মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ধর্মঘট পালন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের আচরণে আমি সত্যিই হতাশ।’
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ট্যাক্স গাইড ২০১৬-১৭-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি এ ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং সদস্য পারভেজ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা এক দিন দোকান বন্ধ করলেন। দাবি পূরণ না হলে আরেক দিন তাঁরা দোকান বন্ধ করবেন। তাঁদের দাবিটা কী? দাবিটা হচ্ছে তাঁরা মূসক দেবেন না। এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। মূসক থাকবে। কারণ, সারা পৃথিবীতে এটাই সেরা করব্যবস্থা।
২ নভেম্বর প্যাকেজ মূসক বহালের দাবিতে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন এবং ২০ নভেম্বরের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন।
মোড়ক উন্মোচনের আগে ঢাকা চেম্বারের সহসভাপতি খন্দকার আতিক-ই-রাব্বানি বলেন, দেশে কালো অর্থনীতির (গ্রে ইকোনমি) আকার বড় হওয়া ঠেকাতে করবিষয়ক আইনকানুনের সংস্কার করতে হবে।
প্যাকেজ মূসকের পরিমাণ ১৪ হাজার টাকা থেকে ২৮ হাজার টাকা হয়ে গেছে উল্লেখ করে চেম্বারের পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান বলেন, ‘মূসকের পরিমাণ যুক্তিসংগত করলে আমরা দিতে পারব।’ চলমান আন্দোলনের সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিসিসিআইয়ের পরিচালক আলাউদ্দিন মালিক বলেন, যাঁরা কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন করেন, তাঁদের কাছ থেকে সরকার আমদানি, উৎপাদন, পাইকার ও খুচরা—এই চার পর্যায়ে মূসক নেয়। কিন্তু তৈরি পণ্য আমদানিকারকদের কাছ থেকে নেয় দুই পর্যায়ে। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে অন্তত উৎপাদন পর্যায়ে মূসকের মওকুফ দরকার।
ঢাকা চেম্বার জানায়, দেশের মোট ৭৭ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর প্যাকেজ মূসক দেওয়ার নিবন্ধন রয়েছে এবং তাঁদের মধ্যে ১১ হাজার ব্যবসায়ী মূসক দেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ ৭৭ হাজার জনের কাছ থেকেই মূসক আদায় করে দেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন।
ডিসিসিআইয়ের পরিচালক আলাউদ্দিন মালিকের কাছে অনুষ্ঠানেই অর্থমন্ত্রী জানতে চান ৭৭ হাজার জনের কাছ থেকে কত সময়ের মধ্যে মূসক আদায় করে দেওয়া সম্ভব। জবাবে তিনি অর্থমন্ত্রীকে বলেন, ‘মাতলুব ভাই সময়ের কথা কিছু বলেননি। তবে আদায় করে দেওয়া যাবে। কীভাবে যাবে, আপনি আরেক দিন সময় দিলে আমরা বুঝিয়ে দিতে পারব।’
এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী। নজিবুর রহমান বলেন, ‘মূসক নিয়ে আমরা কাজ করছি। ব্যবসায়ীদের নিবন্ধন করতে মূসক অনলাইন সফটওয়্যার করা হয়েছে। আর আমরা বেশি জোর দিচ্ছি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহারে।’
চারবার মূসক দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ঠিকমতো হিসাব না রাখার কারণে এটা ৬০ শতাংশ হয়ে যায়। হিসাব রাখলে ১৫ শতাংশই হবে।