথায় বলতে গেলে আমরা সঠিক পথেই আছি, শুধু গতিটা একটু বাড়ানো দরকার। বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকের এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, কারণ তাদের গ্রাহকসংখ্যা সবচেয়ে বেশি।

প্রথম আলো: একজন গ্রাহক কেন ইবিএলের কার্ড নেবেন?

নাজিম আনোয়ার চৌধুরী: বাংলাদেশে এখন ৪০টি ব্যাংকের কার্ড সেবা আছে। বিনা মূল্যে খাওয়াদাওয়া, মূল্যছাড়ের মতো কিছু সুবিধা ছাড়া সব কার্ডই এক রকম, তেমন কোনো পার্থক্য নেই। তাহলে একজন গ্রাহক কী দেখে ঠিক করবেন কার কার্ড নেওয়া উচিত? এককথায় এর উত্তর হলো, গ্রাহকসেবা। ঠিক এই জায়গায় ইবিএল ভালো করছে। কার্ড একটা প্রযুক্তিভিত্তিক পণ্য আর এ ধরনের যেকোনো পণ্যেই সমস্যা হতে পারে। ইবিএলে আমরা চেষ্টা করি যাতে গ্রাহককে কার্ড নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। দুর্ভাগ্যজনকভাবে যদি গ্রাহক সমস্যায় পড়েই যান, তাহলে তা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। ইবিএল কার্ড ব্যবসাকে খুবই গুরুত্ব দেয়। আমরা কার্ড নিয়ে সব সময় নতুন কিছু না কিছু করছি, নতুন গ্রাহক তৈরি করছি। এসব কারণে আমাদের ব্যবহারকারীরা সব সময় সবশেষ সুবিধার ও নিরাপদ প্রযুক্তির কার্ড ব্যবহার করেন।

প্রথম আলো: গ্রাহকদের বাড়তি কী দিচ্ছেন?

নাজিম আনোয়ার চৌধুরী: বাংলাদেশে এখন পর্যন্ত কার্ডে যত ধরনের সুবিধা দেওয়া হয়েছে, তার সবই আমাদের কার্ডে আছে। এর মধ্যে অনেক সুবিধা আমরাই প্রথম নিয়ে এসেছি। আমাদের সবচেয়ে ভালো সুবিধার একটি হলো বছরে ১৮ বার ব্যবহার করলে ক্রেডিট কার্ডে কোনো নবায়ন ফি দিতে হয় না। যিনি নিয়মিত কার্ড ব্যবহার করেন, তাঁর জন্য এর থেকে ভালো আর কিছু নেই। আমাদের সুদ আদায় নীতিও সবচেয়ে ভালো। যখনই লেনদেন করেন না কেন কমপক্ষে ১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত বিনা সুদের সময়সীমা আপনি অবশ্যই পাবেন।

প্রথম আলো: কার্ড ব্যবহারে আমাদের এখানে সমস্যাগুলো কী?

নাজিম আনোয়ার চৌধুরী: আমাদের দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে টিআইএন অবশ্যই থাকতে হয়। আমাদের দেশে করদাতার সংখ্যা আমরা ভালোভাবেই জানি, এ কারণে ক্রেডিট কার্ডের প্রবৃদ্ধি খুবই কম। আমাদের প্রতিবেশী অনেক দেশেই কিন্তু এমন কোনো নিয়ম নেই। এর ফলে ওই সব দেশে আয় করা জনগোষ্ঠীর একটি বড় অংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কার্ড ব্যবহার করলে অর্থ ছাড়সহ নানা সুবিধা পাওয়া যায়, আবার নগদ অর্থ ব্যবহারে নির্ভরতা কমে যায়। সরকারও এখান থেকে বাড়তি কর পাচ্ছে। আমাদের নীতিনির্ধারকদের এ বিষয়ে একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ এর মাধ্যমে অনেক বেশি লোককে ব্যাংকিং মাধ্যমে লেনদেনের আওতায় নিয়ে আসা সম্ভব। একইভাবে কার্ড ব্যবহারকারীদেরও আরেকটু এগিয়ে আসা উচিত। কার্ড থাকলে সেটাই ব্যবহার করা উচিত। অনলাইন প্রতারণা নিয়ে একটা ভীতি আছে আমাদের। সচেতনতা ও নির্দেশনার মাধ্যমে আমাদের এসব সমস্যা কাটিয়ে উঠতে হবে।

প্রথম আলো: নতুন একজন গ্রাহকের জন্য আপনার পরামর্শ কী?

নাজিম আনোয়ার চৌধুরী: ক্রেডিট কার্ডের ব্যবহার একটা অভ্যাসের মতো। অভ্যাস যেমন ভালো-খারাপ দুটোই হয়, ক্রেডিট কার্ড নিয়ে আপনার অভিজ্ঞতা একই হতে পারে। যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এই কার্ড হতে পারে অর্থনৈতিক ক্ষমতায়নের একটি উৎস। আর আয়ের চেয়ে বেশি ব্যয় করে ফেললে তার ধাক্কা সামলানো খুবই কষ্টকর। তাই হিসাব করে খরচ করুন আর নিয়মিত কার্ডের বিল ব্যাংকে পরিশোধ করুন।